ঢাকা , মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ , ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পারিবারিক শিক্ষাই পারে সমাজের বিদ্যমান সমস্যা দূর করতে: ইশরাক হোসেন

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৬-১১-২০২৬ ০৪:৪৯:৩২ অপরাহ্ন
আপডেট সময় : ১৬-১১-২০২৬ ০৪:৪৯:৩২ অপরাহ্ন
পারিবারিক শিক্ষাই পারে সমাজের বিদ্যমান সমস্যা দূর করতে: ইশরাক হোসেন



সমাজের বিদ্যমান সমস্যাগুলো সমাধানে পারিবারিক শিক্ষা ও শৃঙ্খলার ওপর গুরুত্ব দিয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। তিনি বলেন, পরিবার থেকেই সন্তানদের নৈতিক শিক্ষা ও শৃঙ্খলার চর্চা গড়ে তুলতে হবে। পারিবারিক বন্ধন ও অনুশাসনের মধ্য দিয়ে সন্তানদের ভালো মানুষ হিসেবে গড়ে তোলা সম্ভব।
সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর গেন্ডারিয়ায় মনিজা রহমান গার্লস স্কুল অ্যান্ড কলেজের ছয়তলাবিশিষ্ট একাডেমিক ভবনের উদ্বোধন ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।


অভিভাবকদের উদ্দেশে ইশরাক হোসেন বলেন, ‘পারিবারিক শিক্ষা এবং পারিবারিক শৃঙ্খলার মাধ্যমে কিন্তু আমরা আমাদের সমাজকে গড়ে তুলতে চাই। সমাজে যে বিদ্যমান সমস্যাগুলো রয়েছে, সেই সমস্যাগুলো সমাধানের জন্য আগে আমাদের বাড়ি থেকে শিক্ষা এবং পারিবারিক বন্ধনের মাধ্যমে সমাধানের দিকে যেতে হবে।’

নিজের শৈশবের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ছোটবেলায় তাকে অনেক শৃঙ্খলার মধ্য দিয়ে বড় হতে হয়েছে। দ্বাদশ শ্রেণিতে পড়া পর্যন্ত তার মোবাইল ফোন ব্যবহারের অনুমতি ছিল না। দশম শ্রেণিতে পড়ার সময় চাচা একটি মোবাইল ফোন উপহার দিলেও দুই বছর সেটি খুলতে পারেননি। তাঁর মা মোবাইল ব্যবহারের অনুমতি দেননি।


ইশরাক বলেন, তখন মায়ের কঠোরতা অনেক সময় খারাপ লাগলেও এখন বুঝতে পারেন, সেই অনুশাসনের কারণেই সমাজের অনেক খারাপ বিষয় থেকে নিজেকে দূরে রাখতে পেরেছেন। নিজের নীতি-আদর্শ ধরে রেখে ভালো মানুষ হিসেবে গড়ে ওঠার পেছনে পারিবারিক শৃঙ্খলার ভূমিকা রয়েছে বলে তিনি বিশ্বাস করেন।



শিক্ষার্থীদের উদ্দেশে সংসদ সদস্য বলেন, হাইস্কুলের সময়টা একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ একাডেমিক ও পেশাগত জীবনের গতিপথ নির্ধারণ করে দেয়। এমনকি ভবিষ্যতে একজন মানুষ হিসেবে কীভাবে বেড়ে উঠবে, সেটিও অনেকাংশে এই সময়ের ওপর নির্ভর করে।

অনুষ্ঠানে শিক্ষাপ্রতিষ্ঠানটি সরকারীকরণের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন ইশরাক হোসেন। তিনি বলেন, বর্তমান বিএনপি সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, ১০০ বছরের বেশি পুরোনো শিক্ষাপ্রতিষ্ঠান সরকারীকরণের উদ্যোগ নেওয়া হয়েছে। মনিজা রহমান গার্লস স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকেও এ বিষয়ে আবেদন করা হয়েছে বলে তিনি জানতে পেরেছেন।

তিনি বলেন, সরকারীকরণের জন্য তৈরি করা তালিকায় প্রতিষ্ঠানটিকে অগ্রাধিকার দিয়ে কীভাবে সরকারীকরণ করা যায়, সে বিষয়ে শিক্ষামন্ত্রী, শিক্ষা প্রতিমন্ত্রী ও প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন। ১৯৯২ সাল থেকে চলে আসা এলাকাবাসী ও শিক্ষাপ্রতিষ্ঠানটির দীর্ঘদিনের দাবি পূরণে কাজ করার আশ্বাস দেন তিনি। নিজের বাবার অসমাপ্ত কাজ সম্পন্ন করাও তার জন্য বিশেষ অনুপ্রেরণা বলে উল্লেখ করেন।

এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানটির জেনারেটরের প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়ে সহায়তার আশ্বাস দেন সংসদ সদস্য। এ জন্য প্রয়োজনীয় সক্ষমতা ও আর্থিক ব্যয়ের বিবরণসহ তার কাছে আবেদন দেওয়ার পরামর্শ দেন তিনি। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর অথবা অন্য কোনো উৎস থেকে অনুদানের মাধ্যমে জেনারেটরের ব্যবস্থা করার চেষ্টা করবেন বলে জানান। আগামী গ্রীষ্মের আগেই অন্তত লাইট ও ফ্যান চালানোর মতো ব্যবস্থা করার চেষ্টা থাকবে বলেও উল্লেখ করেন তিনি।


নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ