আ.লীগ নেতাকর্মীদের ধরতে চিরুনি অভিযান শুরু হচ্ছে
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৮-১১-২০২৬ ০৫:২৮:৫০ অপরাহ্ন
আপডেট সময় :
১৮-১১-২০২৬ ০৫:২৮:৫০ অপরাহ্ন
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ধরতে চিরুনি অভিযান শুরু করছে ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশ।
পুলিশ জানায়, এ ধরনের ব্যক্তিদের আশ্রয়স্থলগুলোতে পুলিশের নজরদারি রয়েছে। শিগগির অভিযান শুরু হবে।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী।
গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সহিংসতা চালিয়ে পালিয়ে ঢাকায় আশ্রয় নিচ্ছেন অনেকে। তাদের গ্রেফতারে কোনো অভিযান শুরু হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, এরই মধ্যে বেশ কয়েকজন সংগঠক ও রাজনৈতিক ব্যক্তিত্বকে গ্রেফতার করা হয়েছে। যারা আশ্রয় নিয়েছেন এবং পালিয়ে আছেন তাদের ধরতে শিগগির চিরুনি অভিযান শুরু হবে।
তিনি জানান, নাশকতা প্রতিরোধে রাজধানীজুড়ে চেকপোস্ট ও পুলিশের টহল বাড়ানো হয়েছে। কেউ নাশকতার উদ্দেশ্যে বের হলে তাকে শনাক্ত করে আইনের আওতায় আনাই এসব চেকপোস্টের মূল উদ্দেশ্য। নাশকতার ঘটনা শূন্যের কোটায় নামিয়ে আনতে পুলিশ কাজ করছে।
তিনি আরও বলেন, রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে নাশকতার অভিযোগে গত ২৪ ঘণ্টায় ৫৬৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় ৬৪টি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৭১ জন সদস্য রয়েছেন।
এডিসি নিয়াজ মেহেদী বলেন, সরকারি ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে কেপিআই হিসেবে বিবেচনা করে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। এসব স্থাপনায় আগাম পরিকল্পনা অনুযায়ী পুলিশ মোতায়েন রয়েছে। পাশাপাশি সাদা পোশাকে পুলিশি নজরদারিও চলছে।
তিনি আরও জানান, মাঠপর্যায়ে পোশাকে ও সাদা পোশাকে পুলিশ মোতায়েন রয়েছে। নাশকতার যে কোনো চেষ্টা প্রতিরোধে পুলিশ প্রস্তুত রয়েছে।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স