ঢাকা , বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ , ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জয় চৌধুরীকে ‘ফ্যাসিস্ট’ বলায় স্ত্রীর প্রতিবাদ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৭-১১-২০২৬ ০৪:১১:৪০ অপরাহ্ন
আপডেট সময় : ১৭-১১-২০২৬ ০৪:১১:৪০ অপরাহ্ন
জয় চৌধুরীকে ‘ফ্যাসিস্ট’ বলায় স্ত্রীর প্রতিবাদ



বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাসাসের আহ্বায়ক ও অভিনেতা হেলাল খানের বিরুদ্ধে অকথ্য ভাষায় গালাগাল ও হুমকির অভিযোগ তুলে চলচ্চিত্রের ১৯টি সংগঠনের আহ্বায়ক কমিটি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন চিত্রনায়ক জয় চৌধুরী। হেলাল খানের নেতৃত্বের প্রতি অনাস্থা জানিয়ে সোমবার (১৬ নভেম্বর) রাতে এ সিদ্ধান্তের কথা জানান তিনি। অন্যদিকে, এফডিসিতে জয় চৌধুরীকে ‘ফ্যাসিস্ট’ বলে গালাগালের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন তার স্ত্রী চিত্রনায়িকা রোমানা নীড়।

রোববার (১৫ নভেম্বর) বিকেলে এফডিসিতে জয় চৌধুরীকে ‘ফ্যাসিস্ট’ বলে ধমক দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে এই বিরোধের শুরু। ওই দিনের একটি ভিডিওতে হেলাল খানকে জয় চৌধুরীর উদ্দেশে ‘তুই ফ্যাসিস্ট’ বলতে শোনা যায়।

ঘটনার প্রতিবাদ জানিয়ে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দেন রোমানা নীড়। সেখানে তিনি লেখেন, ‘আমার স্বামীর পারিবারিক শিক্ষা রয়েছে। সে ধৈর্যসহকারে বিএনপির জাসাস আহ্বায়ক নায়ক হেলাল খানকে বোঝানোর চেষ্টা করেছে। তারপরও হেলাল খান আমার স্বামীকে ফ্যাসিস্ট বলেছেন, অকথ্য ভাষায় গালাগাল দিয়েছেন। যা তিনি মোটেও ঠিক করেননি, কারণ এফডিসি কোনো রাজনীতি করার জায়গা নয়।’

এফডিসিকে একটি অরাজনৈতিক স্থান হিসেবে উল্লেখ করে রোমানা নীড় আরও লেখেন, ‘সেখানে বিভিন্ন দলের সমর্থক থাকতে পারেন। কিন্তু প্রকাশ্যে কোনো দলের নেতা এফডিসিতে ঢুকে হুমকি প্রদর্শন করতে পারেন না। তাই আমি মনে করি এফডিসি অরাজনৈতিক স্পট এবং প্রতিটি সংগঠন কোনো দলের সঙ্গে জড়িত থাকতে পারে না।’

এদিকে কমিটির সভাপতি হেলাল খানের নেতৃত্বের প্রতি অনাস্থা জানিয়ে জয় চৌধুরী অভিযোগ করেন, হেলাল খান নিজেই শিল্পীদের গালাগাল করেছেন। পাশাপাশি তার সহযোগী হিসেবে পরিচিত কয়েকজন বহিরাগত ব্যক্তিও শিল্পীদের মারধরের হুমকি দিয়েছেন।

জয় চৌধুরীর দাবি, হেলাল খানের সামনে তার সহযোগীরা শিল্পীদের উদ্দেশে অশালীন ভাষায় কথা বলেছেন। এমনকি চলচ্চিত্র শিল্পী সমিতি ভেঙে দেওয়া এবং সমিতির সদস্যদের এফডিসি থেকে বের করে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে।

এ পরিস্থিতিতে হেলাল খানের নেতৃত্বে কাজ করতে চান না বলে জানিয়েছেন এই অভিনেতা। তিনি বলেন, ‘যে নেতার কাছে আমরা শিল্পীরা নিরাপদ নই, সেক্ষেত্রে আমি চলচ্চিত্রের ১৯টি সংগঠন থেকে পদত্যাগ করব। এমন নেতার নেতৃত্বে আমি থাকতে চাই না, যিনি নিজেই শিল্পীদের গালাগাল করেন।’

জানা গেছে, পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে রোববার বিকেলে এফডিসির প্রধান ফটকে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। এতে অংশ নেন হেলাল খান, সংগীতশিল্পী ইথুন বাবু, চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল, সংগীতশিল্পী দিঠি আনোয়ার ও মৌসুমী চৌধুরীসহ চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিরা।

তবে এফডিসিতে উপস্থিত থাকলেও ওই কর্মসূচিতে যোগ দেননি জয় চৌধুরী ও শিল্পী সমিতির কয়েকজন সদস্য। কর্মসূচি শেষ হওয়ার পর শিল্পী সমিতি চত্বরে গিয়ে জয় চৌধুরীর সঙ্গে কথা বলেন হেলাল খান। একপর্যায়ে দুজনের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। ওই ঘটনার পরই হেলাল খানের নেতৃত্ব নিয়ে নিজের আপত্তির কথা প্রকাশ করেন জয় চৌধুরী।


নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ