ঢাকা , সোমবার, ১২ অক্টোবর ২০২৬ , ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিমানবন্দরে বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১২-১০-২০২৬ ০১:৫৮:৩৩ অপরাহ্ন
আপডেট সময় : ১২-১০-২০২৬ ০১:৫৮:৩৩ অপরাহ্ন
বিমানবন্দরে বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা



মালয়েশিয়ায় অনুষ্ঠিত ৬৬তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার হিফজুল কোরআন বিভাগে প্রথম স্থান অর্জনকারী বাংলাদেশের ইহতেশামুল হক হিরাকে উষ্ণ সংবর্ধনা দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।


সোমবার দুপুর ১২টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (ভারপ্রাপ্ত সচিব) এ এইচ এম কামরুজ্জামান আহমেদ এবং যুগ্ম সচিব আরিফুল ইসলাম উপস্থিত থেকে বিশ্বজয়ী হাফেজকে ফুল দিয়ে স্বাগত জানান। এ সময় হিরার সঙ্গে উপস্থিত ছিলেন তার শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকার মিরপুর-১-এর মারকাযু ফয়জিল কোরআন আল ইসলামীর প্রতিষ্ঠাতা ও পরিচালক মুফতি মাসুম ফয়েজী।

গত ৬ থেকে ১০ অক্টোবর মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত হয় ৬৬তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা ২০২৬। বিশ্বের শতাধিক দেশের প্রতিযোগীদের অংশগ্রহণে আয়োজিত এই প্রতিযোগিতায় কয়েক ধাপের বাছাই শেষে ৩৮টি দেশের প্রতিনিধি চূড়ান্ত পর্বে প্রতিদ্বন্দ্বিতা করেন। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ আয়োজনে হিফজুল কোরআন বিভাগে বিশ্বসেরা হওয়ার গৌরব অর্জন করেন বাংলাদেশের হাফেজ ইহতেশামুল হক হিরা।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এই আন্তর্জাতিক প্রতিযোগিতার উদ্বোধন করেছিলেন। পরবর্তীতে জমকালো সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেন দেশটির ধর্মবিষয়ক মন্ত্রী ড. জুলকিফলি হাসান।

বিশ্বমঞ্চে প্রথম স্থান অর্জনের স্বীকৃতিস্বরূপ হাফেজ হিরাকে নগদ ৪০ হাজার মালয়েশিয়ান রিঙ্গিত, দৃষ্টিনন্দন সম্মাননা ট্রফি, ৫ হাজার রিঙ্গিত মূল্যের ওমরাহ প্যাকেজ ও ৩ হাজার রিঙ্গিত মূল্যের স্বর্ণের বার প্রদান করা হয়।


নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ