কোন ধাপে কত ইউপিতে নির্বাচন, আগে ভোট হবে যেসব ইউনিয়নে
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৬-১১-২০২৬ ০২:০৩:০১ অপরাহ্ন
আপডেট সময় :
১৬-১১-২০২৬ ০২:০৩:০১ অপরাহ্ন
দেশের প্রায় ৪ হাজার ৩০০ ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী বছরের ২৭ মের মধ্যে শেষ করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। পাঁচ ধাপে এসব নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম ধাপের ভোট হবে ২১ জানুয়ারি, আর শেষ ধাপের ভোট ২৭ মে।
সোমবার (১৬ নভেম্বর) নির্বাচন কমিশনের ১৩তম সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
তিনি বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন পাঁচটি ধাপে আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। ধাপগুলো হলো- প্রথম ধাপে ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ও শেষ ধাপে ২৭ মে। প্রতিটি ভোটের দিন বৃহস্পতিবার।
ইসি সানাউল্লাহ বলেন, প্রথম ধাপে ১৩১ উপজেলায় ১ হাজার ১২৬ ইউনিয়ন, দ্বিতীয় ধাপে ১২৯টি উপজেলায় ১ হাজার ১০০ ইউনিয়নে, তৃতীয় ধাপে ১১৮ উপজেলায় ১ হাজার ২ ইউনিয়নে, চতুর্থ ধাপে ৯৩ উপজেলায় ৭৯৩ ইউনিয়নে ও পঞ্চম ধাপে ৩৭ উপজেলায় ৩৫০ ইউনিয়নে ভোট অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশনার বলেন, যেসব ইউনিয়ন পরিষদের মেয়াদ শেষ হয়েছে সেগুলোর নির্বাচন আগে শেষ হবে। সব জেলায় একই সঙ্গে নির্বাচন শুরু করার পরিকল্পনা রয়েছে। এ ক্ষেত্রে উপজেলা সদরসংলগ্ন ইউনিয়ন এবং যেসব ইউনিয়ন পরিষদের মেয়াদ বেশি পেরিয়ে গেছে, সেগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে। এরপর বাকি উপজেলাগুলোতে বর্ণানুক্রমিকভাবে নির্বাচন আয়োজন করবে কমিশন।
নির্বাচনের তপশিল কবে ঘোষণা করা হবে জানতে চাইল সানাউল্লাহ বলেন, সাধারণত ভোটের প্রায় ছয় সপ্তাহ আগে সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তা তপশিল ঘোষণা করবেন। ভোটের তারিখের ৩৮ থেকে ৪৫ দিন আগে তপশিল ঘোষণার সম্ভাবনা রয়েছে।
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আলাদা বৈঠক করবে কমিশন। এর আগে অনুষ্ঠিত বৈঠকে বাহিনীগুলো জানিয়েছিল, নভেম্বরের মধ্যে তাদের প্রশিক্ষণ কার্যক্রম শেষ হবে।
সভায় ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নিয়েও আলোচনা হয়েছে। কমিশন আগেই সিদ্ধান্ত নিয়েছে, ভবিষ্যতে নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে না। তবে সংরক্ষিত এসব যন্ত্র নিয়ে এখনো বিভিন্ন জটিলতা রয়েছে।
সানাউল্লাহ বলেন, ইভিএম-সংক্রান্ত কমিটির বক্তব্য শুনেছে কমিশন। যন্ত্রগুলো নিষ্পত্তি এবং আগের কমিটির সিদ্ধান্ত বাস্তবায়নের বিষয়ে সংশ্লিষ্ট কমিটিকে নির্দেশনা দেওয়া হয়েছে। দুর্নীতি দমন কমিশনসহ আইনি কার্যক্রমের জন্য প্রয়োজনীয় আলামত সংরক্ষণ করে বাকি ইভিএম দ্রুত নিষ্পত্তি করতে চায় কমিশন।
এ ছাড়া জাতীয় নির্বাচন পদক নীতিমালা ২০২৫-এর একটি খসড়া সভায় উপস্থাপন করা হয়েছে। তবে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। কমিশনাররা খসড়াটি পর্যালোচনা করে আলাদাভাবে মতামত দেবেন। গত বছর এ পদক দেওয়া হয়নি, চলতি বছরের পদকও এখনো বাকি রয়েছে।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স