আওয়ামী লীগকে সহযোগিতা করা নেতাকর্মীদের তালিকা করছে বিএনপি
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৯-১১-২০২৬ ০৪:২৬:০৬ অপরাহ্ন
আপডেট সময় :
১৯-১১-২০২৬ ০৪:২৬:০৬ অপরাহ্ন
সাংগঠনিক শৃঙ্খলা রক্ষা ও জনআস্থা অটুট রাখতে এবার নিজ দলের নেতাকর্মীদের বিষয়ে কঠোর সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। দলীয় শৃঙ্খলা ভঙ্গের পাশাপাশি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে সহযোগিতা করা নেতাকর্মীদের কোনো ছাড় দেবে না দলটি।
আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত, চিহ্নিত সন্ত্রাসী কিংবা নাশকতা মামলার আসামিদের থানা থেকে ছাড়ানোর তদবির বা যে কোনো ধরনের সহযোগিতার প্রমাণ মিললেই নেওয়া হবে কঠিন ব্যবস্থা। এ ক্ষেত্রে অভিযুক্ত নেতাকর্মীদের স্থায়ী বহিষ্কারসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এ লক্ষ্যে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত অভিযুক্ত নেতাকর্মীদের তালিকা তৈরি করছে গোয়েন্দা সংস্থা। পাশাপাশি বিএনপির একটি উচ্চপর্যায়ের টিমও পৃথকভাবে তালিকা করছে। এই টিমের কাজ হলো অভিযুক্তদের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো খতিয়ে দেখা এবং সত্যতা প্রমাণিত হলে দলীয় হাইকমান্ডের কাছে বিষয়টি তুলে ধরা। পরবর্তীতে এর ভিত্তিতে আওয়ামী লীগের সঙ্গে আঁতাতকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
বিএনপির নীতিনির্ধারক পর্যায়ের একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, আগামী ডিসেম্বরে জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার দেশে ফেরার কথিত ঘোষণাকে ঘিরে যে কোনো অস্থিতিশীল পরিস্থিতি ঠেকাতে সরকার বদ্ধপরিকর। এ ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না। বিএনপির কেউ আওয়ামী লীগের লোকজনকে পুনর্বাসনের চেষ্টা করলে তাদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তারা বলছেন, বহু মানুষের রক্তের বিনিময়ে দেশে একটি গণতান্ত্রিক পরিবেশ অর্জিত হয়েছে। এমন পরিস্থিতিতে বিএনপির কারও দ্বারা পতিত ফ্যাসিস্টের দোসরদের পুনর্বাসন বা আইনি প্রক্রিয়ায় হস্তক্ষেপ করা জুলাইয়ের শহীদদের রক্তের সঙ্গে বেইমানির শামিল।
আওয়ামী লীগ আমলে হামলা ও নির্যাতনের সঙ্গে জড়িতরা গ্রেপ্তারের পর স্থানীয় বিএনপি নেতারা তাদের ছাড়িয়ে নিতে হস্তক্ষেপ করছেন। বিভিন্ন সময়ে এমন নানা খবর সামনে এসেছে। ফলে এখন বিএনপির সাংগঠনিক শুদ্ধতা রক্ষার ওপর জোর দিচ্ছেন দলটির নেতারা।
তাদের মতে, এতে দলীয় পরিচয় ব্যবহার করে অপরাধীদের সুরক্ষা দেওয়ার সংস্কৃতি বন্ধ হবে। স্থায়ী বহিষ্কার ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের নীতি দলের ভেতরে ও বাইরে শক্তিশালী বার্তা পৌঁছে দেবে।
এ বিষয়ে সরকারি দলের অবস্থান পরিষ্কার করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ‘যে কোনো অনৈতিক কর্মকাণ্ড বা শৃঙ্খলাভঙ্গের অভিযোগ পাওয়া মাত্রই বিএনপি সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছে। তারপরও দল থেকে বহিষ্কারের পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নিতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ জানানো হয়েছে, যাতে কেউ দলের নাম ভাঙিয়ে পার পেয়ে যেতে না পারে।’
আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা সত্ত্বেও দলটির নেতাকর্মীরা বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল, গোপন বৈঠক এবং অনলাইনে দলীয় তৎপরতা চালাচ্ছে। ইতিমধ্যে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে নাশকতায় জড়িত থাকার অভিযোগে কয়েকজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। অভিযোগ উঠেছে, তৃণমূল পর্যায়ে বিএনপির কিছু নেতাকর্মী ব্যক্তিগত স্বার্থে, আর্থিক লেনদেনের বিনিময়ে কিংবা আত্মীয়তার সূত্রে আওয়ামী লীগের পলাতক বা অভিযুক্ত নেতাকর্মীদের আশ্রয় দিচ্ছেন। যদিও শৃঙ্খলাভঙ্গ, চাঁদাবাজি, দখলদারি, সহিংসতা এবং প্রতিপক্ষের বিতর্কিত ব্যক্তিদের আশ্রয় দেওয়ার অভিযোগে সারা দেশে শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে বিএনপি।
২০২৬ সালের ফেব্রুয়ারি থেকে সেপ্টেম্বরের মধ্যে কেন্দ্রীয়ভাবে প্রকাশিত শৃঙ্খলাজনিত বিজ্ঞপ্তির মাধ্যমে ৭১টি বহিষ্কারাদেশ জারি করা হয়। এমনকি বিতর্কিত কর্মকাণ্ডে জড়ানোর দায়ে মন্ত্রী ও সংসদ সদস্য পদও ছাড়তে হয়েছে।
রাজনৈতিক দলগুলো সাধারণত অভ্যন্তরীণ শৃঙ্খলাভঙ্গের দায়ে পদ স্থগিত বা বহিষ্কারের মতো সাংগঠনিক শাস্তির মধ্যেই সীমাবদ্ধ থাকে। কিন্তু বিএনপি এবার এক ধাপ এগিয়ে বহিষ্কারের পাশাপাশি আইনানুগ ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে।
দলটির নীতিনির্ধারকরা মনে করছেন, অনেক সময় বহিষ্কারের পরও অভিযুক্ত ব্যক্তিরা এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করেন। তাই পুলিশের হাতে সোপর্দ করা বা মামলা দায়েরের মাধ্যমে তাদের আইনের আওতায় নেওয়া হলে অপরাধ প্রবণতা কমবে।
থানা থেকে আসামি ছাড়িয়ে নেওয়ার তদবির পুলিশের পেশাদারিকে বাধাগ্রস্ত করে। এখন আওয়ামী লীগের সঙ্গে আঁতাতকারীদের বিষয়ে বিএনপির জিরো টলারেন্সের ফলে পুলিশ প্রশাসন রাজনৈতিক চাপ ছাড়াই নাশকতাকারী ও অপরাধীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারবে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এশিয়া পোস্টকে বলেন, ‘দলের কেউ অপরাধ করলে কিংবা জনবিরোধী ও শৃঙ্খলাপরিপন্থি কাজে লিপ্ত হলে তার বিরুদ্ধে নমনীয়তা দেখানো হবে না। অভিযোগ প্রমাণিত হলে প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে। আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি থাকবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা।’
প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক উপদেষ্টা বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে ধরার পর তাকে ছাড়ানোর জন্য কোনো বিএনপি নেতার ফোন আসলে তাকেও আওয়ামী লীগের আশ্রয়দাতা হিসেবে গণ্য করে প্রতিহত করা হবে।’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস গত ৩১ অক্টোবর এ বিষয়ে দলের অবস্থান স্পষ্ট করেন। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয় দিলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এশিয়া পোস্টকে বলেন, ‘জাতীয়তাবাদী আদর্শের কোনো প্রকৃত কর্মী অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকতে পারে না। দলীয় পরিচয়কে কেউ যেন অপরাধের ঢাল হিসেবে ব্যবহার করতে না পারে, সে জন্য কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। এ ছাড়া আওয়ামী লীগের বিতর্কিত নেতাকর্মীদের আশ্রয় দিলে জনগণের কাছে বিএনপির ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ হবে। এই উপলব্ধি থেকে কেন্দ্রীয় নেতৃত্ব আজীবন বহিষ্কারের মতো চরম শাস্তিমূলক ও আইনানুগ ব্যবস্থার সিদ্ধান্ত নিতে যাচ্ছে।’
বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ এশিয়া পোস্টকে বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপনে সংগঠিত হয়ে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। এমতাবস্থায় বিএনপির কোনো নেতা যদি তাদের সহযোগিতা করেন, তবে তা পরোক্ষভাবে রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। তাই দলীয় শাস্তির পাশাপাশি ‘আইনানুগ ব্যবস্থা’ নেওয়ার মাধ্যমে বিএনপি আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার ও প্রশাসনকে পূর্ণ সহযোগিতা করতেই এমন সিদ্ধান্ত নিয়েছে।’
বিএনপির কেন্দ্রীয় নেতারা বলছেন, পতিত সরকারের নেতাকর্মীদের সহযোগিতাকারীদের ছাড় না দেওয়ার যে নীতি গ্রহণ করা হয়েছে, তা বাস্তবায়নে কেন্দ্রীয় নজরদারি আরও জোরদার করতে হবে। এতে স্থানীয় পর্যায়ে রাজনৈতিক আশ্রয় ও সুরক্ষা বন্ধ হয়ে গেলে আওয়ামী লীগের জন্য মাঠপর্যায়ে সংগঠিত হওয়া কঠিন হয়ে পড়বে। এই নীতির ফলে দলের ভেতরে থাকা সুবিধাবাদী ও দুর্নীতিগ্রস্ত অংশটি চাপে পড়বে এবং ত্যাগী ও আদর্শিক নেতাকর্মীদের মনোবল বৃদ্ধি পাবে। এতে সাংগঠনিকভাবে দল আরও সুসংহত হবে।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স