মেহেরপুরে বিএনপির তিন নেতার বাড়ির সামনে থেকে ‘জয় বাংলা’ লেখা তিনটি বোমাসদৃশ বস্তু উদ্ধার
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১১-১১-২০২৬ ০১:৫৩:০৮ অপরাহ্ন
আপডেট সময় :
১১-১১-২০২৬ ০১:৫৩:০৮ অপরাহ্ন
এস কে সামিউল ইসলাম, মেহেরপুর প্রতিনিধি
সদর উপজেলার গোভীপুর গ্রামে বুধবার সকালে পৃথক তিনটি স্থান থেকে এসব বস্তু উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
উদ্ধার হওয়া বস্তুগুলো গোভীপুর গ্রামের বিএনপি নেতাকর্মী খোকন, রুহুল আমিন ও আইব নবী রহমানের বাড়ির প্রবেশ গেটের সামনে রাখা ছিল।
মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীর এই তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়দের দাবি, বস্তুগুলোর গায়ে লাল টেপ প্যাঁচানো এবং সাদা কাগজে ‘জয় বাংলা’ লেখা ছিল।
পুলিশ বলছে, সকালে বাড়ির সামনে লাল টেপ মোড়ানো বোমাসদৃশ বস্তু দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তুগুলো উদ্ধার করে। এ সময় সেগুলো পানিভর্তি বালতিতে রাখা হয়।
ভুক্তভোগী বিএনপি নেতাকর্মীরা জানান, সকালে ঘুম থেকে উঠে পরিবারের সদস্যরা বাড়ির গেটের সামনে এসব বস্তু দেখতে পান। একই সময়ে তিনজনের বাড়ির সামনে একই ধরনের বস্তু পাওয়া যায়। রাজনৈতিক পরিচয়ের কারণে কোনো সন্ত্রাসী গোষ্ঠী ভয়ভীতি দেখানোর উদ্দেশ্যে এগুলো রেখে যেতে পারে বলে তাদের ধারণা।
ওসি হুমায়ুন কবীর বলেন, সকালে গোভীপুর গ্রামের তিন ব্যক্তির বাড়ির সামনে থেকে লাল টেপ মোড়ানো তিনটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। রাতের আঁধারে এলাকায় আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে দুর্বৃত্তরা এগুলো রেখে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স