এলপি গ্যাস বাজারজাতকরণের নানা সমস্যা নিরসনে সংবাদ সম্মেলন: ৭ দফা দাবি পেশ।
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৩-১০-২০২৬ ১১:২০:১৪ পূর্বাহ্ন
আপডেট সময় :
১৩-১০-২০২৬ ১১:২০:১৪ পূর্বাহ্ন
বিশেষ প্রতিনিধি :
মোঃ নূরুল ইসলাম খোকন।
১২ অক্টোবর ২০২৬
আজ ১২ই অক্টোবর ২০২৬, সোমবার জাতীয় প্রেস ক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এলপি গ্যাস বাজারজাতকরণ প্রক্রিয়ায় বিদ্যমান বিভিন্ন সমস্যা সমাধানকল্পে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে দেশের বিভিন্ন জেলা থেকে আগত এলপি গ্যাস ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন।
সংবাদ সম্মেলনে ব্যবসায়ীদের বিভিন্ন যৌক্তিক দাবিসমূহ তুলে ধরা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশবান্ধব, ব্যবসায়ীবান্ধব এবং ভোক্তাবান্ধব নগর বিনির্মাণে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।
সংবাদ সম্মেলনে উত্থাপিত ৭ দফা দাবিসমূহ হলো:
১. জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, লাইসেন্স ফি বৃদ্ধি, লোড-আনলোড, অলস সিলিন্ডারের লোকসানজনিত খরচসহ যাবতীয় সকল ধরণের খরচ বৃদ্ধির কারণে বিইআরসি (BERC) কর্তৃক বরাদ্দকৃত কমিশন ৫০ টাকা থেকে বাড়িয়ে ১৫০ টাকা অথবা ৭%-এ উন্নীত করতে হবে।
২. কোম্পানি মাসে একাধিকবার মূল্য সমন্বয় করলে তা অবশ্যই বিইআরসি কর্তৃক আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে করতে হবে।
৩. যে সকল কোম্পানি দীর্ঘদিন যাবত গ্যাস সরবরাহ করতে পারছে না, সে সকল কোম্পানির সিলিন্ডার সরকারিভাবে অথবা অন্য কোম্পানির মাধ্যমে রিফিল করার ব্যবস্থা করতে হবে।
৪. কোম্পানি কর্তৃক চালানে অবশ্যই অরিজিনাল মূল্য উল্লেখ থাকতে হবে।
৫. যে সকল কোম্পানি পরিবেশকের গোডাউনে গ্যাস পৌঁছে দিচ্ছে না, সেক্ষেত্রে ন্যায্য গাড়ি ভাড়া প্রদান করতে হবে।
৬. গ্যাস সিলিন্ডার বহনকৃত পিকআপ অথবা ট্রাকে সকল কাগজপত্র ঠিক থাকা সত্ত্বেও শুধুমাত্র রেলিং ইস্যুতে ট্রাফিক পুলিশ কর্তৃক মামলা দেওয়া বন্ধ করতে হবে।
৭. ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক অনৈতিক ও অযৌক্তিক জরিমানা আরোপ করা অবিলম্বে বন্ধ করতে হবে।
সংবাদ সম্মেলনে ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সভাপতি জনাব কাওছার আহমেদ (শেখ ফরিদ) তাঁর বক্তব্যে বলেন, "আমরা কারও বিরুদ্ধে আন্দোলন বা সংঘাত করতে আসিনি। সরকারের কাছে আমাদের বিনীত অনুরোধ—আমাদের দাবিগুলো যদি যৌক্তিক মনে হয়, তবে তা মেনে নিয়ে ব্যবসায়ী ও ভোক্তা সাধারণকে স্বস্তি দিন।" তিনি আরও যোগ করেন, সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্বের সকল যৌক্তিক দাবির সাথে তিনি ও তাঁর জেলা কমিটি পূর্ণ একমত প্রকাশ করছেন। একই সাথে আগামী দিনের যে কোনো কেন্দ্রঘোষিত কর্মসূচিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার ব্যবসায়ীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন বলে তিনি দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
সংবাদ সম্মেলন থেকে বক্তারা দ্রুত সময়ের মধ্যে এসব দাবি মেনে নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সরকারের নিকট জোর দাবি জানান।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স