ঢাকা , মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ , ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আমিরাতে শান্তি সংলাপে বসছে রাশিয়া-ইউক্রেন

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১০-১১-২০২৬ ০৩:০৮:০২ অপরাহ্ন
আপডেট সময় : ১০-১১-২০২৬ ০৩:০৮:০২ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আমিরাতে শান্তি সংলাপে বসছে রাশিয়া-ইউক্রেন




যুক্তরাষ্ট্রের মধ্যেস্থতায় সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে শান্তি চুক্তি নিয়ে আলোচনায় বসছেন রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা। ফেব্রুয়ারির পর প্রথমবারের মতো আয়োজিত আবুধাবির অধিবেশনে আলোচনার মূল বিষয় নিরাপত্তা নিশ্চয়তা।

মঙ্গলবার (১০ নভেম্বর) থেকে শুরু হচ্ছে দুই দিনের এই সংলাপ সেশন। চলতি বছরের শুরুর দিকে অনুষ্ঠিত কয়েক দফার আলোচনার পর, নতুন এই সংলাপকে শান্তির পথে নতুন করে একটি প্রচেষ্টা হিসেবে দেখছেন আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকরা।


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় জানান, তিনি এবং প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এমন একটি ‘আলোচনাভিত্তিক সমাধানের’ জন্য কাজ করছেন—যা দীর্ঘস্থায়ী শান্তি বয়ে আনতে পারে।



এ আলোচনার মাধ্যমে একটি সার্বভৌম, নিরাপদ ও সমৃদ্ধ ইউক্রেন গড়ে তোলার পরিবেশ তৈরি হবে, যা ইউরোপের নিরাপত্তা ব্যবস্থাকে আরও স্থিতিশীল করবে”, এক্সবার্তায় বলেছেন কুশনার।

প্রায় পাঁচ বছরের কাছাকাছি পৌঁছানো এই পূর্ণমাত্রার যুদ্ধ অবসানে সম্ভাব্য চুক্তির মূল বিষয়গুলো নিয়ে মস্কো ও কিয়েভের অবস্থানের মধ্যে এখনো বিশাল দূরত্ব রয়ে গেছে।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চান, ইউক্রেন যেন দোনেৎস্ক, লুহানস্ক, জাপোরিঝিয়া ও খেরসন—এই চারটি প্রদেশ থেকে তাদের সৈন্য প্রত্যাহার করে নেয়। ২০২২ সালের সেপ্টেম্বরে রাশিয়া এই চার প্রদেশকে  নিজ ভূখণ্ডের অংশ হিসেবে ঘোষণা করলেও এখন পর্যন্ত সেগুলোর পূর্ণ নিয়ন্ত্রণ নিতে পারেনি।

এর পাশাপাশি রুশ প্রেসিডেন্টের দাবি—ইউক্রেনকে ন্যাটোতে যোগ দেওয়ার প্রচেষ্টা ত্যাগ করতে হবে, সামরিক শক্তির ওপর কঠোর সীমাবদ্ধতা মেনে নিতে হবে এবং ইউক্রেনে রুশ ভাষা ও মস্কো-পন্থী অর্থোডক্স চার্চের ওপর আরোপিত বিধিনিষেধ তুলে নিতে হবে।


প্রেসিডেন্ট পুতিন এসব শর্তের ভিত্তিতে একটি সামগ্রিক শান্তি চুক্তি চান। তিনি সরাসরি যুদ্ধবিরতিতে সম্মত নন; এক্ষেত্রে তার যুক্তি, এতে ইউক্রেনীয় সৈন্যরা বিশ্রাম নেওয়ার এবং অস্ত্রের মজুত পুনরায় গড়ে তোলার সুযোগ পাবে। তিনি সতর্ক করে বলেছেন, কিয়েভ যদি শান্তির শর্তগুলো মেনে নিতে অস্বীকার করে, তবে রাশিয়া শক্তি প্রয়োগের মাধ্যমেই নিজেদের লক্ষ্য অর্জন করবে।

অপরদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দোনেৎস্ক, লুহানস্ক, জাপোরিঝিয়া ও খেরসনকে স্বেচ্ছায় ছেড়ে দেওয়ার বিষয়ে পুতিনের দাবি প্রত্যাখ্যান করেছেন। সেই সঙ্গে ইউক্রেনের সামরিক শক্তির ওপর যেকোনো ধরনের সীমাবদ্ধতা আরোপের প্রস্তাবও নাকচ করে দিয়েছেন তিনি।

পশ্চিমা অংশীদারদের সঙ্গে ইউক্রেনের যে কোনো ধরনের সমঝোতা বা ব্যবস্থায় বিধিনিষেধ আরোপের যে দাবি মস্কো জানিয়েছে, সেটিও প্রত্যাখ্যান করেছেন প্রেসিডেন্ট জেলেনস্কি; কারণ কিয়েভ মনে করে, মস্কো আগ্রাসন ঠেকানোর জন্য পশ্চিমা অংশীদারদের সঙ্গে সমঝোতা ইউক্রেনের অপরিহার্য নিরাপত্তা নিশ্চয়তা হিসেবে কাজ করছে। ইউক্রেনের যুক্তি হলো, একটি বৃহত্তর সমঝোতার পথে এগিয়ে যাওয়ার জন্য তাৎক্ষণিক যুদ্ধবিরতি হলো প্রয়োজনীয় প্রথম পদক্ষেপ। তাদের মতে, পুতিন ও জেলেনস্কির মধ্যে সরাসরি বৈঠকই হলো আঞ্চলিক বিরোধ নিষ্পত্তির একমাত্র উপায়।

রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধি দলে এমন সব ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন, যারা আগের দফার আলোচনাগুলোতেও অংশ নিয়েছিলেন। রাশিয়ার প্রধান আলোচক হলেন পুতিনের সহযোগী ভ্লাদিমির মেদিনস্কি; ২০২২ সালের মার্চ মাসে তুরস্কের ইস্তাম্বুলে ইউক্রেনের সঙ্গে প্রথম সরাসরি শান্তি আলোচনার সময় থেকেই তিনি মস্কোর দলের নেতৃত্ব দিয়ে আসছেন। রুশ প্রতিনিধি দলে আরও রয়েছেন উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ ও মিখাইল গালুজিন, সামরিক গোয়েন্দা প্রধান ইগর কোস্তিউকভ এবং জেনারেল স্টাফের অপারেশনাল বিভাগের উপ-প্রধান ইউরি ঝিগারলভস্কি।

ইউক্রেনীয় প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন দেশটির ফরেন ইন্টেলিজেন্স সার্ভিসের প্রধান রুস্তেম উমেরভ, যিনি আগের আলোচনাগুলোতেও অংশ নিয়েছিলেন। এছাড়া এই দলে রয়েছেন জেলেনস্কির চিফ অব স্টাফ কিরিলো বুদানভ, তার ডেপুটি সের্গেই কিসলিতসিয়া এবং জেলেনস্কির দল ‘সার্ভেন্ট অব দ্য পিপল’-এর পার্লামেন্টারি অংশের নেতা দাভিদ আরাখামিয়া।


নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ