আধুনিক সার্জারির মানোন্নয়নে ঢাকায় এসিএসের সম্মেলন
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২২-১১-২০২৬ ০১:৩৪:৪২ অপরাহ্ন
আপডেট সময় :
২২-১১-২০২৬ ০১:৩৪:৪২ অপরাহ্ন
জাহিদুল আলম
আধুনিক শল্যচিকিৎসার অগ্রগতি, নতুন উদ্ভাবন ও গবেষণার মাধ্যমে রোগীদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে আমেরিকান কলেজ অব সার্জনস (এসিএস) বাংলাদেশ চ্যাপ্টারের ৪র্থ বার্ষিক সম্মেলন ও ১০ম বার্ষিক সাধারণ সভা।
শনিবার দুপুরে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) শহীদ ডা. মিলন হলে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে দেশের প্রথিতযশা সার্জন, গবেষক ও নবীন চিকিৎসকরা অংশ নেন।
সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএমইউর উপাচার্য অধ্যাপক এফ. এম. সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন এসিএস বাংলাদেশ চ্যাপ্টারের প্রতিষ্ঠাতা গভর্নর অধ্যাপক মুর্তজা কে. আই. কিউ. চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চ্যাপ্টারের সভাপতি অধ্যাপক মোহাম্মদ শাদরুল আলম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) সভাপতি অধ্যাপক মওদুদ হোসেন আলমগীর।
সম্মেলনে আধুনিক সার্জারির বিভিন্ন দিক, চিকিৎসায় নতুন উদ্ভাবন, গবেষণা, রোগীর সেবা ও চিকিৎসার মানোন্নয়ন নিয়ে চারটি বৈজ্ঞানিক অধিবেশনে প্রবন্ধ ও গবেষণাপত্র উপস্থাপন করা হয়। পাশাপাশি তরুণ চিকিৎসকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় কুইজ প্রতিযোগিতা।
বক্তারা বলেন, বাংলাদেশের শল্যচিকিৎসা ব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা এবং রোগীদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে এ ধরনের বৈজ্ঞানিক সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
দিনব্যাপী আয়োজনের শেষ পর্যায়ে অনুষ্ঠিত হয় চ্যাপ্টারের ১০ম বার্ষিক সাধারণ সভা ও সমাপনী অনুষ্ঠান। সম্মেলনে সায়েন্টিফিক পার্টনার হিসেবে সহযোগিতা করে ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স