ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবসে র‍্যালি ও আলোচনা সভা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৮-১০-২০২৬ ০৬:৪৩:৩৭ অপরাহ্ন
আপডেট সময় : ০৮-১০-২০২৬ ০৬:৪৩:৩৭ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবসে র‍্যালি ও আলোচনা সভা
মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি ‘বিশ্বের মোট দৃষ্টিশক্তি হ্রাসের ৯০ শতাংশই সুচিকিৎসার মাধ্যমে প্রতিরোধ সম্ভব’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালে বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি, চাঁপাইনবাবগঞ্জ শাখার উদ্যোগে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল। প্রধান অতিথির বক্তব্যে মো. নূরুল ইসলাম বুলবুল বলেন, চোখ মানুষের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। দৃষ্টিশক্তি হারানোর অনেক কারণই সময়মতো চিকিৎসা ও প্রয়োজনীয় সচেতনতার মাধ্যমে প্রতিরোধ করা সম্ভব। তাই চোখের যেকোনো সমস্যাকে অবহেলা না করে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। পাশাপাশি দরিদ্র ও অসহায় মানুষের জন্য চোখের চিকিৎসাসেবা আরও সহজলভ্য করতে সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি আরও বলেন, অন্ধত্ব প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি আধুনিক চিকিৎসাসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া প্রয়োজন। এ ক্ষেত্রে বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতিসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি, চাঁপাইনবাবগঞ্জ শাখার কার্যনির্বাহী সদস্য মোহাঃ নজরুল ইসলাম, আব্দুল হাকিম, মোস্তাফিজুর রহমান মুকুল, আব্দুল খালিদ, আব্দুল হান্নান, বাদল আলীসহ সমিতির অন্যান্য সদস্য, স্থানীয় চিকিৎসক, গণ্যমান্য ব্যক্তি ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা চোখের স্বাস্থ্য সুরক্ষা, অন্ধত্ব প্রতিরোধ এবং দৃষ্টিশক্তি হ্রাসের বিভিন্ন কারণ সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে চোখের সমস্যা দেখা দিলে বিলম্ব না করে যথাসময়ে চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিল অ্যারিস্টোভিশন, পপুলার ফার্মাসিউটিক্যালস পিএলসি, হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং ইউনিডো ফার্মাসিউটিক্যাল লিমিটেড।


নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ