ঢাকা , বুধবার, ১১ নভেম্বর ২০২৬ , ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

টনক নড়েনি ঔষধ প্রশাসনের: চরম ঝুঁকিতে জনস্বাস্থ্য

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১১-১১-২০২৬ ০৮:৪৬:৫২ অপরাহ্ন
আপডেট সময় : ১১-১১-২০২৬ ০৮:৪৬:৫২ অপরাহ্ন
টনক নড়েনি ঔষধ প্রশাসনের: চরম ঝুঁকিতে জনস্বাস্থ্য
নিজস্ব প্রতিবেদক জনস্বাস্থ্যকে চরম হুমকির মুখে ফেলে শত শত কোটি টাকা হাতিয়ে নিচ্ছে মেসার্স বায়োজেন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এ কাজে বলয় হয়ে কাজ করছেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব)। জানা যায়, মেসার্স বায়োজেন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের দুইটি ঔষধ মান-বহির্ভূত প্রমাণিত হওয়ায় ঔষধ প্রশাসন অধিদপ্তর পরিক্ষাগার থেকে নিদের্শ দেওয়া হয় বাজার থেকে সরিয়ে নিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার। কিন্তু সে নির্দেশ থমকে আছে মান-বহির্ভূত অভিযোগের তদন্তে দয়িত্বে থাকা ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) আলমগীর হোসেনের হাতে। গত ২ নভেম্বর এ বিষয়ে দৈনিক আমাদের মাতৃভূমিসহ দেশের বেশকিছু সংবাদ মাধ্যমে সংবাদ প্রচার হলেও টনক নড়েনি ঔষধ প্রশাসন অধিদপ্তরের। এদিকে তদন্ত ফাইল আটকে রাখার সুযোগে শত কোটি টাকা হাতিয়ে নিচ্ছে মেসার্স বায়োজেন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এবং লাইসেন্সিং অথরিটি মোহা. আলমগীর হোসেন ও মেসার্স বায়োজেন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সঙ্গে যোগসাজশ, ঘুষ-দুর্নীতি এবং মান-বহির্ভূত ওষুধের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণে অনিয়মের গুরুতর অভিযোগ এখন টক অফ দ্যা কান্ট্রি। ‘দৈনিক আমাদের মাতৃভূমির’-র অনুসন্ধানী প্রতিবেদনের দ্বিতীয় পর্বে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য। ঘটনার সূত্রপাত চলতি বছরের এপ্রিল মাসে। জাতীয় ঔষধ নিয়ন্ত্রণ পরীক্ষাগার (NDCL), মহাখালী, ঢাকা কর্তৃক বায়োজেন ফার্মাসিউটিক্যালসের উৎপাদিত বহুল ব্যবহৃত দুটি ঔষধ—Maxcoral-DX Tablet এবং Maxcoral-D Tablet-এর নমুনা পরীক্ষা করা হয়। গত ৬ এপ্রিল প্রকাশিত পরীক্ষাগারের প্রতিবেদনে উভয় ওষুধের নির্দিষ্ট ব্যাচকে নির্ধারিত মানদণ্ডের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ এবং মান-বহির্ভূত হিসেবে স্পষ্টভাবে চিহ্নিত করা হয়। প্রতিবেদন অনুযায়ী, Maxcoral-DX Tablet-এর (ব্যাচ নং- 5K17274) ঘোষিত ভিটামিন-ডি৩ প্রতি ট্যাবলেটে ৪০০ IU থাকার কথা থাকলেও পরীক্ষায় পাওয়া গেছে মাত্র ২৭৩.৮১ IU, যা প্রায় সাড়ে একত্রিশ শতাংশ কম। একইভাবে Maxcoral-D Tablet-এর (ব্যাচ নং- 5K12276) ঘোষিত ভিটামিন-ডি৩ ২০০ IU-এর বিপরীতে পাওয়া যায় ১৩৫.৫২ IU, অর্থাৎ প্রায় সাড়ে বত্রিশ শতাংশ ঘাটতি। ড্রাগ অ্যানালিস্ট তার প্রতিবেদনে সুষ্পষ্টভাবে উল্লেখ করেন যে, পরীক্ষিত নমুনাগুলো নির্ধারিত স্পেসিফিকেশন অনুযায়ী নয় এবং সম্পূর্ণ মান-বহির্ভূত। এই ভয়াবহ মানহীনতা প্রমাণিত হওয়ার পর ঔষধ প্রশাসন অধিদপ্তর ওই ঔষধ দুটির নিবন্ধন সাময়িকভাবে স্থগিত করে এবং অবিলম্বে উৎপাদন ও বাজারজাতকরণ বন্ধের নির্দেশ দেয়। একই সঙ্গে সংশ্লিষ্ট মান-বহির্ভূত ওষুধের বিষয়ে ঔষধ আদালতে মামলা দায়েরের উদ্যোগ নিতেও নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু বিপত্তি ঘটে এরপর থেকেই। অভিযোগ উঠেছে, লাইসেন্সিং অথরিটি মোহাঃ আলমগীর হোসেনের দায়িত্বকালীন সময়ে এই আদেশের পরবর্তী বাস্তবায়ন রহস্যজনকভাবে থমকে যায়। ঔষধ আদালতে নিয়মিত মামলা দায়েরের কথা থাকলেও তা ফাইলবন্দী করে রাখা হয় কিংবা নামমাত্র পদক্ষেপে ঝুলিয়ে রাখা হয়। অনুসন্ধানে আরও জানা গেছে, নিবন্ধন স্থগিত থাকার পরেও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটি অবৈধ উপায়ে তাদের উৎপাদিত মানহীন ঔষধ বাজারে সরবরাহ ও বিক্রি অব্যাহত রেখেছে। প্রশ্ন উঠেছে, সরকারি পরীক্ষাগারে প্রমাণিত মানহীন ও জীবনঘাতী উপাদানের ঘাটতিযুক্ত ঔষধ জব্দের পর এবং আদালতের মামলার নির্দেশ থাকার পরেও কোন অদৃশ্য শক্তির বলে দায়িত্বরত মহাপরিচালক এই প্রভাবশালী ঔষধ কোম্পানির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিলেন না? এর নেপথ্যে মোহাঃ আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালসের দায়িত্বশীল ব্যক্তিদের মধ্যে কোনো অনৈতিক আর্থিক লেনদেন, ঘুষ বা বড় ধরনের যোগসাজশ রয়েছে কি না, তা নিয়ে এখন চারদিকে গুঞ্জন চলছে। জনস্বাস্থ্য ও সরকারি নিয়ন্ত্রণ ব্যবস্থার এমন নগ্ন লঙ্ঘন রোধে এবং দুর্নীতির মূল উদঘাটন করতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান বরাবর একটি সুনির্দিষ্ট অভিযোগের আবেদন দাখিল করা হয়েছে। আবেদনে দাপ্তরিক নথি সংগ্রহ, মামলা না হওয়ার প্রকৃত কারণ অনুসন্ধান, অবৈধ আর্থিক লেনদেন ও ব্যাংক হিসাব যাচাই এবং ক্ষমতার অপব্যবহারকারী কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। সাধারণ মানুষের জীবন নিয়ে খেলা করা এই চক্রের বিরুদ্ধে নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্ত এখন সময়ের দাবি। এ বিষয়ে জানতে ঔষধ প্রশাসন অধিদপ্তর মহাপরিচালক মোহা. আলমগীর হোসেন সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এদিকে ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক এর পিএ মোঃ শহিদুল ইসলাম খানকে ঘিরে একাধীক দুর্নীতির অভিযোগ উঠে এসেছে। অনুসন্ধানে জানা যায়ডিজিডিএ মহাপরিচালক আলমগীর হোসেন পেছন থেকে শহিদুল ইসলাম খানকে দুর্নীতির সুযোগ করে দিচ্ছেন। আর পুরস্কার হিসাবে দিয়েছেন সিনিয়রদের টপকে পদোন্নতি। অভিযোগকারীদের দাবি, বিভিন্ন ওষুধ কোম্পানির সঙ্গে সংশ্লিষ্ট কিছু আর্থিক লেনদেনের অভিযোগ রয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে অনুসন্ধানী প্রতিবেদনের তৃতীয় পর্বে।


নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ