ফ্যাসিস্ট সরকার বৃক্ষরোপণ করেনি, গাছ কেটে সাবাড় করেছে : এমপি নিলোফার মনি
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৫-১০-২০২৬ ০৪:২৫:২১ অপরাহ্ন
আপডেট সময় :
১৫-১০-২০২৬ ০৪:২৫:২১ অপরাহ্ন
বিএনপির স্বনির্ভরতা বিষয়ক সহ-সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি বলেছেন, ‘বাংলাদেশ ছোট্ট একটা দেশ। এই দেশে এমনিতেই অনেক সমস্যা। তার মধ্যে বিগত যে ফ্যাসিস্ট সরকার ছিল, তারা তো বৃক্ষরোপণ করেনি। যতগুলো গাছ ছিল, সেগুলো কেটে সাবাড় করে দিয়েছে। মাইলের পর মাইল তারা কেটে সাবাড় করে দিয়েছে।’
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে জামালপুর শহরের বাঘেরহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তিন শতাধিক ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বক্তব্যে আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে নিলোফার চৌধুরী মনি বলেন, গাছের অভাবে দেশের মানুষকে নানা ধরনের সমস্যার মুখে পড়তে হচ্ছে। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। গাছ না থাকায় পরিবেশের স্বাভাবিক ভারসাম্য নষ্ট হচ্ছে, যার প্রভাব পড়ছে মানুষের জীবনযাত্রায়।
তিনি বলেন, ‘এই বৃক্ষ না থাকার জন্য, সবুজ-সবুজায়ন না থাকার জন্য বাংলাদেশের মানুষ অনেক বেশি কষ্ট করছে। দেখেন, এখন এই মুহূর্তে শীতের প্রকোপ নেমেছে। শীত সামলাতে হচ্ছে। তার পরও যে গরমটা, সেটাও কিন্তু আমাদের বৃক্ষের অভাবের জন্য।’
নিলোফার চৌধুরী মনি আরও বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের গুরুত্ব অপরিসীম। সুন্দরবনের ওপর দিয়ে ঘূর্ণিঝড় বয়ে যাওয়ার উদাহরণ তুলে ধরে তিনি বলেন, গাছপালা প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দেশে পর্যাপ্ত গাছ থাকলে প্রাকৃতিক দুর্যোগের প্রভাব অনেকটাই কমানো সম্ভব।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্য নিয়ে কাজ করা হচ্ছে। এ লক্ষ্য বাস্তবায়নে সারা দেশে বৃক্ষরোপণ কার্যক্রম জোরদার করা হচ্ছে। ফলজ ও ঔষধি গাছের চারা রোপণের পাশাপাশি সেগুলোর পরিচর্যা নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ পায়।
শিক্ষার্থী ও অভিভাবকদের বৃক্ষরোপণে উৎসাহিত করে তিনি বলেন, প্রত্যেকে দুটি করে গাছ লাগালেও দেশে সবুজায়নের ক্ষেত্রে বড় পরিবর্তন আনা সম্ভব। শুধু গাছ লাগালেই হবে না, সেগুলো বাঁচিয়ে রাখার দায়িত্বও নিতে হবে। গাছের ফল ভবিষ্যৎ প্রজন্মের কাজে আসবে, তাই এখন থেকেই সবাইকে উদ্যোগী হতে হবে।
জামালপুর জেলা যুবদলের সদস্যসচিব ও পৌরসভার মেয়র প্রার্থী সোহেল রানা খানের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আয়োজকেরা জানান, পরিবেশ সংরক্ষণে মানুষকে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করার লক্ষ্যে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তিন শতাধিক ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে জামালপুর জেলা শ্রমিক দলের সভাপতি এস এম আব্দুস সোবহান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলামসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স