কালাইয়ে অসময়ের বৃষ্টিতে ভিজেছে আমন ধান, দুশ্চিন্তায় কৃষক
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২২-১১-২০২৬ ০৪:৪৭:২৫ অপরাহ্ন
আপডেট সময় :
২২-১১-২০২৬ ০৪:৪৭:২৫ অপরাহ্ন
মোঃ মিশিকুল মন্ডল
স্টাফ রিপোর্টারঃ
মাঠজুড়ে কেটে রাখা আমন ধান। কোথাও সারি করে বিছিয়ে রাখা হয়েছে, আবার কোথাও স্তূপ করে রাখা হয়েছে ধানের গোছা। এরই মধ্যে অসময়ের বৃষ্টিতে জমিতে জমেছে পানি। বৃষ্টির পানিতে ভিজে গেছে কেটে রাখা ধান। সময়মতো ধান শুকিয়ে ঘরে তুলতে না পারলে লোকসানের আশঙ্কা করছেন কৃষকেরা। ফলে ফসল ঘরে তোলা নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন তারা।
রোববার (২২নভেম্বর) সকালে কালাই উপজেলায় আমন ধানের মাঠে গিয়ে দেখা যায়, বিস্তীর্ণ জমিতে কেটে রাখা ধান বৃষ্টির পানিতে ভিজে আছে। কেউ জমির পানি নিষ্কাশনের চেষ্টা করছেন, কেউ কেটে রাখা ধান টেনে এক জায়গায় স্তূপ করছেন। আবার কেউ হতাশ হয়ে ক্ষেতের পাশে রেখেছেন।
পাইকেশ্বর গ্রামের কৃষক গাজিউল মন্ডল বলেন, ‘অনেক কষ্ট করে ধান ফলিয়েছি। ধান পেকে যাওয়ায় কেটে মাঠে রেখেছিলাম। কিন্তু হঠাৎ বৃষ্টি এসে সব এলোমেলো করে দিয়েছে। জমিতে পানি জমে থাকায় ধান শুকাতে পারছি না। এভাবে পড়ে থাকলে ধানের গুণগত মান নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। কীভাবে ধান ঘরে তুলব, তা নিয়েই দুশ্চিন্তায় আছি।’
আরেক কৃষক রনি ইসলাম বলেন, ‘ধান কাটার পর ভেবেছিলাম দ্রুত মাড়াই করে ঘরে তুলব। কিন্তু বৃষ্টির কারণে সব কাজ বন্ধ হয়ে গেছে। জমিতে পানি জমে থাকায় ধান নিয়ে কাজ করাও কঠিন হয়ে পড়েছে। রোদ না উঠলে ধান শুকানো সম্ভব হবে না। এমন পরিস্থিতিতে লোকসানের আশঙ্কা করছি।’
উপজেলা কৃষি কর্মকর্তা হারুনুর রশিদ বলেন, এবার কালাই উপজেলায় মোট ১১ হাজার ৯ শত ৫০ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। প্রতিকূল আবহাওয়ার কারণে প্রায় ৮ শত ৩৫ হেক্টর জমির ধান আক্রান্ত হয়েছে। মূলত নিচু জমিগুলোতেই কিছুটা পানি জমেছে।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স