ঢাকা , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ , ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রত্যর্পণ ছাড়া কোনও সন্ত্রাসীকে দেশে আসার অনুমতি দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৪-১১-২০২৬ ১১:৫৬:৫৬ পূর্বাহ্ন
আপডেট সময় : ২৪-১১-২০২৬ ১১:৫৬:৫৬ পূর্বাহ্ন
প্রত্যর্পণ ছাড়া কোনও সন্ত্রাসীকে দেশে আসার অনুমতি দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী




শেখ হাসিনাকে দেশে ফিরতে হলে আইন মেনেই আসতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, প্রত্যর্পণ ছাড়া কোনও সন্ত্রাসীকে দেশে আসার অনুমতি দেওয়া হবে না। 
চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুময়ায়ুন কবির। বৈঠকে ৩০টির বেশি দেশের কূটনীতিকরা উপস্থিত ছিলেন। 


সভায় চলমান রাজনৈতিক পরিস্থিতি,কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংসতা,সাইবার সিকিউরিটি আইনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বৈঠক শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সাংবাদিকদের ব্রিফ করেন। 

১৬ ডিসেম্বর শেখ হাসিনা দেশে ফিরতে চান বলে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন তার মুখপাত্র। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আগুন সন্ত্রাসের কারণে দেশের মানুষ আতঙ্কিত হচ্ছে না, শেখ হাসিনাকে ফিরতে হলে হাতকড়া পরে বন্দি হিসেবেই আসতে হবে।



দেশে সাম্প্রতিক সহিংসতা ও নাশকতা প্রসঙ্গে হুমায়ূন কবির অভিযোগ করেন, দিল্লি থেকে শেখ হাসিনার পৃষ্ঠপোষকতায় এসব সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিষয়ে বাংলাদেশের জনগণ কঠোর অবস্থানে রয়েছে, সেটিও বিদেশি কূটনীতিকদের জানানো হয়েছে।


পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আমরা জনগণের দ্বারা নির্বাচিত সরকার। বাংলাদেশের জনগণের সঙ্গে এই সরকারের অবস্থান অত্যন্ত মজবুত। জনগণকে আস্থায় নিয়েই পরিস্থিতি মোকাবিলা করছি। যারা এসব সন্ত্রাসী কর্মকাণ্ড করছে, তারা মনে করছে মানুষ আতঙ্কিত হবে। কিন্তু উল্টো তারাই আতঙ্কিত হচ্ছে।

তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের পর দেশের মানুষ পরিবর্তন চায়। এ ধরনের কর্মকাণ্ড দেখতে চায় না। জনগণই এখন তাদের ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় সরকার আরও কঠোর অবস্থানে যাবে কি না, এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড সরকার অত্যন্ত কঠোরভাবে মোকাবিলা করবে।

ব্রিফিংয়ে সরকারের পক্ষ থেকে জানানো হয়, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করে। নতুন সরকার গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করা, আইনশৃঙ্খলা পুনরুদ্ধার এবং অর্থনৈতিক স্থিতিশীলতা ফেরাতে কাজ শুরু করলেও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দেশজুড়ে সহিংসতা ও নাশকতা চালাচ্ছে বলে অভিযোগ করা হয়।

কূটনীতিকদের ব্রিফিংয়ের উদ্দেশ্য সম্পর্কে হুমায়ূন কবির বলেন, সরকারের প্রায় নয় মাস হয়ে গেছে। সরকারের বিভিন্ন নীতি ও দেশের চলমান পরিস্থিতি সম্পর্কে বিদেশি বন্ধুদের অবহিত করতেই এই আয়োজন। সরকার স্বচ্ছতায় বিশ্বাসী এবং সরকারের কর্মকাণ্ড সম্পর্কে জনগণকে অবহিত রাখতে চায়।


নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ