দুর্নীতির তদন্তেই দুর্নীতির গন্ধ!
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১১-১১-২০২৬ ০৪:৩৮:০৭ অপরাহ্ন
আপডেট সময় :
১১-১১-২০২৬ ০৪:৩৮:০৭ অপরাহ্ন
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) দুই উপ-ব্যবস্থাপকের বিরুদ্ধে শতকোটি টাকার অনিয়ম, দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠলেও তদন্তের নামে দায়সারা প্রতিবেদন তৈরির অভিযোগ উঠেছে। অভিযোগের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে উঠে আসা আটতলা ভবনের বিষয়ে কোনো অনুসন্ধানই করেনি তদন্ত কমিটি। ফলে দুর্নীতির অভিযোগ যাচাইয়ের দায়িত্ব পাওয়া কমিটির কার্যক্রম নিয়েই তৈরি হয়েছে নতুন প্রশ্ন।
অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন বিপিসি চেয়ারম্যানের সাবেক একান্ত সচিব (পিএস) ও উপ-ব্যবস্থাপক মো. আহম্মদুল্লাহ এবং উপ-ব্যবস্থাপক (বোর্ড) আশিক শাহরিয়ার। সরকারি অভিযোগ প্রতিকার ব্যবস্থা (জিআরএস) পোর্টালে তাঁদের বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়ার পরিপ্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করা হয়। কিন্তু গত ৫ অক্টোবর জমা দেওয়া প্রতিবেদনে অভিযোগের গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় অনালোচিত থেকে গেছে বলে সংশ্লিষ্ট নথি পর্যালোচনায় জানা গেছে।
আটতলা ভবনের তথ্য পেয়েও অনুসন্ধান করেনি কমিটি:
তদন্তের সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে আহম্মদুল্লাহর স্ত্রীর নামে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের বসুন্ধরা রিভারভিউ প্রকল্পে থাকা একটি নির্মাণাধীন আটতলা ভবনকে ঘিরে। অভিযোগে ভবনটির তথ্য উল্লেখ থাকলেও তদন্ত কমিটি সরেজমিনে সেখানে যায়নি। জমির মালিকানা, ভবন নির্মাণের অর্থের উৎস কিংবা নির্মাণকাজের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিষয়ে কোনো দৃশ্যমান অনুসন্ধানের তথ্যও প্রতিবেদনে পাওয়া যায়নি।
এর আগে ২১ মে একটি প্রতিবেদনে ভবনটির তথ্য প্রকাশ করা হয়েছিল। সেখানে আহম্মদুল্লাহর স্ত্রী নুসরাত জেবিন সিনথীর নামে প্লট কেনা এবং সেখানে বহুতল ভবন নির্মাণের বিষয়টি সামনে আসে। অথচ অভিযোগের এমন গুরুত্বপূর্ণ একটি সূত্র তদন্তের আওতায় না আসায় কমিটির নিরপেক্ষতা ও অনুসন্ধান পদ্ধতি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
আরও বিস্ময়কর বিষয় হলো, ভবনটিতে চট্টগ্রামভিত্তিক বাশার গ্রুপ অব কোম্পানির মালিক আবুল বশর আবুর নামে নেমপ্লেট থাকার তথ্যও অনুসন্ধানে উঠে এসেছে। আবু জ্বালানি তেল পরিবহনসহ বিভিন্ন ব্যবসার সঙ্গে যুক্ত। তাঁর মালিকানাধীন প্রায় ২২টি ট্যাংকার জাহাজের বেশ কয়েকটি বিপিসির অধীন পদ্মা, মেঘনা ও যমুনা অয়েলের চার্টারে পরিচালিত হয় বলে জানা গেছে।
ফলে একজন সরকারি কর্মকর্তার পরিবারের নামে থাকা জমিতে নির্মিত ভবনের সঙ্গে জ্বালানি খাতের একজন ব্যবসায়ীর সংশ্লিষ্টতার বিষয়টি আলাদাভাবে যাচাই করা প্রয়োজন ছিল কি না, সেই প্রশ্নও সামনে এসেছে। তবে এ বিষয়ে কোনো অনিয়ম বা আর্থিক লেনদেনের প্রমাণ প্রতিষ্ঠিত হয়েছে—এমন তথ্য পাওয়া যায়নি।
লিখিত বক্তব্যেই সীমাবদ্ধ তদন্ত!
চলতি বছরের জুনের শুরুতে বিপিসির দুই কর্মকর্তার বিরুদ্ধে জিআরএসে শতকোটি টাকার অনিয়ম, দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ জমা পড়ে। অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ১৮ আগস্ট বিপিসির সচিব শাহিনা সুলতানার স্বাক্ষরে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।
কমিটির আহ্বায়ক করা হয় বিপিসির প্রশাসন বিভাগের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ নাজিম উদ্দিনকে। সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয় নিরীক্ষা বিভাগের ব্যবস্থাপক মো. বদরুল ইসলাম ফকিরকে। তাঁদের ২০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশনা দেওয়া হলেও পরে কমিটির আবেদনের পরিপ্রেক্ষিতে আরও ১০ দিন সময় বাড়ানো হয়। গত ৫ অক্টোবর বিপিসি চেয়ারম্যানের কাছে প্রতিবেদন জমা দেয় কমিটি।
প্রতিবেদন পর্যালোচনায় দেখা যায়, অভিযোগের বিষয়ে আহম্মদুল্লাহ ও আশিক শাহরিয়ারের লিখিত বক্তব্য নেওয়া হয়েছে। পাশাপাশি বিপিসির সংস্থাপন শাখা থেকে তাঁদের নিয়োগসংক্রান্ত নথি, ব্যক্তিগত ফাইল ও প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে পর্যালোচনার কথা উল্লেখ করা হয়েছে।
কমিটির পর্যবেক্ষণে বলা হয়েছে, দুই কর্মকর্তা মেধার ভিত্তিতে নিয়োগ পেয়েছেন এবং তাঁদের নিয়োগে জেলা কোটা প্রযোজ্য ছিল না। কিন্তু নিয়োগসংক্রান্ত অভিযোগের বাইরে সম্পদ অর্জন, টেন্ডার, কমিশন ও অন্যান্য আর্থিক অনিয়মের অভিযোগগুলো কতটা গভীরভাবে যাচাই করা হয়েছে, সে বিষয়ে প্রতিবেদনে পর্যাপ্ত তথ্যের ঘাটতি রয়েছে।
দুর্নীতির অভিযোগে নেই সুনির্দিষ্ট প্রমাণ, দুদকের অনুসন্ধানে আহম্মদুল্লাহ:
আহম্মদুল্লাহর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্য, কমিশন আদায়, বদলি বাণিজ্য, এফডিআর থেকে কমিশন গ্রহণ, এলসি-সংক্রান্ত অনিয়ম এবং বড় অঙ্কের চাঁদাবাজির অভিযোগ ছিল। কিন্তু এসব অভিযোগের পক্ষে সুনির্দিষ্ট ও যাচাইযোগ্য প্রমাণ পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করেছে তদন্ত কমিটি।
অন্যদিকে তাঁর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের একটি অভিযোগ দুর্নীতি দমন কমিশনে (দুদক) অনুসন্ধানাধীন রয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়। এ কারণে দুদকের অনুসন্ধান শেষ হওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়টি বিবেচনার কথা বলেছে কমিটি।
তবে অভিযোগের মধ্যে থাকা সম্পদ ও ভবনের তথ্য যাচাই না করে কেবল অন্য একটি সংস্থার অনুসন্ধানের ওপর নির্ভর করা কতটা যথাযথ, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
কমিটি দুই কর্মকর্তার বিরুদ্ধে সরাসরি কোনো শাস্তিমূলক ব্যবস্থা বা বিভাগীয় পদক্ষেপের সুপারিশ করেনি। বরং সামগ্রিক প্রশাসনিক ব্যবস্থাপনা নিয়ে তিনটি সুপারিশ দিয়েছে।
এর মধ্যে রয়েছে বিপিসির কর্মকর্তা-কর্মচারীদের তিন বছর অন্তর বদলি নিশ্চিত করা, চেয়ারম্যানের একান্ত সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের ব্যক্তিগত সহকারী পদে সতর্কতার সঙ্গে নিয়োগ এবং নিয়োগবিধি ও প্রবিধানমালা যথাযথভাবে অনুসরণ করা।
কমিটির বিরুদ্ধে প্রশ্ন, কর্তৃপক্ষের বক্তব্য কী?
তদন্ত কমিটির আহ্বায়ক মোহাম্মদ নাজিম উদ্দিনের দাবি, দুই কর্মকর্তার নিয়োগ ও পদায়নসংক্রান্ত অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। আটতলা ভবন ও অবৈধ সম্পদের বিষয়ে জানতে চাইলে তিনি দুদকের অনুসন্ধানের বিষয়টি উল্লেখ করেন। তদন্তে কোনো অনিয়ম হয়নি বলেও দাবি করেন তিনি।
কমিটির সদস্য সচিব মো. বদরুল ইসলাম ফকির বলেন, কিছু নথিপত্র পর্যালোচনা করে বাস্তবতার নিরিখে প্রতিবেদন দেওয়া হয়েছে। প্রতিবেদন তৈরিতে কোনো ধরনের চাপ ছিল না বলেও দাবি করেন তিনি।
অন্যদিকে বিপিসির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, তদন্ত কমিটি মূল অভিযোগের গুরুত্বপূর্ণ বিষয়গুলো এড়িয়ে প্রতিবেদন জমা দিয়েছে।
বিপিসির সচিব শাহিনা সুলতানা জানান, তদন্ত প্রতিবেদন পাওয়ার পর সেটি জিআরএস পোর্টালে আপলোড করার উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে কারিগরি সমস্যার কারণে তা সম্ভব হয়নি। পরে প্রতিবেদনটি সরাসরি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তদন্তের অভ্যন্তরীণ বিষয়গুলো কর্তৃপক্ষ বিবেচনা করছে বলেও জানান তিনি।
সম্পদের উৎস নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে:
অনুসন্ধানে আহম্মদুল্লাহর গ্রামের বাড়ি ঝালকাঠিতে কয়েক কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ির তথ্যও সামনে এসেছে। পাশাপাশি দক্ষিণ কেরানীগঞ্জে স্ত্রীর নামে থাকা জমিতে আটতলা ভবন নির্মাণের বিষয়টি সম্পদের উৎস যাচাইয়ের দাবি আরও জোরালো করেছে। তবে এসব সম্পদ কেনা ও নির্মাণের অর্থের উৎস কী, সংশ্লিষ্ট কর্মকর্তার বৈধ আয় ও ঘোষিত সম্পদের সঙ্গে তার সামঞ্জস্য রয়েছে কি না, তা স্বাধীনভাবে যাচাই করা জরুরি।
সব মিলিয়ে বিপিসির দুই কর্মকর্তার বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত শেষ হলেও মূল প্রশ্নগুলোর নিষ্পত্তি হয়নি। বিশেষ করে আটতলা ভবনের মালিকানা, নির্মাণব্যয়ের উৎস, জ্বালানি খাতের ব্যবসায়ীর সঙ্গে সংশ্লিষ্টতা এবং সম্পদের হিসাব যাচাই না হওয়ার অভিযোগ নতুন করে তদন্তের প্রয়োজনীয়তা সামনে এনেছে।
দুর্নীতির অভিযোগ তদন্তের দায়িত্ব পাওয়া কমিটির কাজ যদি অভিযোগের গুরুত্বপূর্ণ সূত্রগুলো যাচাই না করেই শেষ হয়, তাহলে জবাবদিহি নিশ্চিত হবে কীভাবে? এখন সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিপিসি কর্তৃপক্ষ ও দুর্নীতি দমন কমিশনের কাছে প্রত্যাশা—অভিযোগের প্রতিটি বিষয় স্বাধীনভাবে যাচাই করে প্রকৃত তথ্য জনসমক্ষে তুলে ধরা হোক।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স