ঢাকা , মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ , ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানের চেয়েও আওয়ামী লীগ দেশের বেশি ক্ষতি করেছে: তথ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৬-১১-২০২৬ ০৪:৩৭:৩৬ অপরাহ্ন
আপডেট সময় : ১৬-১১-২০২৬ ০৪:৩৭:৩৬ অপরাহ্ন
পাকিস্তানের চেয়েও আওয়ামী লীগ দেশের বেশি ক্ষতি করেছে: তথ্যমন্ত্রী




তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান বলেছেন, পাকিস্তান বাংলাদেশের যতটা ক্ষতি করেছে, গত ১৭ বছরে আওয়ামী লীগ দেশের অর্থনীতির তার চেয়েও বেশি ক্ষতি করেছে। সোমবার (১৬ নভেম্বর) সচিবালয়ে অনলাইন এডিটরস ফোরামের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।



তথ্যমন্ত্রী বলেন, ‘আমরা হয়তো ফ্যাসিস্ট ফ্যাসিস্ট বলেছি, বাট আমাদের ভবিষ্যৎটা কীভাবে ধ্বংস করে দিয়ে গেছে এবং কী অবস্থায়, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে খারাপ সময়ে বাংলাদেশের দায়িত্ব পেয়েছেন। ১৯৪৭ সাল থেকে ১৯৭১ সাল পর্যন্ত পাকিস্তান আমাদের অত ক্ষতি করে নাই, গত ১৭ বছরের ইকোনমির যত ধ্বংস আওয়ামী লীগ করে দিয়ে গেছে।’

তিনি বলেন, আওয়ামী লীগের ১৭ বছরের শাসনামলে রাজনৈতিক চর্চা ও ব্যবস্থা ধ্বংস হয়েছে। পুরো সিস্টেম ভেঙে পড়েছে। সেখান থেকে বর্তমান সরকারকে নতুন করে কাজ শুরু করতে হচ্ছে। এ জন্য সরকারকে সময় দিতে হবে।


সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, তিন বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাস দেওয়ার পরও মানুষকে ভাবতে হতো কোন শব্দ ব্যবহার করবেন, সেটি মুছে ফেলতে হবে কি না। কিন্তু বর্তমান সরকার সংবাদমাধ্যমের কাজে হস্তক্ষেপ করে না। বরং সংবাদমাধ্যমের সহযোগিতা চায়, যাতে মানুষ ভুল তথ্যের ভিত্তিতে পরিচালিত না হয়।


আন্দালিভ রহমান বলেন, বর্তমান সরকারেরও বিভিন্ন ক্ষেত্রে ভুলত্রুটি থাকতে পারে। তবে জাতীয় পর্যায়ের দুর্নীতি, ব্যাংক লুট, খেলাপি ঋণ ও হাজার হাজার কোটি টাকা পাচারের মতো ঘটনা এখন সামনে আনা প্রয়োজন। এসব অনিয়মের বিষয়েও সংবাদমাধ্যমের অনুসন্ধান ও প্রতিবেদন প্রত্যাশা করেন তিনি।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের ১৭ বছরের শাসনামলে যে ক্ষতি হয়েছে, বর্তমান সরকারকে সেই পরিস্থিতি মোকাবিলা করতে হচ্ছে। সংবাদমাধ্যমে এসব ক্ষতির কারণ তুলে ধরার পাশাপাশি সরকারকে কাজ করার জন্য জনগণ ও গণমাধ্যমের সময় দেওয়া উচিত। এ সময় অনলাইন এডিটরস ফোরামের আহ্বায়ক শরিফুজ্জামান পিন্টু ও সদস্যসচিব গোলাম ইফতেখার মাহমুদসহ নির্বাহী কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।


নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ