ঢাকা , রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ , ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

২০০ কোটি টাকার সরকারি প্লট ৮৩ কোটিতে বরাদ্দের প্রস্তাব: ঢাকার ডিসির ভূমিকা নিয়ে প্রশ্ন

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৫-১১-২০২৬ ০৫:০৯:৩১ অপরাহ্ন
আপডেট সময় : ১৫-১১-২০২৬ ০৫:০৯:৩১ অপরাহ্ন
২০০ কোটি টাকার সরকারি প্লট ৮৩ কোটিতে বরাদ্দের প্রস্তাব: ঢাকার ডিসির ভূমিকা নিয়ে প্রশ্ন



বায়তুল মোকাররমের পাশে ১২ কাঠার বাণিজ্যিক জমি; আপিল বিভাগের রায়ে সরকারি সম্পত্তি ঘোষণার পরও পুরোনো দখলদারের নামে বরাদ্দের উদ্যোগ-
ইত্তেহাদ নিউজ, অনলাইন:

রাজধানীর পুরানা পল্টনের প্রাণকেন্দ্রে ১২ কাঠার একটি মূল্যবান সরকারি বাণিজ্যিক প্লট। বর্তমান বাজারমূল্য দুই শত কোটি টাকার বেশি বলে দাবি করা হচ্ছে। অথচ জমিটি মাত্র ৮৩ কোটি টাকায় খাদিজা ইসলাম নামে এক ব্যক্তির অনুকূলে বরাদ্দ দেওয়ার প্রস্তাব করেছেন ঢাকার জেলা প্রশাসক (ডিসি) ফরিদা খানম। গত ২৭ জুলাই ২০২৬ তারিখে নিজের স্বাক্ষরে এ-সংক্রান্ত প্রস্তাব ভূমি মন্ত্রণালয়ে পাঠিয়েছেন তিনি।

অভিযোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো, যাঁর নামে বরাদ্দের প্রস্তাব পাঠানো হয়েছে, সেই খাদিজা ইসলাম দীর্ঘদিন ধরে জমিটির মালিকানা দাবি করে আসছিলেন। জমিটি নিয়ে তাঁর সঙ্গে সরকারের দীর্ঘ বিচারিক বিরোধ চলে। জালিয়াতির অভিযোগে বিতর্কিত মালিকানা দাবির বিষয়টি সর্বোচ্চ আদালত পর্যন্ত গড়ায়। শেষ পর্যন্ত ২০১৯ সালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ জমিটিকে সরকারি সম্পত্তি হিসেবে ঘোষণা করেন। ২০২২ সালে রিভিউ আবেদনও খারিজ হয়। পরবর্তী সময়ে জমিটি সরকারি খাস খতিয়ানে অন্তর্ভুক্ত করা হয়।

প্রশ্ন উঠেছে, সর্বোচ্চ আদালতের রায়ে সরকারি সম্পত্তি হিসেবে প্রতিষ্ঠিত এবং প্রশাসনিকভাবে খাস খতিয়ানে অন্তর্ভুক্ত একটি বাণিজ্যিক জমি কীভাবে আবার সেই পুরোনো দাবিদারের নামে বরাদ্দের প্রস্তাব পেল? কেন উন্মুক্ত নিলাম বা প্রতিযোগিতামূলক প্রক্রিয়ার পরিবর্তে নির্দিষ্ট একজন ব্যক্তির নামে বরাদ্দের উদ্যোগ নেওয়া হলো? আর জমির মূল্য নির্ধারণে ২০২৪ সালের তথ্য কেন ব্যবহার করা হয়েছে, যখন প্রস্তাব পাঠানো হয়েছে ২০২৬ সালে?

 অনুসন্ধানে উঠে আসা তথ্য, প্রশাসনিক নথি ও আদালতের মামলার বিবরণে এসব প্রশ্ন সামনে এসেছে। বিষয়টি সরকারি সম্পত্তির ব্যবস্থাপনা, ভূমি প্রশাসনের স্বচ্ছতা এবং রাষ্ট্রীয় সম্পদের সুরক্ষা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

 
দুই শত কোটি টাকার জমি, বরাদ্দের প্রস্তাব ৮৩ কোটিতে
রাজধানীর ১০ নম্বর পুরানা পল্টন হোল্ডিংয়ের জমিটি বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর পাশে, পল্টন থানার আওতাধীন একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকায় অবস্থিত। ঢাকা জিরো পয়েন্ট ও মতিঝিল বাণিজ্যিক এলাকার কাছাকাছি হওয়ায় জমিটির অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এলাকাটি বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান, ট্রাভেল এজেন্সি, করপোরেট অফিস ও প্রকাশনা সংস্থার জন্য পরিচিত। সংশ্লিষ্ট সূত্রের দাবি, ১২ কাঠার এই জমির বর্তমান বাজারমূল্য দুই শত কোটি টাকার বেশি। অথচ জেলা প্রশাসকের প্রস্তাবে এর মূল্য নির্ধারণ করা হয়েছে ৮৩ কোটি টাকা।

নথির বিবরণ অনুযায়ী, জমির মূল্য নির্ধারণে ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সংশ্লিষ্ট মৌজায় সাব-রেজিস্ট্রি অফিসে নিবন্ধিত জমির ক্রয়-বিক্রয়ের তথ্য বিবেচনায় নেওয়া হয়েছে। কিন্তু প্রস্তাবটি ভূমি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে ২০২৬ সালের ২৭ জুলাই।

এখানেই প্রশ্ন উঠেছে, প্রায় দেড় বছরের পুরোনো মূল্যতথ্য ব্যবহার করে এত মূল্যবান সরকারি সম্পত্তির মূল্য নির্ধারণের যৌক্তিকতা কী? জমির প্রকৃত বাজারমূল্য নির্ধারণে সর্বশেষ প্রাসঙ্গিক তথ্য বিবেচনা করা হয়েছে কি না, সেটিও তদন্তের দাবি রাখে।

এ ছাড়া সরকারি জমি ব্যক্তি বা প্রতিষ্ঠানের অনুকূলে বরাদ্দের ক্ষেত্রে প্রযোজ্য বিধিবিধান, নিলামের বাধ্যবাধকতা এবং বিশেষ বন্দোবস্তের আইনি ভিত্তি যথাযথভাবে অনুসরণ করা হয়েছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।

৪২ বছরের দখল, মালিকানা নিয়ে মামলা এবং সরকারি সম্পত্তির বিরোধ
প্রশাসনিক নথি অনুযায়ী, জমিটি ঢাকা জেলার মতিঝিল মৌজার সিটি জরিপ ৫৬২ নম্বর প্রজা খতিয়ানের ২৩১ নম্বর দাগভুক্ত। জমির পরিমাণ ১২ কাঠা বা ০.১৯৮০ একর। এটি খাসমহালভুক্ত সরকারি সম্পত্তি হিসেবে লিজের আওতায় ছিল।

জমিটির মালিকানা দাবি করে একাধিক পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে মামলা-মোকদ্দমা চলে। সংশ্লিষ্ট নথিতে উল্লেখ রয়েছে, একটি পক্ষ ১৯৫৯ সালের ৩ ফেব্রুয়ারি ৯৬০ নম্বর দলিলের মাধ্যমে জনৈক রাইসা ইসলাম জমিটি লিজ নিয়েছিলেন বলে দাবি করে।

পরবর্তী সময়ে ১৯৮২ সালের ১৫ জানুয়ারি ১২০৪ নম্বর দলিলের মাধ্যমে সৈয়দ বদিউর রহমানের কাছে জমি হস্তান্তরের দাবি করা হয়। এরপর ১৯৮৪ সালের ২৪ সেপ্টেম্বর ৩৬৮৬ নম্বর দলিলে সৈয়দ বদিউর রহমান খাদিজা ইসলামের কাছে জমিটি হস্তান্তর করেন বলে দাবি ওঠে।

পরবর্তী সময়ে ১৯৮৫ সালের ৩ জুলাই ১৪৫৯৫ নম্বর দলিলের মাধ্যমে খাদিজা ইসলাম খাসমহাল হিসেবে জমিটির দ্বিতীয় মেয়াদে লিজ নবায়ন করেন বলে নথিতে উল্লেখ রয়েছে।

তবে জমিটির রেকর্ড নিয়ে জটিলতা তৈরি হয়। সিটি জরিপে জমিটি খাদিজা ইসলামের নামে রেকর্ড না হয়ে ৫৬২ নম্বর খতিয়ানে মোহাম্মদ ওয়াজ উদ্দিন, পিতা হাজী আফাজ উদ্দিনের নামে রেকর্ডভুক্ত হয়।

এ নিয়ে খাদিজা ইসলাম ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে ১১৭৩/০৮ নম্বর মামলা করেন। পরবর্তী সময়ে ওই মামলার আদেশের ভিত্তিতে সংশ্লিষ্ট দপ্তরে ১৪৪/১৩ নম্বর মিস মোকদ্দমার আদেশ অনুযায়ী তাঁর অনুকূলে ১৫৩০ নম্বর খতিয়ান সৃষ্টি এবং ১৫৬/৮ নম্বর জোত খোলা হয়।

এরপর জমিটির একাংশে খাবারের হোটেল নির্মাণ করে ব্যবসা পরিচালনার অভিযোগ রয়েছে। অবশিষ্ট অংশে ইন্টারন্যাশনাল ডেভেলপার কোম্পানির সাইনবোর্ডসহ নির্মাণসামগ্রী রাখা হয়েছিল বলে নথিতে উল্লেখ রয়েছে।

অনুসন্ধানী সূত্রগুলোর দাবি, খাদিজা ইসলাম দীর্ঘ প্রায় ৪২ বছর ধরে জমিটি ভোগদখলে রেখেছিলেন। এ সময়ে সরকারি সম্পত্তি ব্যবহারের বিপরীতে সরকার কোনো রাজস্ব বা আয় পেয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন রয়েছে।

 
আপিল বিভাগের রায়ে সরকারি সম্পত্তি ঘোষণা
জমিটির মালিকানা নিয়ে বিরোধ নিম্ন আদালত থেকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ ও আপিল বিভাগ পর্যন্ত গড়ায়।

প্রশাসনিক নথিতে দেওয়ানি মামলা নম্বর ৪৮৩/১৯৭৪, ১১৩/১৯৮৪, ১১২/১৯৮৪, ৬৬/১৯৯০ এবং দেওয়ানি আপিল নম্বর ১৬৭/২০১০-এর উল্লেখ রয়েছে।

এ ছাড়া ট্রান্সফার আপিল নম্বর ৭, ৮, ৯, ১০ ও ১১/২০১৪, সিভিল পিটিশন ফর লিভ টু আপিল ৪২৩২/২০১৮ এবং সিভিল আপিল ৩০-৩২/২০১৭-সহ একাধিক মামলা ও আপিলের বিষয়ও নথিতে উঠে এসেছে।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার পর ২০১৯ সালের ১৪ মে তৎকালীন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ বাংলাদেশের সংবিধানের ১০৪ অনুচ্ছেদ অনুসারে ‘কমপ্লিট জাস্টিস’ প্রদান করে সরকারের পক্ষে রায় দেন।

প্রশাসনিক প্রতিবেদনের বিবরণ অনুযায়ী, ওই রায়ে জমিটিকে সরকারি সম্পত্তি হিসেবে ঘোষণা করা হয় এবং সরকারি খাস দখলে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়।

তবে রায়ের পরও বিরোধের অবসান ঘটাতে রিভিউ আবেদন করা হয়। রিভিউ পিটিশন নম্বর ৪১১/২০১৯ ও ৩৯২/২০১৯-এর মাধ্যমে আপিল বিভাগের রায় পুনর্বিবেচনার আবেদন জানানো হয়।

২০২২ সালের ২১ জুলাই প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ সদস্যের ১ নম্বর বেঞ্চ আবেদন দুটি খারিজ করে দেন।

এর ফলে জমিটির মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিচারিক বিরোধের অবসান ঘটে। আদালতের রায়ের ভিত্তিতে জমিটির মালিকানা ও দখল সরকারের অনুকূলে প্রতিষ্ঠিত হয়।

 
খাস খতিয়ানে অন্তর্ভুক্তির নির্দেশ, বাতিল আগের রেকর্ড
সর্বোচ্চ আদালতের রায়ের পর জমিটির দখল গ্রহণ এবং রেকর্ড সংশোধনে উদ্যোগ নেয় ভূমি মন্ত্রণালয়।

নথি অনুযায়ী, ভূমি মন্ত্রণালয়ের খাসজমি-১ অধিশাখা ২০২২ সালের ২০ ডিসেম্বর ৩১,০০,০০০০.০৪.৪১.১৮৬.২২-৩৯২ নম্বর স্মারকে ঢাকা জেলার মতিঝিল মৌজার সিটি জরিপ ৫৬২ নম্বর খতিয়ানের ২৩১ নম্বর দাগের ০.২১১২ একর জমির দখল গ্রহণ এবং রেকর্ড সংশোধন করে পরবর্তী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়।

এর ধারাবাহিকতায় ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব শাখা ২০২৩ সালের ১৭ জানুয়ারি সংশ্লিষ্ট নির্দেশনা জারি করে।

পরে ৬৮/২৩ নম্বর মিসকেসের ২০২৩ সালের ২৬ এপ্রিলের আদেশে খাদিজা ইসলামের নামে আগে সৃষ্ট ১৫৩০ নম্বর খতিয়ানের ১৫৬/৮ নম্বর জোতের ০.১৯৮০ একর জমি কর্তন করা হয়।

একই সঙ্গে জমিটি ১ নম্বর খাস খতিয়ানে অন্তর্ভুক্ত করা হয়।

অর্থাৎ আদালতের রায় ও ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনার ভিত্তিতে খাদিজা ইসলামের নামে থাকা আগের রেকর্ড বাতিল করে জমিটি সরকারি খাস খতিয়ানে অন্তর্ভুক্ত করার প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়। এ অবস্থায় নতুন করে তাঁর নামেই জমি বরাদ্দের প্রস্তাব পাঠানোর বিষয়টি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।

 
এনএসআইয়ের কার্যালয় নির্মাণের জন্যও ছিল বন্দোবস্তের উদ্যোগ
জমিটি সরকারি খাস খতিয়ানে অন্তর্ভুক্ত হওয়ার পর সেখানে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) কার্যালয় নির্মাণের জন্য দীর্ঘমেয়াদি বন্দোবস্ত দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল।

প্রশাসনিক নথি অনুযায়ী, ২০২৩ সালের ১০ মে সহকারী কমিশনার (ভূমি), মতিঝিল রাজস্ব সার্কেল, ঢাকা থেকে জমিটি এনএসআইয়ের অনুকূলে দীর্ঘমেয়াদি বন্দোবস্ত দেওয়ার প্রস্তাব পাঠানো হয়।

পরবর্তী সময়ে ১৯ মে ২০২৩ তারিখে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রস্তাবটি ভূমি মন্ত্রণালয়ের সচিবের কাছে পাঠানো হয়।

এর পরিপ্রেক্ষিতে ভূমি মন্ত্রণালয় ২০২৩ সালের ১২ জুন ১৫২ নম্বর স্মারকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা, সেগুনবাগিচা, ঢাকার অনুকূলে অকৃষি খাসজমি দীর্ঘমেয়াদি বন্দোবস্ত দেওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র চায়।

চাওয়া কাগজপত্রের মধ্যে ছিল—

১. সিএস, এসএ, আরএস ও সর্বশেষ রেকর্ডের খতিয়ানের সত্যায়িত অনুলিপি।

২. সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা কার্যালয়ের প্রশাসনিক অনুমোদনপত্র।

৩. প্রস্তাবিত জমির দুই কপি লে-আউট প্ল্যান।

তবে প্রশাসনিক প্রতিবেদনে বলা হয়েছে, এনএসআই প্রয়োজনীয় প্রশাসনিক অনুমোদনপত্র দাখিল না করায় পরবর্তী সময়ে ভূমি মন্ত্রণালয়ে প্রয়োজনীয় তথ্যাদি পাঠানো হয়নি। ফলে সংস্থাটির অনুকূলে জমিটি বন্দোবস্তের প্রক্রিয়া আর এগোয়নি।

কিন্তু এরপরই একই জমি নিয়ে নতুন উদ্যোগের বিষয়টি সামনে আসে। অভিযোগ অনুযায়ী, সরকারি সংস্থার অনুকূলে বন্দোবস্তের প্রক্রিয়া এগিয়ে না গেলেও পুরোনো মালিকানা দাবিদার খাদিজা ইসলামের নামে জমিটি বরাদ্দের প্রস্তাব পাঠান জেলা প্রশাসক ফরিদা খানম।

এতে সরকারি সম্পত্তির ভবিষ্যৎ ব্যবহার ও বরাদ্দপ্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।

 
নিলাম ছাড়া বরাদ্দের প্রস্তাব, আইনি ভিত্তি কোথায়?
সরকারি জমি ব্যক্তি বা প্রতিষ্ঠানের অনুকূলে বন্দোবস্ত দেওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট নীতিমালা ও প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ করতে হয়। জমির শ্রেণি, ব্যবহার, সরকারি প্রয়োজন, বরাদ্দের উদ্দেশ্য এবং প্রযোজ্য বিধিবিধানের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার কথা।

এই জমির ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, সরকারি খাস খতিয়ানে অন্তর্ভুক্তির পর কোন আইনি ক্ষমতাবলে নির্দিষ্ট একজন ব্যক্তির নামে বরাদ্দের প্রস্তাব করা হয়েছে?

যদি জমিটি ব্যক্তিগত বাণিজ্যিক ব্যবহারের জন্য বরাদ্দের উপযোগী বলে বিবেচিত হয়, তাহলে উন্মুক্ত ও প্রতিযোগিতামূলক প্রক্রিয়া অনুসরণের বিষয়টি কেন বিবেচনায় নেওয়া হয়নি, সেটিও স্পষ্ট হওয়া প্রয়োজন।

বিশেষ করে যার বিরুদ্ধে দীর্ঘদিন সরকারি জমি অবৈধভাবে দখলে রাখা এবং মালিকানা নিয়ে মামলা করার অভিযোগ রয়েছে, তাঁর নামেই আবার বরাদ্দের প্রস্তাব পাঠানোর যৌক্তিকতা কী?

এ ক্ষেত্রে জমির ৪২ বছরের ব্যবহার, সম্ভাব্য বকেয়া লিজমানি, ক্ষতিপূরণ এবং সরকারি রাজস্বের ক্ষয়ক্ষতি নিরূপণের বিষয়টিও গুরুত্বপূর্ণ।

এসব বিষয়ে ভূমি মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের কাছে স্পষ্ট ব্যাখ্যা থাকা প্রয়োজন।

 

চট্টগ্রাম থেকে ঢাকায়: ডিসি ফরিদা খানমকে ঘিরে আগের অভিযোগও আলোচনায়
জেলা প্রশাসক ফরিদা খানমের প্রশাসনিক কর্মকাণ্ড নিয়েও অতীতে বিতর্ক ও অভিযোগের কথা অনুসন্ধানী সূত্রগুলো উল্লেখ করেছে।

প্রকাশিত প্রতিবেদনগুলোর দাবি, চট্টগ্রামের জেলা প্রশাসক থাকাকালে তাঁর বিরুদ্ধে দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ ওঠে এবং দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত শুরু করে। পরবর্তী সময়ে তিনি চট্টগ্রামের জেলা প্রশাসকের পদ থেকে প্রত্যাহার হন বলে সংশ্লিষ্ট প্রতিবেদনগুলোতে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া ঢাকার জেলা প্রশাসক হিসেবে পদায়ন পেতে ৩০ কোটি টাকা লেনদেনের অভিযোগও বিভিন্ন প্রতিবেদনে প্রকাশিত হয়েছিল। তবে এ ধরনের আর্থিক লেনদেনের অভিযোগের সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত করা এবং সংশ্লিষ্ট তদন্তের চূড়ান্ত ফল জানা প্রয়োজন।

অন্যদিকে, নিজেকে সৎ ও দুর্নীতিবিরোধী কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠা করতে ফরিদা খানম বিভিন্ন সময় উদ্যোগ নিয়েছেন বলে তাঁর কর্মকাণ্ডে দেখা যায়।

সম্প্রতি বোরকা পরে উত্তরখান ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনের ঘটনাও আলোচনায় আসে। সাধারণ মানুষ ভূমিসেবা পেতে কোনো ধরনের হয়রানি বা অনিয়মের শিকার হচ্ছেন কি না, তা পর্যবেক্ষণের উদ্দেশ্যেই তিনি সেখানে গিয়েছিলেন বলে জানা যায়।

কিন্তু এর অল্প সময়ের মধ্যেই তাঁর অধীনস্থ ভূমি অফিসের একজন কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ লেনদেনের অভিযোগে দুদকের অভিযান নতুন করে প্রশ্ন তুলেছে।

৮০ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ, হাতেনাতে আটক সার্ভেয়ার
দুদকের তথ্য অনুযায়ী, ঢাকার লালবাগ রাজস্ব সার্কেলের সার্ভেয়ার মোহাম্মদ আসাদুল ইসলামের বিরুদ্ধে জমির সীমানা নির্ধারণ ও নামজারি করে দেওয়ার বিনিময়ে এক ব্যক্তির কাছে ৮০ লাখ টাকা ঘুষ দাবি করার অভিযোগ ওঠে।

এই অভিযোগের পরিপ্রেক্ষিতে ২০২৬ সালের ৩ নভেম্বর দুদক পরিকল্পিত ফাঁদ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে এক লাখ টাকা ঘুষ গ্রহণের সময় তাঁকে হাতেনাতে আটক করা হয় বলে দুদকের পক্ষ থেকে জানানো হয়।

ঘটনাটি ঢাকার ভূমি প্রশাসনের অধীনস্থ কার্যালয়গুলোতে দুর্নীতি ও সেবাপ্রার্থীদের হয়রানির অভিযোগকে আবারও সামনে নিয়ে এসেছে।

ভুক্তভোগীদের একটি অংশের অভিযোগ, বর্তমান জেলা প্রশাসকের সময়ে বিভিন্ন ভূমি অফিসে ঘুষ লেনদেন ও হয়রানির প্রবণতা বেড়েছে। যদিও এসব অভিযোগের সামগ্রিক সত্যতা নির্ধারণে স্বাধীন তদন্ত প্রয়োজন।

তবে একজন সার্ভেয়ারের বিরুদ্ধে দুদকের সরাসরি অভিযান এবং একই সময়ে শতকোটি টাকার সরকারি জমি নিয়ে বিতর্কিত বরাদ্দ প্রস্তাব—দুটি ঘটনাই ঢাকার ভূমি প্রশাসনের জবাবদিহি নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তৈরি করেছে।

 

রাষ্ট্রীয় সম্পত্তি রক্ষার দায়িত্ব, নাকি বিতর্কিত বরাদ্দের উদ্যোগ?
পুরানা পল্টনের এই ১২ কাঠা জমির ঘটনা কেবল একটি প্লটের মালিকানা কিংবা বরাদ্দের প্রশ্ন নয়। এর সঙ্গে জড়িয়ে রয়েছে রাষ্ট্রীয় সম্পত্তি রক্ষা, আদালতের রায়ের বাস্তবায়ন, সরকারি রাজস্ব আদায় এবং ভূমি প্রশাসনের নিরপেক্ষতার বিষয়।

একদিকে সর্বোচ্চ আদালতের রায়ে জমিটি সরকারি সম্পত্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। অন্যদিকে ভূমি মন্ত্রণালয়ের নির্দেশে আগের রেকর্ড বাতিল করে জমিটি খাস খতিয়ানে অন্তর্ভুক্ত করা হয়েছে। এমনকি সরকারি একটি গুরুত্বপূর্ণ সংস্থার কার্যালয় নির্মাণের জন্যও জমিটি বন্দোবস্ত দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল।

এরপর একই জমি পুরোনো দাবিদারের নামে ৮৩ কোটি টাকায় বরাদ্দের প্রস্তাব পাওয়ায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে।

জেলা প্রশাসক ফরিদা খানমের পাঠানো প্রস্তাবের আইনগত ভিত্তি কী? জমির মূল্য নির্ধারণে ২০২৪ সালের তথ্য ব্যবহারের অনুমোদন কোথা থেকে এসেছে? নিলাম বা প্রতিযোগিতামূলক প্রক্রিয়া ছাড়াই বরাদ্দের সুযোগ আছে কি না? আদালতের রায় ও খাস খতিয়ানে অন্তর্ভুক্তির পর নতুন করে বরাদ্দের প্রস্তাব পাঠানোর প্রশাসনিক যুক্তি কী?

এসব প্রশ্নের উত্তর কেবল সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্যেই নয়, বরং মূল নথি, আইনগত মতামত এবং স্বাধীন তদন্তের মাধ্যমেই স্পষ্ট হওয়া প্রয়োজন।

কারণ সরকারি সম্পত্তি কোনো কর্মকর্তা বা ব্যক্তির ব্যক্তিগত সম্পদ নয়। জনগণের সম্পদের সুরক্ষা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। আর সেই দায়িত্ব পালনে যাঁদের হাতে প্রশাসনিক ক্ষমতা ন্যস্ত, তাঁদের প্রতিটি সিদ্ধান্তের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করাও সমান জরুরি।

২০০ কোটি টাকার বেশি মূল্যমানের একটি সরকারি জমি ৮৩ কোটি টাকায় নির্দিষ্ট ব্যক্তির নামে বরাদ্দের প্রস্তাব—এটি কি নিছক প্রশাসনিক সিদ্ধান্ত, নাকি এর পেছনে রয়েছে আরও কোনো স্বার্থ? সেই প্রশ্নের উত্তর এখন ভূমি মন্ত্রণালয়, দুর্নীতি দমন কমিশন এবং সংশ্লিষ্ট প্রশাসনের কাছেই প্রত্যাশিত।

 


নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ