হাজীগঞ্জ এলজিইডিতে কামরুল–মালবিকা ‘কমিশন সিন্ডিকেট’ ও ঘুষ বাণিজ্য
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৯-১১-২০২৬ ০১:২২:৪৯ অপরাহ্ন
আপডেট সময় :
১৯-১১-২০২৬ ০১:২২:৪৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) কর্মরত উপজেলা প্রকৌশলী কাজী কামরুল ইসলাম ও উপ-সহকারী প্রকৌশলী (চলতি দায়িত্ব) মালবিকা দেবনাথের বিরুদ্ধে ‘কমিশন সিন্ডিকেট’, ঘুষ বাণিজ্য, সরকারি উন্নয়ন প্রকল্পে অনিয়ম, ভুয়া বিল ও নিম্নমানের কাজের গুরুতর অভিযোগ উঠেছে।
স্থানীয় ঠিকাদার, সেবাগ্রহীতা ও এলাকাবাসীর অভিযোগ, এই দুই কর্মকর্তার যোগসাজশে হাজীগঞ্জে শুধু নয়, এর আগে লক্ষ্মীপুর ও নোয়াখালীতেও একই ধরনের অনিয়ম হয়েছে। স্থানীয় ঠিকাদারদের একাংশের অভিযোগ, হাজীগঞ্জ এলজিইডিতে প্রতিটি প্রকল্প থেকে মালবিকা দেবনাথ ঠিকাদারদের কাছ থেকে ৩ শতাংশ হারে টাকা আদায় করেন এবং এর মধ্যে ১ শতাংশ কাজী কামরুল ইসলামের কাছে পৌঁছে দেন।
নির্দিষ্ট হারে ‘কমিশন’ না দিলে ফাইল অনুমোদন পাওয়া যায় না এমন অভিযোগও রয়েছে। ফলে ঠিকাদাররা বাধ্য হয়ে কাজের মান কমিয়ে দিচ্ছেন বলে তারা দাবি করেছেন। অভিযোগের আরেকটি বড় দিক হলো, কাজ না করেই বা আংশিক কাজ করে শতভাগ কাজের ভুয়া মূল্যায়ন প্রতিবেদন (এমবি) তৈরি করে সরকারি অর্থ উত্তোলন। ঠিকাদারদের অভিযোগ, মালবিকা দেবনাথের মাধ্যমে এমন ভুয়া এমবি তৈরি হয় এবং কাজী কামরুল ইসলাম তাতে চূড়ান্ত স্বাক্ষর করেন।
এছাড়া হাজীগঞ্জ উপজেলা পরিষদের প্রশাসনিক ভবন নির্মাণ কাজে ঠিকাদারকে ৮০ লাখ টাকা অগ্রীম বিল দেওয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে, বিল পাওয়ার পর ঠিকাদার নিম্নমানের কাজ করছেন। সরেজমিন অনুসন্ধানে জানাযায় , হাজীগঞ্জের বিভিন্ন গ্রামীণ সড়ক, কালভার্ট ও সরকারি প্রাথমিক বিদ্যালয় সংস্কার প্রকল্পে চরম অনিয়ম হয়েছে। কার্যাদেশ অনুযায়ী পাথর, বালু ও বিটুমিনের সঠিক অনুপাত না মেনে নামমাত্র সামগ্রী দিয়ে কাজ শেষ করা হয়েছে। অনেক ক্ষেত্রে কার্যাদেশের কয়েক মাসের মধ্যেই রাস্তা ধসে পড়েছে বা পিচ উঠে গেছে। সড়কে নিম্নমানের ইট, ইটের খোয়া বা রাবিশ ম্যাকাডাম ব্যবহার হলেও শতাংশের হিসাব মিললেই কাজ ‘ঠিক’ হয়ে যায়।
কাজী কামরুল ইসলামের অফিসে উপস্থিতি নিয়েও তীব্র অভিযোগ রয়েছে। স্থানীয় কয়েকটি সূত্রের দাবি, তিনি সপ্তাহে এক থেকে দুই দিন অফিসে আসেন এবং ব্যাকডেটে ফাইলে স্বাক্ষর করে চলে যান। এতে সাধারণ মানুষ ও সেবাপ্রার্থীরা ভোগান্তির শিকার হচ্ছেন বলে অভিযোগ।
লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়নে রশিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে কমলাপুর কালভার্ট পর্যন্ত ১ হাজার ৪৬ মিটার সড়ক নির্মাণ প্রকল্পে ব্যয় ধরা হয়েছিল ৯৩ লাখ ৯০ হাজার ৭০২ টাকা। আরআইডিপি প্রকল্পের আওতায় ২০২২ সালে কার্যাদেশ দেওয়া হয়। এলজিইডির স্মারক নম্বর ৪১.০২.০১৪৩.০০০.১৪.০০১.২৫ অনুযায়ী তৃতীয় ও চূড়ান্ত বিল হিসেবে ৯৩ লাখ ৮৩ হাজার ৩৪৯ টাকা পরিশোধের জন্য পাঠানো হয়; ওই বিল তৎকালীন লক্ষ্মীপুর সদর উপজেলা প্রকৌশলী (সাবেক) কাজী কামরুল ইসলামের স্বাক্ষরে হয়। স্থানীয়দের অভিযোগ, প্রকল্পের কার্পেটিং বা ঢালাইয়ের কাজ সম্পন্ন হয়নি। প্যালাসাইডিং ও কার্পেটিং না করার কারণে রাস্তা বিভিন্ন স্থানে ধসে পড়ছে, দুই পাশের এজিং সরে গিয়ে খানাখন্দ তৈরি হয়েছে এবং বর্ষার পানিতে রাস্তার অনেকাংশের নুড়ি সরে গেছে। অভিযোগ রয়েছে, ঠিকাদার ২০ লাখ টাকার কাজ না করলেও তৎকালীন নির্বাহী প্রকৌশলী একরামুল হক, কাজী কামরুল ইসলামের যোগসাজশে চূড়ান্ত বিল পরিশোধ করা হয়। গণমাধ্যমে প্রকাশিত সংবাদে বিষয়টি নিয়ে তদন্তে সত্যতা পাওয়া গেলেও রহস্যজনক কারনে এখন পর্যন্ত কোন ব্যবস্থা নেয়নি এলজিইডি কর্তৃপক্ষ।
এলজিইডি বিধি অনুযায়ী এমবি বা বিল ছাড়ের ক্ষেত্রে প্রথমে উপ-প্রকৌশলীর এবং পরে প্রকৌশলীর স্বাক্ষর প্রয়োজন; কিন্তু ওই নথিতে একক স্বাক্ষরের বিষয়টি বিধি লঙ্ঘনের অভিযোগকে সামনে এনেছে। সংশ্লিষ্ট উপ-প্রকৌশলী মো. বেলাল হোসেন বলেন, কাজ না দেখে তড়িঘড়ি করে এমবি বহিতে বা ফাইনাল বিলে স্বাক্ষরের জন্য কাজী কামরুল ইসলাম প্রচণ্ড পেশার প্রয়োগ করতেন এবং অধীনস্থদের কাজ না দেখে স্বাক্ষর করতে একরকম বাধ্য করতেন। নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা প্রকৌশলী হিসেবে কর্মরত থাকাকালীন ২০২৪-২৫ অর্থবছরে উপজেলার রাজস্ব তহবিল থেকে পুরাতন ভবন সংস্কার প্রকল্পে ৫ লাখ ৯৫ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। ঠিকাদার মেসার্স মিলন এন্টারপ্রাইজকে ২০২৪ সালের ৮ জুলাই কার্যাদেশ দেওয়া হয় এবং ওই বছরের ২০ আগস্ট চেকের মাধ্যমে বরাদ্দের টাকা উত্তোলন করা হয়। তবে সরেজমিনে দেখা গেছে, উপজেলা কমপ্লেক্স ভবনের নতুন ভবন করার পর পুরাতন ভবনটি অনেক আগেই পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে এবং সেখানে সংস্কারকাজের কোনো দৃশ্যমান চিহ্ন নেই।
ঠিকাদার মিলন হোসেনের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, “এ কাজের ব্যাপারে আমি কিছুই জানি না। তৎকালীন উপজেলা প্রকৌশলী কাজী কামরুল ইসলামের মাধ্যমে ইউএনও মো. আনোয়ার হোসাইন পাটোয়ারী আমাকে ডেকে নিয়ে আমার প্রতিষ্ঠানের একটি খালি চেক দিতে বলেন। আমি স্বাক্ষর করে সেটি ইউএনওকে দিয়ে এসেছি। পরে মেসেজে জানলাম আমার ব্যাংক হিসাবে টাকা দিয়ে তা ওই চেকের মাধ্যমে তুলে নেওয়া হয়েছে।” সাবেক ইউএনও আনোয়ার হোসাইন পাটোয়ারী স্বীকার করে বলেন, “ঠিকাদারের থেকে চেক নিয়ে টাকা তোলার বিষয়টি সত্য। সেই টাকা দিয়ে ওই প্রকল্পের কোনো কাজ হয়নি সেটাও সত্য। আমরা সেই টাকা থেকে সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম শরীফ চৌধুরী পিপুলের নতুন অফিসে ডেকোরেশনের কিছু টাকার কাজ করিয়েছি।”
তবে সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম শরীফ চৌধুরী পিপুল বলেন, নির্বাচিত হয়ে তিনি মাত্র এক মাস অফিসে বসার সুযোগ পেয়েছেন এবং অফিসের ডেকোরেশনের বিষয়টি তার জানা নেই; তিনি অন্য প্রকল্পের টাকায় অফিস ডেকোরেশন করতে বলেননি। এ বিষয়ে কাজী কামরুল ইসলাম বলেন, “এ বিষয়ে আমি কোনো সদুত্তর দিতে পারবো না। এটি তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক মো. আনোয়ার হোসাইন পাটোয়ারী ভালো বলতে পারবেন। আর উন্নয়ন প্রকল্প থেকে শতাংশ হারে টাকা নেওয়ার বিষয়টি সঠিক নয়।” এ ঘটনায় ২০২৫ সালের ২০ মার্চ নোয়াখালী জেলা প্রশাসনের উদ্যোগে শুনানি অনুষ্ঠিত হয়।
নোয়াখালীর জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ বলেন, তিনি ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর যোগদান করেছেন এবং এটি তার যোগদানের আগের ঘটনা; তবুও বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া ২০২৪ সালের ২৮ ফেব্রুয়ারি নোয়াখালী এলজিইডির নির্বাহী প্রকৌশলী কাজী কামরুল ইসলামকে একটি নোটিশ দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ আছে, যেখানে কোম্পানীগঞ্জের একটি ইউনি ব্লক সড়কের নিম্নমানের কাজ ও অনিয়মের বিষয়টি তুলে ধরা হয়।
হাজীগঞ্জ এলজিইডি কার্যালয়ে মালবিকা দেবনাথ উপ-সহকারী প্রকৌশলী হিসেবে যোগদানের পর থেকেই কাজী কামরুলের বিশ্বস্ত সহযোগী হিসেবে কাজ শুরু করেন। তিনি ‘চলতি দায়িত্বে’ পদোন্নতি পাওয়ার পর এই সিন্ডিকেটের ক্ষমতা আরও বেপরোয়া হয়ে উঠেছে বলে অভিযোগ। অফিস ফাঁকি দেওয়া, ঠিকাদারদের ফাইল আটকে রেখে দর-কষাকষি করা এবং কামরুলের পক্ষে শতাংশের টাকা সংগ্রহ করার মূল দায়িত্ব মালবিকাই সামলান বলে অভিযোগ রয়েছে ।
এর আগে হাজীগঞ্জে সার্ভেয়ার হিসেবে দায়িত্ব পালনকালে মালবিকা দেবনাথের বিরুদ্ধে ঘুষ গ্রহণ, অনিয়ম এবং তৎকালীন উপজেলা প্রকৌশলী আজিজুর রহমানের সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগ ওঠে। স্থানীয়দের দাবি, এক পর্যায়ে উপজেলা প্রকৌশলীর বাসায় মালবিকাকে আপত্তিকর অবস্থায় আটক করা হয়। ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে জনমনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং বিষয়টি দাপ্তরিকভাবে জানাজানি হলে তাকে প্রথমে মতলব উত্তর ও পরে কুমিল্লার হোমনায় বদলি করা হয়; একই সঙ্গে উপজেলা প্রকৌশলী আজিজুর রহমানকে ‘স্ট্যান্ড রিলিজ’ করা হয়। তবে এসব অভিযোগের যথাযথ ও স্বচ্ছ তদন্ত হয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন রয়েছে।
হাজীগঞ্জ এলজিইডি কার্যালয়ের অন্যান্য কর্মকর্তাদের বিরুদ্ধেও অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। উপ-সহকারী প্রকৌশলী মো. নজরুল ইসলামের বিরুদ্ধে রামপুর ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ কাজে অনিয়মের অভিযোগে কারণ দর্শানোর চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে সেপটিক ট্যাংক, রেকর্ড রুমের গ্রিল, জানালার গ্রিল, ক্লেডিং ব্রিক্স, বাউন্ডারি ওয়াল ও আউটলেট ড্রেনের কাজ ডিজাইন ও স্পেসিফিকেশন মোতাবেক সঠিকভাবে করা হয়নি বলে উল্লেখ করা হয়েছে।
লক্ষ্মীপুর, নোয়াখালী ও হাজীগঞ্জ তিন কর্মস্থলেই কাজী কামরুল ইসলামের বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাৎ ও দায়িত্ব অবহেলার অভিযোগ উঠেছে। এই সিন্ডিকেটের লাগামহীন দুর্নীতি ও অর্থ আত্মসাতের বিষয়ে এলজিইডির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) দ্রুত হস্তক্ষেপ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন হাজীগঞ্জবাসী ও স্থানীয় ঠিকাদার সমাজ। তাদের মতে প্রকল্পের প্রকৃত অগ্রগতি, বিল পরিশোধের প্রক্রিয়া ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের জবাবদিহি নিশ্চিত করতে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করা হোক এবং অনিয়মের প্রমাণ পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত ব্যবস্থা নেওয়া হোক। অভিযোগ প্রমাণিত না হলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সুনাম রক্ষার স্বার্থেও স্বচ্ছ তদন্ত হওয়া উচিত।
সার্বিকভাবে দেখা যায়, মালবিকা দেবনাথের ক্ষেত্রে অভিযোগের দুটি বিপরীত বর্ণনা থাকলেও একটি বিষয় স্পষ্ট—তার বিরুদ্ধে আনীত অভিযোগের যথাযথ ও স্বচ্ছ তদন্ত হয়নি। আর কাজী কামরুল ইসলামের ক্ষেত্রে অভিযোগ আরও গভীর ও প্রমাণসহ উঠে এসেছে একক স্বাক্ষরে বিল ছাড়, অধীনস্থদের ওপর চাপ, পরিত্যক্ত ভবন সংস্কারের নামে টাকা উত্তোলন এবং অফিসে অনিয়মিত উপস্থিতি। অন্যথায়, হাজীগঞ্জ এলজিইডি কার্যালয়ের বিতর্কিত কর্মকর্তাদের বহাল থাকা প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে জনগণের সন্দেহকে আরও গভীর করবে।
এই বিষয়ে হাজীগঞ্জ উপজেলা প্রকৌশলী কাজী কামরুল ইসলাম এর সাথে মুঠো ফোনে কথা হলে তিনি এলজিডির কাজ আমি সরেজমিনে গিয়ে পরিদর্শন করি এবং ভুলত্রুটি হলে সে কাজগুলো সংশোধন করে নেই। উপজেলার নতুন প্রশাসনিক ভবন নির্মাণে ৮০ লাখ টাকা অগ্রিম পরিশোধ এর বিষয়টি তিনি অস্বীকার করেন।
উক্ত বিষয়ে উপ-সহকারী প্রকৌশলী মালবিকা দেবনাথের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন আমি সাইটে আছি পরে কথা বলবো।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স