আপা আপা করিস না, তোদের আপা আইবো না’ স্লোগানে জাজিরায় বিএনপির মিছিল
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১০-১১-২০২৬ ০৩:৪৫:৫৫ অপরাহ্ন
আপডেট সময় :
১০-১১-২০২৬ ০৩:৪৫:৫৫ অপরাহ্ন
নিষিদ্ধ ছাত্রলীগের দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে শরীয়তপুরের জাজিরায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ‘আপা আপা করিস না, তোদের আপা আইবো না’, ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর’সহ বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে মিছিলটি।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে উপজেলার নাওডোবা এলাকায় ঢাকা-ভাঙ্গা মহাসড়কে এ মিছিল অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ।
মিছিলে বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় তারা নিষিদ্ধ ছাত্রলীগের কর্মকাণ্ডের প্রতিবাদ জানান এবং সন্ত্রাস ও নাশকতায় জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। মিছিল থেকে ‘নিষিদ্ধ ছাত্রলীগের গুন্ডারা, হুঁশিয়ার সাবধান’ এবং ‘সন্ত্রাসীদের ঠিকানা, এই বাংলায় হবে না’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
এর আগে সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে একই এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজার সামনে কর্মসূচি পালন করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় বৈঠা ও লাঠি হাতে টোলপ্লাজার সামনে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন তারা। এ সময় ককটেল বিস্ফোরণ ও কয়েকটি যানবাহন ভাঙচুরের অভিযোগ রয়েছে।
অবরোধের কারণে প্রায় এক ঘণ্টা টোল আদায় বন্ধ থাকে। এতে পদ্মা সেতুর উভয় পাশে যানবাহন আটকা পড়ে। ভোগান্তিতে পড়েন সেতু ব্যবহারকারী যাত্রী ও পরিবহনচালকেরা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে অবরোধকারীদের অবস্থান ও স্লোগান দিতে দেখা যায়।
এর পরদিন একই এলাকায় বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হওয়ায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স