পটুয়াখালীতে দৈনিক প্রথম আলোর উদ্যোগে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৭-১০-২০২৬ ০৩:২৩:৫৯ অপরাহ্ন
আপডেট সময় :
০৭-১০-২০২৬ ০৩:২৩:৫৯ অপরাহ্ন
পটুয়াখালী জেলার এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অদ্য ৭ অক্টোবর সকাল ১০টায় পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
'স্বপ্ন দেখো জীবন গড়ো’ এই স্লোগান নিয়ে জাতীয় দৈনিক প্রথম আলোর উদ্যোগে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষতায় এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.এস.এম হেমায়েত জাহান।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন,"মেধার সাথে যখন পরিশ্রমকে যুক্ত করে তখন সে ভালো ছাত্র হিসেবে গন্য হয়।তোমাদের এই কৃতিত্ব শুধু তোমাদের একার নয়।এর পেছনে রয়েছে তোমাদের বাবা মায়ের বছরের পর বছর ধরে করা অসীম ত্যাগ, ভালবাসা এবং শিক্ষকদের সার্বিক নির্দেশনা। তোমরা ভালো ফলাফল করেছ,তার মানে তোমাদের মধ্যে সম্ভাবনা আছে।
প্রকৃত মেধার পরিচয় মিলবে তখনই যখন এই মেধাকে তোমরা দেশের কল্যানে, মানুষের কল্যানে কাজে লাগাতে পারবে।আজকের এ প্রতিযোগিতার যুগে শুধু সনাতন পড়াশুনা দিয়ে টিকে থাকা কঠিন। তোমাকে তথ্যপ্রযুক্তিতে দক্ষ করে তুলতে হবে।তোমারা বিজ্ঞান, মানবিক কিংবা ব্যবসায় শিক্ষা যে বিভাগেই পড়াশুনা কর না কেন, তোমাদের চিন্তাভাবনা হতে হবে বৈশ্বিক ও আধুনিক।
শিক্ষার্থীদের শুধু মেধাবী নয়, ভালো মানুষ হওয়ার চেষ্টাও করতে হবে। একটি জাতির জন্য দক্ষ ও ভালো মানুষ খুবই প্রয়োজন। এমন আয়োজনের জন্য তিনি প্রথম আলোকে ধন্যবাদ জানিয়ে বলেন, "প্রথম আলো বন্ধুসভা যেমন একদিকে পড়াশোনা ও মেধার মূল্যায়ন করে অন্যদিকে তারা বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে।প্রথম আলো বন্ধুসভার পটুয়াখালী সভাপতি মরিয়ম আক্তার মুক্তা এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রথম আলো পটুয়াখালী জেলা সংবাদদাতা বিলাস দাস।
বক্তব্য রাখেন বন্ধুসভার উপদেষ্টা কবি ও সাহিত্যিক আনোয়ার হোসেন বাদল ও কয়েকজন মেধাবী শিক্ষার্থী।অনুষ্ঠান সঞ্চালনা করেন আহম্মেদ কাওসার ও সুস্মিতা মন্ডল। এ অনুষ্ঠানে ২৫৭ জন মেধাবীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।অনুষ্ঠান শেষে কবি ও সাহিত্যিক আনোয়ার হোসেন বাদল তার সম্পাদিত "আড়শি নগরের পড়শি" গ্রন্থটি প্রধান
অতিথির হাতে তুলে দেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের সিনিয়র ডেপুটি ডিরেক্টর মো: মাহফুজুর রহমান সবুজ, উপাচার্য কার্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ড. রাহাত মাহমুদ, পটুয়াখালী জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,আমন্ত্রিত অতিথি ও সাংবাদিকবৃন্দ।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স