ঢাকা , বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ , ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

তওবা করতে হবে বায়তুল মোকররম খতিবকে, হেফাজত আমিরের চিকিৎসা প্রয়োজন

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৭-১১-২০২৬ ০৪:৩৭:১২ অপরাহ্ন
আপডেট সময় : ১৭-১১-২০২৬ ০৪:৩৭:১২ অপরাহ্ন
তওবা করতে হবে বায়তুল মোকররম খতিবকে, হেফাজত আমিরের চিকিৎসা প্রয়োজন




বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব আল্লামা মুফতি আব্দুল মালেক এবং হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সমালোচনা করেছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও ইসলামি বক্তা মুফতি আমির হামজা। জামায়াতে ইসলামীকে নিয়ে খতিবের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে তার তওবা করা উচিত। একই সঙ্গে বাবুনগরীর সাম্প্রতিক বক্তব্য নিয়েও আপত্তি জানান তিনি।

সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাতে নারায়ণগঞ্জের বন্দরের দক্ষিণ লক্ষণখোলা পৌরসভা ফুটবল মাঠে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলে প্রধান মুফাসসিরের বক্তব্যে এসব কথা বলেন আমির হামজা।

বায়তুল মোকাররমের খতিবের বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, খতিব সাহেব ফতোয়া দিয়েছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যারা যায় তারা গুমরাহ। তাহলে আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী কি গুমরাহ ছিলেন? আপনার তওবা করা উচিত।


জামায়াতে ইসলামীর সাংগঠনিক পদ্ধতিতে ভুল থাকতে পারে উল্লেখ করে আমির হামজা বলেন, যারা আন্তরিকভাবে দলটি করেন, তাদের ইখলাসে কোনও ঘাটতি নেই। তার ভাষ্য, যারা মন থেকে জামায়াতে ইসলামী করে তাদের ইখলাসে কোনও ভুল নাই। তাহলে ফাঁসির দড়ি গলায় নিতো না।

হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর বক্তব্যের সমালোচনা করে আমির হামজা বলেন, মুরুব্বি ইদানীং খারাপ কথা বলেন। এত নিকৃষ্ট শব্দ উনার মুখ দিয়ে আসে, উনাকে মাইকের সামনে নিয়ে আসেন কেন? এরকম মুরুব্বি, যার কথা ঠিক নেই, মাথা ঠিক নেই, তাকে বাড়িতে বসিয়ে চিকিৎসা করান।

বাবুনগরী তাকে ও মামুনুল হককে নিয়ে কটূক্তি করেছেন বলেও অভিযোগ করেন আমির হামজা। তিনি বলেন, তিনি মামুনুল হককে গালি দিয়েছেন। আমাকে গালি দিয়েছেন। তিনি আমাকে যেটা বলে গালি দিয়েছেন, আমি যদি সেটা না হয়ে থাকি, তাহলে আপনি ওইটা।

ওয়াজ মাহফিলে বাধা দেওয়া এবং তাকে বিতর্কিত বলার প্রসঙ্গেও কথা বলেন এই সংসদ সদস্য। তিনি বলেন, যারা মাহফিলে বাধা দেন, তারা কাফের। তাকে বিতর্কিত আখ্যা দেওয়ার প্রসঙ্গে আমির হামজার দাবি, সংসদ নির্বাচনে মনোনয়ন পাওয়ার আগে তার বিরুদ্ধে এ ধরনের সমালোচনা ছিল না। তিনি আরও বলেন, যারা আমাদের ভুলের কথা বলে তাদের ভুলের শেষ নেই। যারা মাকে খাবার দেয় না, তারা আমাদের নিয়ে কথা বলে।

এর আগে আমির হামজার এই মাহফিলে অংশগ্রহণ নিয়ে বন্দরের স্থানীয় আলেম-ওলামাদের একাংশ আপত্তি জানালে এলাকায় উত্তেজনা তৈরি হয়। পরে গত ১৬ নভেম্বর দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে রুদ্ধদ্বার বৈঠক হয়। বৈঠক শেষে জানানো হয়, আমির হামজা নির্ধারিত মাহফিলে অংশ নেবেন।

জেলা প্রশাসক রায়হান কবিরের সভাপতিত্বে ওই বৈঠকে উপস্থিত ছিলেন পুলিশ সুপার হাবিবুর রহমান, হেফাজতে ইসলামের নায়েবে আমির মাওলানা আবদুল আউয়াল, জামায়াতের কেন্দ্রীয় শূরা সদস্য মাওলানা মাঈনউদ্দিন আহমদ, মহানগর বিএনপির সদস্যসচিব আবু আল ইউসুফ খান টিপু এবং নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব আবুল কাউসার আশাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।





নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ