ঢাকা , মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ , ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বুকের রক্তে গড়া মাথা গোঁজার ঠাঁই আজ কেড়ে নিল নিজেরই কলিজার টুকরো সন্তানেরা! মিরপুরে পক্ষাঘাতগ্রস্ত স্বামীর সাথে অসহায় ও অসুস্থ মায়ের হাহাকার।

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৬-১১-২০২৬ ১১:১৯:৪৯ অপরাহ্ন
আপডেট সময় : ১৬-১১-২০২৬ ১১:১৯:৪৯ অপরাহ্ন
বুকের রক্তে গড়া মাথা গোঁজার ঠাঁই আজ কেড়ে নিল নিজেরই কলিজার টুকরো সন্তানেরা! মিরপুরে পক্ষাঘাতগ্রস্ত স্বামীর সাথে অসহায় ও অসুস্থ মায়ের হাহাকার।
​নিজস্ব প্রতিবেদক, ঢাকা: যে কোল একসময় ছিল সন্তানের নিরাপদ আশ্রয়, আজ সেই মায়ের নিঃসঙ্গ জীবনের ঠিকানা হয়েছে খোলা আকাশ কিংবা মানবেতর পথঘাট। গর্ভধারিণী মাকে তিল তিল করে গড়ে তোলা নিজের রক্ত-মাংসের ভিটেমাটি থেকে নির্যাতন চালিয়ে বের করে দেওয়ার এক হৃদয়বিদারক ও মর্মান্তিক অভিযোগ উঠেছে রাজধানীর মিরপুর ১১ নম্বর সেকশনের রোড ১২ এলাকায়। পেটে ভাত নেই, নেই ওষুধের জোর—এমন এক চরম ক্রান্তিলাগ্নে সমাজের কাছে একটু মানবিক বিচার আর মাথা গোঁজার ঠাঁইয়ের আকুতি জানিয়েছেন অসহায় মা শাহিদা বেগম। ​অনুসন্ধানে জানা যায়, ভুক্তভোগী শাহিদা বেগম ও তাঁর প্যারালাইজড (পক্ষাঘাতগ্রস্ত) স্বামী নিজেদের সারাজীবনের কষ্টের জমানো অর্থে মিরপুর ১১ নম্বরে দুটি ফ্ল্যাট ও দুটি দোকান নির্মাণ করেছিলেন। বর্তমানে এই সম্পত্তিগুলো জোরপূর্বক জবরদখল করে রেখেছেন তাঁদেরই দুই ছেলে। পক্ষাঘাতগ্রস্ত বাবাকে নিজেদের জিম্মায় রাখা হলেও, বার্ধক্যের ভারে ন্যুব্জ ও অসুস্থ মা শাহিদা বেগমকে ঘর থেকে নির্মমভাবে তাড়িয়ে দেওয়া হয়েছে। ​মায়ের ওপর এই অমানবিক নির্যাতনের প্রতিবাদ করতে গেলে ওই দুই ভাই নিজের বোনদের ওপরও চড়াও হন এবং তাদের মারধর করেন। ফলে চাইলেও নির্যাতিতা মায়ের পাশে দাঁড়াতে পারছেন না তাঁর কন্যারা। বিভিন্ন জটিল রোগে আক্রান্ত বৃদ্ধা শাহিদা বেগম কান্নাজড়িত কণ্ঠে জানান, তিনি করুণা চান না, কেবল নিজের কষ্টে গড়া একটি ফ্ল্যাটে থাকতে চান এবং একটি ফ্ল্যাট ও দুটি দোকানের ভাড়া থেকে তাঁর নিয়মিত চিকিৎসা ও জীবনযাত্রার খরচটুকু চালাতে চান। ​কিন্তু পাষণ্ড ছেলেরা তাঁকে এক মুঠো ভাত বা চিকিৎসার খরচ তো দিচ্ছেই না, উল্টো বাড়ি থেকে ঘাড়ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। উপায় না পেয়ে থানায় দারস্থ হলেও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে উল্লেখযোগ্য কোনো সহযোগিতা মেলেনি বলে অভিযোগ করেন তিনি। উল্টো প্রভাবশালীদের প্রভাবে পুলিশ নীরব ভূমিকা পালন করছে বলে দাবি তাঁর। ​এ বিষয়ে অভিযুক্ত ছেলেদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁরা গণমাধ্যমের প্রতিনিধিদের সাথে অত্যন্ত ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন এবং বিষয়টি নিয়ে আইনি লড়বেন বলে জানিয়ে এড়িয়ে যান। ​জীবনের এই শেষ সায়াহ্নে এসে নিজের অধিকার ফিরে পেতে এবং একটু মানবিক আশ্রয়ের জন্য প্রশাসন ও সমাজের প্রতিটি বিবেকবান, সচেতন মহলের জরুরি হস্তক্ষেপ ও জোরালো আইনি সহায়তা কামনা করেছেন সর্বস্বান্ত এই মা।


নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ