ঢাকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ , ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আমিরাতে কর্মসংস্থানের নতুন দুয়ার খুলতে মাহ্দী আমিনের বৈঠক

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৩-১০-২০২৬ ০২:৫৫:০২ অপরাহ্ন
আপডেট সময় : ১৩-১০-২০২৬ ০২:৫৫:০২ অপরাহ্ন
আমিরাতে কর্মসংস্থানের নতুন দুয়ার খুলতে মাহ্দী আমিনের বৈঠক




সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি কর্মীদের জন্য শ্রমবাজার সম্প্রসারণ, ট্যাক্সি ও ট্রাকড্রাইভার হিসেবে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং দক্ষ শ্রমিক পাঠানোর ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন। একই সঙ্গে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, অবকাঠামো ও শিল্প খাতে সহযোগিতা বাড়িয়ে অর্থনৈতিক অংশীদারত্ব আরও গতিশীল করার বিষয়ে আলোচনা হয়েছে।


মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢাকায় নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হুমুদির সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং মুসলিম ভ্রাতৃত্বের গভীর বন্ধন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্ক সুসংহত হওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে স্মরণ করা হয়।

এ সময় সম্প্রতি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের শীর্ষ বৈঠকের প্রসঙ্গ উঠে আসে। ওই আলোচনার ধারাবাহিকতায় দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়া, দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি শ্রমবাজার সম্প্রসারণের বিষয়ে ফলপ্রসূ আলোচনা করা হয়।

বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি কর্মীদের জন্য ট্যাক্সি ও ট্রাকচালক হিসেবে কাজের সুযোগ সৃষ্টি এবং সেখানে আরও বেশি দক্ষ জনশক্তি পাঠানোর ওপর জোর দেওয়া হয়। এর মাধ্যমে বাংলাদেশের জনশক্তি রপ্তানির সুযোগ সম্প্রসারণ এবং দুই দেশের পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় করার সম্ভাবনা নিয়ে কথা হয়।

বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি এবং বাংলাদেশে সংযুক্ত আরব আমিরাতের বিনিয়োগ বাড়ানোর বিষয়েও আলোচনা করা হয়। পাশাপাশি জ্বালানি খাতে সহযোগিতা জোরদার, অবকাঠামো উন্নয়ন এবং শিল্প খাতে নতুন বিনিয়োগ ও সহযোগিতার সম্ভাবনা নিয়ে মতবিনিময় করা হয়।

পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট এসব খাতে বিদ্যমান সম্ভাবনাকে কাজে লাগিয়ে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের অর্থনৈতিক অংশীদারত্বকে আরও গতিশীল, কার্যকর ও ফলপ্রসূ করার ওপর জোর দেওয়া হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ