প্রধানমন্ত্রী তারেক রহমানের আমন্ত্রণে বাংলাদেশে আসছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট
আপলোড সময় :
১৮-১১-২০২৬ ০৪:৪৭:৩৮ অপরাহ্ন
আপডেট সময় :
১৮-১১-২০২৬ ০৪:৪৭:৩৮ অপরাহ্ন
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকেকে বাংলাদেশে রাষ্ট্রীয় সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১৮ নভেম্বর) কলম্বোর প্রেসিডেনশিয়াল সেক্রেটারিয়েটে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে প্রধানমন্ত্রীর লেখা আমন্ত্রণপত্রটি হস্তান্তর করেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট সাদরে আমন্ত্রণ গ্রহণ করে ২০২৭ সালের শুরুর দিকে বাংলাদেশ সফরের প্রত্যাশা ব্যক্ত করেন। পাশাপাশি তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের আগ্রহের কথাও জানান।
সাক্ষাৎকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে শুভেচ্ছা জানান।
বাংলাদেশ ও শ্রীলঙ্কার দীর্ঘদিনের সম্পর্কের কথা স্মরণ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অবদান দুই দেশের সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করতে এবং সেই ধারাবাহিকতা বজায় রাখতে আগ্রহী।
শ্রীলঙ্কার দারিদ্র্য বিমোচনে প্রেসিডেন্টের ‘ক্লিন শ্রীলঙ্কা’ ও ‘প্রজা শক্তি’ উদ্যোগের প্রশংসা করেন হুমায়ুন কবির। এ সময় তিনি জনগণমুখী উন্নয়ন মডেল বাস্তবায়নে বাংলাদেশ সরকারের ২০ হাজার কিলোমিটার খাল খনন, আড়াই কোটি গাছ লাগানো এবং ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে ২০ শতাংশ বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রাসহ বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। পাশাপাশি সরকারের ‘ফ্যামিলি কার্ড’ ও ‘ফার্মার্স কার্ড’ কর্মসূচির কথাও উল্লেখ করেন তিনি।
সাক্ষাতের জন্য শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং বাংলাদেশ-শ্রীলঙ্কা সম্পর্ক এগিয়ে নেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স