১৯২ নগর স্বাস্থ্যকেন্দ্র পরিচালনায় ৪১ কোটি টাকা চায় স্বাস্থ্যসেবা বিভাগ
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৫-১০-২০২৬ ০১:৩০:১২ অপরাহ্ন
আপডেট সময় :
১৫-১০-২০২৬ ০১:৩০:১২ অপরাহ্ন
দেশের ১২টি সিটি করপোরেশন ও ২৩টি পৌরসভার অধীন ১৯২টি আরবান প্রাইমারি হেলথকেয়ার সেন্টার পরিচালনায় ৪১ কোটি ৩৮ লাখ ৫০ হাজার ৬ টাকা বরাদ্দ চেয়েছে স্বাস্থ্যসেবা বিভাগ। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম নয় মাসে এসব স্বাস্থ্যকেন্দ্রের পরিচালন ব্যয় মেটাতে এ অর্থ চাওয়া হয়েছে
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের বাজেট-১ শাখা থেকে গত ১২ অক্টোবর অর্থ বিভাগের সচিবের কাছে পাঠানো এক চিঠিতে এ বরাদ্দ চাওয়া হয়। চিঠিতে স্বাক্ষর করেছেন বিভাগের সিনিয়র সহকারী সচিব সুশীল কুমার পাল।
চিঠি সূত্রে জানা গেছে, মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার বিভাগের অধীন পরিচালিত ১২টি সিটি করপোরেশন ও ২৩টি পৌরসভার ১৯২টি আরবান প্রাইমারি হেলথকেয়ার সেন্টার স্বাস্থ্যসেবা বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট সিভিল সার্জনদের মাধ্যমে এসব কেন্দ্র বুঝে নিয়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।
স্বাস্থ্যকেন্দ্রগুলোর কর্মীদের বেতন-ভাতা, ওষুধ, চিকিৎসা ও শল্যচিকিৎসা সরঞ্জাম সরবরাহ এবং প্রশাসনিক ব্যয় নির্বাহে এ অর্থ ব্যয় করা হবে। এ জন্য ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০২৭ সালের ৩১ মার্চ পর্যন্ত নয় মাসের সম্ভাব্য পরিচালন ব্যয়ের হিসাব করে বরাদ্দ চাওয়া হয়েছে।
চিঠিতে স্বাস্থ্য অধিদপ্তরের প্রধান কার্যালয়ের অনুকূলে প্রাতিষ্ঠানিক কোড সৃষ্টির পাশাপাশি প্রয়োজনীয় বাজেট বরাদ্দ দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। বরাদ্দ করা অর্থ সংশ্লিষ্ট সিভিল সার্জনদের অনুকূলে অথরাইজেশনের মাধ্যমে ন্যস্ত করার পরিকল্পনার কথাও উল্লেখ করা হয়েছে।
এ অবস্থায় ১৯২টি নগর স্বাস্থ্যকেন্দ্রের পরিচালন ব্যয় নির্বাহে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের জন্য অর্থ বিভাগের সচিবকে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে স্বাস্থ্যসেবা বিভাগ।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স