রাজধানীতে ফ্র্যাঞ্চাইজ পদ্ধতিতে বাস চলাচল কার্যক্রমের উদ্বোধন
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০১-১১-২০২৬ ০৩:৫৭:১৬ অপরাহ্ন
আপডেট সময় :
০১-১১-২০২৬ ০৩:৫৭:১৬ অপরাহ্ন
রাজধানীতে বাস রুট রেশনালাইজেশন ও ফ্র্যাঞ্চাইজ পদ্ধতিতে বাস পরিচালনা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রোববার (১ নভেম্বর) মানিক মিয়া অ্যাভিনিউয়ে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এ কার্যক্রমের উদ্বোধন করেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য ও পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস।
প্রধান অতিথির বক্তব্যে শিমুল বিশ্বাস বলেন, সড়কে দীর্ঘদিনের অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে মুষ্টিমেয় কিছু মানুষ লাভবান হলেও সুশৃঙ্খল পরিবহনব্যবস্থা দেশের অধিকাংশ নাগরিকের জন্য কল্যাণ বয়ে আনে। বিশৃঙ্খল পরিস্থিতি বজায় রেখে একটি আধুনিক নগরী পরিচালনা সম্ভব নয়। রাজধানীর পরিবহনব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে ফ্র্যাঞ্চাইজ পদ্ধতিতে বাস চলাচলের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, রাজধানীর সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে পরিবহন মালিক, শ্রমিক, ট্রাফিক পুলিশ ও গণমাধ্যম—এই চার পক্ষের মধ্যে সমন্বয় থাকা জরুরি। এই চার পক্ষের সততা ও সম্মিলিত প্রচেষ্টা নিশ্চিত করা গেলে সড়কের নৈরাজ্য দূর করা সম্ভব।
শিমুল বিশ্বাস আরও বলেন, বিপুল জনসংখ্যার এই ঢাকা শহরে প্রতিদিন যানজটের কারণে লাখ লাখ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। এতে জাতীয় অর্থনীতি ও মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ওপর বড় ধরনের প্রভাব পড়ছে। সড়কের বিশৃঙ্খলার কারণে আন্তর্জাতিক অঙ্গনেও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে।
তিনি জানান, শুধু আলোচনা বা কাগজে-কলমে সীমাবদ্ধ না থেকে বাস্তব পদক্ষেপ হিসেবে প্রাথমিকভাবে সাতটি ক্লাস্টারে এবং পর্যায়ক্রমে ৩২টি রুটে নির্দিষ্ট রঙের বাস চালু করা হবে। এর মাধ্যমে পুরো নগর পরিবহনব্যবস্থাকে একটি সুশৃঙ্খল কাঠামোর আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিটিসিএর নির্বাহী পরিচালক (সচিব) মোহাম্মদ মসিউর রহমান। এ সময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, বিআরটিএ, বিআরটিসি, ডিএমপি এবং পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স