ভারতের রাষ্ট্রপতির দেহরক্ষী গুলিবিদ্ধ
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
১১-১১-২০২৬ ০৩:২৪:৪১ অপরাহ্ন
আপডেট সময় :
১১-১১-২০২৬ ০৩:২৪:৪১ অপরাহ্ন
ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দেহরক্ষী বাহিনীর (প্রেসিডেন্টস বডিগার্ড) এক সেনাসদস্য গুলিবিদ্ধ হয়েছেন। উত্তর প্রদেশের বাগপত জেলায় দীপাবলির রাতে বাজি ফোটানোকে কেন্দ্র করে বিরোধের জেরে গুলিবিদ্ধের ঘটনা ঘটে।
বুধবার (১১ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আহত সেনাসদস্যের নাম সৌরভ তোমর। তার মাথায় গুলি লেগেছে। বর্তমানে মিরাটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সৌরভ।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, দীপাবলির রাতে নিজের বাড়ির বাইরে দুই ভাই বিনীত ও মিন্টুর সঙ্গে বাজি ফোটাচ্ছিলেন সৌরভ। এ সময় গ্রামের দুই বাসিন্দা ধীরাজ ও তার ভাই মনু ওরফে প্রবীণের সঙ্গে তাদের কথা-কাটাকাটি শুরু হয়।
একপর্যায়ে বিরোধ সহিংসতায় রূপ নেয়। প্রতিবেদনে বলা হয়েছে, বাগবিতণ্ডার মধ্যে ধীরাজ দেশীয় পিস্তল বের করে গুলি চালান। একটি গুলি প্রথমে দেয়ালে লাগে, পরে সৌরভের কানের পেছনে মাথায় আঘাত করে।
এ সময় ধীরাজের ভাই লাঠি নিয়ে বিনীতের ওপর হামলা চালান বলে অভিযোগ রয়েছে। পাল্টাপাল্টি সংঘর্ষে মিন্টুও লাঠি দিয়ে মনু ওরফে প্রবীণকে আঘাত করেন। পরে অভিযুক্ত দুই ভাই ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
সৌরভ ২০২১ সালে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন। বর্তমানে তিনি রাষ্ট্রপতি ভবনে প্রেসিডেন্টস বডিগার্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। ভারতীয় সেনাবাহিনীর সবচেয়ে পুরোনো ও জ্যেষ্ঠ অশ্বারোহী রেজিমেন্ট এটি। দীপাবলি উদ্যাপন করতে ছুটিতে নিজ গ্রামে এসেছিলেন তিনি।
ঘটনার পর পরিবারের সদস্যরা তাকে প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। পরে মিরাটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। অস্ত্রোপচারের মাধ্যমে চিকিৎসকেরা তার মাথা থেকে গুলি বের করেছেন। তবে আইসিইউতে চিকিৎসাধীন সৌরভের অবস্থা এখনো আশঙ্কাজনক।
এ ঘটনায় সৌরভের বাবা জনক রাজের লিখিত অভিযোগের ভিত্তিতে ধীরাজ ও মনু ওরফে প্রবীণের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স