ঢাবিতে ককটেল বিস্ফোরণে বরখাস্ত কর্মচারী ছিলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১১-১১-২০২৬ ১১:৪৯:৪৪ পূর্বাহ্ন
আপডেট সময় :
১১-১১-২০২৬ ১১:৪৯:৪৪ পূর্বাহ্ন
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ, নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে সাময়িক বরখাস্ত হওয়া কর্মচারী আমান উল্লাহ আমান নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা। তিনি বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিসে স্যানিটারি সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন। তার বিরুদ্ধে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ায় কারণ দর্শানোর নোটিশও দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
খোঁজ নিয়ে জানা গেছে, আমান উল্লাহ আমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হল শাখা নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক উপপ্রচার সম্পাদক ছিলেন। এ ছাড়া তিনি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি গোলাম রাব্বানীর অনুসারী হিসেবে পরিচিত ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও বিভিন্ন পোস্টের মাধ্যমে তাকে সক্রিয় থাকতে দেখা গেছে।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী বলেন, ‘এস্টেট অফিসের একজন কর্মচারী বিশ্ববিদ্যালয়ের কয়েকজন কর্মচারীকে বোমা মারার জন্য এক হাজার টাকা করে প্রস্তাব দেন। পরে এক কর্মচারী বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বিষয়টি জানান।
‘প্রশাসন ওই কর্মচারীকে ডেকে পাঠালেও তিনি আসেননি। ফোন বন্ধ করে পলাতক অবস্থায় আছেন; কোথাও তার খোঁজ পাওয়া যাচ্ছে না।’
এদিকে, ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ ও নাশকতামূলক কর্মকাণ্ডের ঘটনায় নিরাপত্তা জোরদারে একাধিক পদক্ষেপ নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর অংশ হিসেবে ক্যাম্পাসের ছয়টি প্রবেশপথে নিরাপত্তা চেকপোস্ট স্থাপন এবং বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের উপপরিচালক ফররুখ মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
প্রত্যক্ষদর্শী ও প্রক্টরিয়াল টিম সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ (এফবিএস) প্রাঙ্গণ, কলা ভবনের পাশের শ্যাডো এবং মল চত্বরসংলগ্ন এলাকায় কয়েক মিনিটের ব্যবধানে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
এর আগে গত রবিবার (৮ নভেম্বর) সন্ধ্যায়ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ধারাবাহিক ককটেল বিস্ফোরণ ঘটে। সন্ধ্যা সোয়া ৬টা থেকে পৌনে ৭টার মধ্যে অন্তত সাত থেকে আটটি স্থানে ৮ থেকে ১০টি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।
ওই দিন টিএসসি ও মেট্রোরেল স্টেশন এলাকা দিয়ে পালানোর সময় রেজাউল করিম (৪২), সোহেল রানা (৩৩) ও নাজমুস সাদ (৩৩) নামের তিন সন্দেহভাজনকে আটক করেন শিক্ষার্থীরা। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।
ধারাবাহিক বিস্ফোরণের ঘটনায় ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের অংশগ্রহণে জরুরি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং প্রক্টর অধ্যাপক ইসরাফিল প্রাংসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সভায় ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত টহল জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ছয়টি প্রবেশপথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রক্টরিয়াল টিম ও বিএনসিসির সমন্বয়ে নিরাপত্তা চেকপোস্ট স্থাপন করা হবে।
বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে নজরদারি বাড়ানোর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ পরিচয়পত্র সাথে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া বিস্ফোরণের ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা ও সার্বক্ষণিক মনিটরিং কার্যক্রম জোরদার করা হচ্ছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ক্যাম্পাসে নাশকতা, বিশৃঙ্খলা ও অস্থিতিশীলতা সৃষ্টি এবং স্বাভাবিক শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম ব্যাহত করার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয়, পদমর্যাদা কিংবা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্টতা বিবেচনা না করে প্রচলিত বিধিবিধান ও রাষ্ট্রীয় আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স