ঢাকা , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ , ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী লীগরে দোসর ঘুষে টাকায় ঢাকার গদি ধরে রেখেছেন গণপূর্তের উপবিভাগীয় প্রকৌশলী শামসুল আরেফীন

লিটন আলী
আপলোড সময় : ২৪-১১-২০২৬ ১২:৩১:১৯ অপরাহ্ন
আপডেট সময় : ২৪-১১-২০২৬ ১২:৩১:১৯ অপরাহ্ন
আওয়ামী লীগরে দোসর ঘুষে টাকায় ঢাকার গদি ধরে রেখেছেন  গণপূর্তের উপবিভাগীয় প্রকৌশলী  শামসুল  আরেফীন


গণপূর্ত অধিদপ্তরের  ই/এম বিভাগ-৬ ও সিন্ডিকেটের প্রভাব: অনুসন্ধান সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকারের আমলে গণপূর্ত ই/এম ডিভিশন-৬-এ কর্মরত থাকাকালে শামসুল আরেফীনের প্রভাব বিস্তারের বিষয়টি বেশি সামনে আসে। তৎকালীন নির্বাহী প্রকৌশলী পবিত্র কুমারের ঘনিষ্ঠতা কাজে লাগিয়ে তিনি বিটিভি, মালিবাগ সরকারি

অফিসার্স কোয়ার্টার ও মুগদা মেডিকেল কলেজ হাসপাতালসহ ওই ডিভিশনের বহু উন্নয়ন প্রকল্পে একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন। ভুক্তভোগী অনেক ঠিকাদারের অভিযোগ অনুযায়ী, প্রাক্কলন বা এস্টিমেট প্রণয়ন থেকে শুরু করে কাজের তদারকি এবং চূড়ান্ত বিল অনুমোদন—প্রতিটি ধাপেই তার একক আধিপত্য ছিল। তখন নিজেকে সাবেক

ছাত্রলীগ নেতা পরিচয় দিয়ে ঠিকাদারদের ওপর প্রভাব খাটাতেন তিনি এবং ঊর্ধ্বতনদের যোগসাজশে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী ঠিকাদারদের নিয়ে সিন্ডিকেট গড়ে বেনামি ঠিকাদারির মাধ্যমে বরাদ্দের কয়েক কোটি টাকা লোপাট করেন।


গণপূর্ত অধিদপ্তরের (পিডব্লিউডি) ইলেকট্রো-মেকানিক্যাল শাখার উপবিভাগীয় প্রকৌশলী (এসডিই) মো. শামসুল আরেফীনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, স্বনামে-বেনামে ঠিকাদারি পরিচালনা, অর্থ আত্মসাৎ ও ঘুষ লেনদেনের গুরুতর অভিযোগ উঠেছে। বর্তমানে গণপূর্ত ই/এম বিভাগ-৪ এর অধীনে ই/এম উপবিভাগ-৮ এর দায়িত্বে থাকা এই প্রকৌশলীর পদায়ন ও নানা কর্মকাণ্ড নিয়ে অধিদপ্তরসহ বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা চলছে। নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে জানা গেছে, রাজনৈতিক পটপরিবর্তনের পরও কৌশলে ঢাকার প্রভাবশালী অবস্থান ধরে রাখা এই কর্মকর্তার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) ইতিমধ্যে প্রাথমিক অনুসন্ধান শুরু করেছে।


বদলি, পদায়ন ও রাজনৈতিক পরিচয়ের পালাবদল: সূত্র জানায়, আওয়ামী লীগ সরকারের শেষদিকে প্রায় অর্ধকোটি টাকা বিনিয়োগ করে ই/এম উপবিভাগ-৮-এ পদায়ন বাগিয়ে নেন শামসুল আরেফীন। তবে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দেড় বছরের মাথায় তাকে ই/এম উপবিভাগ-৩-এ বদলি করা হয়। নির্ভরযোগ্য সূত্রের দাবি, ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের সময় তিনি ধানমন্ডি কলেজ রোডে ছাত্রলীগ ও যুবলীগের সঙ্গে যুক্ত হয়ে সরকারবিরোধী আন্দোলন দমাতে মাঠে নেতৃত্ব দেন এবং আওয়ামী সরকারকে টিকিয়ে রাখতে লাখ লাখ টাকা ব্যয় করেন; পাশাপাশি অধীনস্থ কর্মকর্তা-কর্মচারীদের কথিত শান্তি মিছিল, মিটিং ও প্রতিবাদ সভায় অংশ নিতে বাধ্য করতেন। পরবর্তীতে অবৈধ অর্থের বিনিময়ে ওই পদ ধরে রাখেন তিনি। রাজনৈতিক পটপরিবর্তনের পর গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মাদ সোহেল মনজুরের নিকটাত্মীয় পরিচয় দিয়ে সহকর্মী প্রকৌশলীদের ওপর পুনরায় প্রভাব বিস্তার শুরু করেন বলে অভিযোগ রয়েছে। এই প্রেক্ষাপটে গণপূর্ত ই/এম-এর একটি দুর্নীতিবাজ সিন্ডিকেটকে ম্যানেজ করে কথিত লটারির মাধ্যমে পুনরায় ই/এম ৮ নম্বর সাবডিভিশনে পদায়ন পেয়ে আগের মতো অনিয়ম, দুর্নীতি ও লুটপাটে জড়িয়ে পড়েন তিনি। তার বিরুদ্ধে সরকারবিরোধী কর্মকাণ্ডসহ বিবিধ অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও রয়েছে।

বিল আটকে কমিশন আদায়ের অভিযোগ: ঠিকাদারদের অভিযোগ, ই/এম বিভাগ-৬-এ কর্মরত থাকাকালে বিল ছাড়ের বিভিন্ন ধাপে নির্দিষ্ট হারে কমিশন দিতে হতো তাকে। কাঙ্ক্ষিত কমিশন না পেলে নথিপত্রে নানা জটিলতা সৃষ্টি করে বিল আটকে রাখা হতো। এ বিষয়ে এক ঠিকাদার বলেন, ‘কাজ পাওয়ার কথা বলে তিনি বারবার উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম উল্লেখ করতেন। টাকা না দিলে বিল আটকে থাকত, তাই অনেকে বাধ্য হয়েই টাকা দিয়েছেন।’ অন্য এক ঠিকাদারের অভিযোগ, ‘তিনি বলতেন উপরের লোকজন ঠিক আছে, শুধু টাকা দাও। পরবর্তীতে দেখা গেছে, কাজও হয়নি, আর সেই টাকাও ফেরত পাওয়া যায়নি।’

ঢাকায় অবস্থান ও বদলির বাস্তবতা: প্রশাসনিক নীতিমালা অনুযায়ী, নির্দিষ্ট মেয়াদ শেষে কর্মকর্তাদের ঢাকার বাইরে বদলির নিয়ম থাকলেও শামসুল আরেফীন কর্মজীবনের অধিকাংশ সময়ই নানা কৌশলে ঢাকায় কাটিয়েছেন। জুলাই গণঅভ্যুত্থানের পর প্রশাসনে স্বচ্ছতা আনার উদ্যোগের অংশ হিসেবে তাকে কুমিল্লায় বদলি করা হলেও মাত্র দেড় বছরের মাথায় তিনি পুনরায় ঢাকার একই অফিসে সমমানের পদে ফিরে আসেন। গণপূর্ত অধিদপ্তরের অভ্যন্তরীণ মহলে ধারণা রয়েছে, রাজনৈতিক পালাবদল ঘটলেও একটি শক্তিশালী সিন্ডিকেটকে ম্যানেজ করেই তিনি বারবার নিজের অবস্থান সুরক্ষিত করেছেন।

বিপুল সম্পদ ও দুদকের অনুসন্ধান: বৈধ আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বিপুল সম্পদ অর্জনের তথ্যও সামনে এসেছে। সূত্রের দাবি, রাজধানীসহ দেশের বিভিন্ন অভিজাত এলাকা ও বিকাশমান আবাসন প্রকল্পে তার এবং তার নিকটাত্মীয়দের নামে একাধিক ফ্ল্যাট ও প্লট রয়েছে। সরকারি চাকরির বেতনের সঙ্গে এসব স্থাবর সম্পত্তির মালিকানার বড় ব্যবধান নিয়ে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা। দুদকের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, স্বনামে-বেনামে ঠিকাদারি ব্যবসা পরিচালনা, প্রকল্পের অর্থ আত্মসাৎ এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কমিশন প্রাথমিক অনুসন্ধান শুরু করেছে এবং এ সংক্রান্ত বিভিন্ন নথিপত্র তলব করা হচ্ছে।

ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও অভিযুক্তের বক্তব্য: তত্ত্বাবধায়ক প্রকৌশলী আশরাফুল ইসলাম এ বিষয়ে বলেন, ‘কেউ যদি ঊর্ধ্বতন কারও নাম ভাঙিয়ে ঠিকাদারের কাছ থেকে আর্থিক সুবিধা নিয়ে থাকেন, তবে তার দায় তাকেই নিতে হবে। প্রাতিষ্ঠানিকভাবে কেউ কাউকে এ ধরনের অনৈতিক কাজের সুযোগ দেয় না। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।’

গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী বলেন, ‘গণপূর্ত অধিদপ্তর কোনো ব্যক্তিগত অনিয়ম বা দুর্নীতির দায় নেবে না। প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখতে আমরা বদ্ধপরিকর। যে কোনো কর্মকর্তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ এলে প্রশাসনিক তদন্ত সাপেক্ষে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়। মো. শামসুল আরেফিনের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ এবং বদলি-সংক্রান্ত বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। দুদক স্বাধীনভাবে তদন্ত শুরু করেছে, আমরা আইন প্রয়োগকারী সংস্থাকে সব ধরনের প্রয়োজনীয় তথ্য ও দাপ্তরিক সহযোগিতা প্রদান করব।’

এসব অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে প্রকৌশলী শামসুল আরেফীনের মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া না পাওয়ায় তার মতামত নেওয়া সম্ভব হয়নি।


নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ