গাজীপুরের কালিয়াকৈরে শ্রমিকদের সড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১২-১১-২০২৬ ০৩:৫৫:৫২ অপরাহ্ন
আপডেট সময় :
১২-১১-২০২৬ ০৩:৫৫:৫২ অপরাহ্ন
গাজীপুরের কালিয়াকৈরে ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালেও বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। এ সময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করলে যান চলাচল স্বাভাবিক হয়।
এলাকাবাসী, শ্রমিক ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে কালিয়াকৈর উপজেলার বিভিন্ন এলাকার পোশাক কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে কারখানার সামনে বিক্ষোভ শুরু করেন।
সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বোর্ডমিল এলাকায় আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা। একই সময় মৌচাক এলাকার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরাও কাজে যোগ না দিয়ে আন্দোলনে নামেন। একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা অন্য কারখানার কর্মীদের আন্দোলনে যুক্ত করতে আশপাশের কয়েকটি কারখানার প্রধান ফটকে হামলা চালান। এ ঘটনায় কর্তৃপক্ষ আশপাশের সব কারখানায় ছুটি ঘোষণা করে।
পরে সকাল সাড়ে ৯টার দিকে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন পরিবহণ শ্রমিক ও যাত্রীরা।
খবর পেয়ে কালিয়াকৈর থানা-পুলিশ, শিল্প পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। তবে শ্রমিকরা অবরোধ অব্যাহত রাখেন। একপর্যায়ে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে। পরে বেলা সাড়ে ১১টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
এরপর বেলা সোয়া ২টার দিকে উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকায় কয়েকটি কারখানার শ্রমিকরা আবারও মহাসড়ক অবরোধ করেন। এতে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে বিজিবি, কালিয়াকৈর থানা-পুলিশ ও শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রায় আধা ঘণ্টা পর আবারও যান চলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে গাজীপুর-২ শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, সকাল থেকে শ্রমিকরা কয়েক দফায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পর্যাপ্তসংখ্যক বিজিবি ও পুলিশ সদস্য মোতায়েন রয়েছে।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স