শেখ হাসিনাকে ফেরত চায় সরকার, কীভাবে আনা হবে সিদ্ধান্ত পরে: প্রধানমন্ত্রী উপদেষ্টা
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৪-১১-২০২৬ ১২:৫৬:২৫ অপরাহ্ন
আপডেট সময় :
২৪-১১-২০২৬ ১২:৫৬:২৫ অপরাহ্ন
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ফিরিয়ে আনতে চায় সরকার। তবে তাকে বাংলাদেশ বিমানে, নাকি অন্য কোনো বিমানে করে আনা হবে, তা এখনই গুরুত্বপূর্ণ নয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
তিনি বলেছেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার পর কীভাবে আনা হবে, সেটি পরবর্তী সময়ে নির্ধারণ করা হবে।
মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত হয়ে শেখ হাসিনা মৃত্যুদণ্ড পেয়েছেন উল্লেখ করে উপদেষ্টা বলেন, তাকে দেশে ফিরিয়ে এনে ওই দণ্ড কার্যকরের জন্য সরকার অপেক্ষা করছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন জাহেদ উর রহমান।
শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়ে ভারতের বিভিন্ন মহলের বক্তব্য এবং তাকে বাংলাদেশ বিমানে আনার প্রসঙ্গে জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘আমরা তাকে চাই।
তিনি বাংলাদেশ বিমানে আসবেন, নাকি অন্য কোনো বিমানে আসবেন, সেটা বড় কথা নয়। আমরা তাকে আমাদের কাছে চাই।
তাকে প্রত্যর্পণ করা হবে।’
জাহেদ উর রহমান বলেন, মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত হয়ে শেখ হাসিনা মৃত্যুদণ্ড পেয়েছেন। ন্যায়বিচার নিশ্চিত করার স্বার্থে বাংলাদেশ সেই দণ্ড কার্যকরের জন্য অপেক্ষা করছে। তিনি যে রাষ্ট্রে অবস্থান করছেন, সেই রাষ্ট্রের কাছে তাঁকে বাংলাদেশের কাছে হস্তান্তরের আবেদন জানানো হয়েছে। তাঁকে হস্তান্তর করা হলে কীভাবে দেশে আনা হবে, সেটি পরে ঠিক করা হবে।
ভারতের গণমাধ্যমে অপতথ্য প্রচারের অভিযোগ
নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে অগ্নিসংযোগ ও নির্যাতনের অভিযোগ এবং এ নিয়ে ভারতের গণমাধ্যমে প্রকাশিত খবরের বিষয়ে জাহেদ উর রহমান বলেন, ৫ আগস্টের পর থেকেই বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর ব্যাপক হত্যা ও নির্যাতনের ঘটনা ঘটছে এমন নানা ধরনের অপতথ্য ভারতের মূলধারার গণমাধ্যমে প্রচার করা হচ্ছে।
নড়াইলের ঘটনা নিয়ে বাংলাদেশের সংবাদমাধ্যমেও খবর প্রকাশিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, হিন্দু সম্প্রদায়ের মানুষের বসবাসের কোনো এলাকায় ব্যাপক অগ্নিসংযোগের যে চিত্র প্রচার করা হচ্ছে, বাস্তবে তেমন পরিস্থিতি নেই। বিষয়টি নিয়ে ভারতে মারাত্মক অপতথ্য প্রচার অভিযান চলছে
তিনি ভারত সরকার ও দেশটির গণমাধ্যমের প্রতি এ ধরনের অপতথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক উদ্যোগ নেওয়া প্রয়োজন। অপতথ্য প্রচার দুই দেশের সম্পর্কের মধ্যে সমস্যা ও জটিলতা আরও বাড়াতে পারে।
জাহেদ উর রহমান বলেন, ৫ আগস্টের পর থেকে এবং বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পরও বাংলাদেশের প্রত্যাশা, দুই দেশের স্বার্থ নিশ্চিত করে ভারতের সঙ্গে কার্যকর যোগাযোগ ও সম্পৃক্ততা বজায় রাখা। এ বিষয়ে ভারতের কোনো নিয়ন্ত্রক সংস্থা থাকলে তাদেরও বিষয়গুলো খতিয়ে দেখা উচিত।
নড়াইলে আওয়ামী লীগের সমর্থকদের বাড়িঘরে হামলার প্রসঙ্গে তিনি বলেন, সেখানে আওয়ামী লীগ সমর্থন করেন, এমন কিছু মানুষের বাড়িঘরেও হামলা হয়েছে। এসব ঘটনা ফৌজদারি অপরাধ। যারা এসব ঘটিয়েছে, তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে।
ডিসেম্বর ঘিরে সীমান্তে বাড়তি সতর্কতা
ডিসেম্বরকে কেন্দ্র করে সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সতর্কতা জারি ও অতিরিক্ত সদস্য মোতায়েনের বিষয়ে জানতে চাইলে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, সীমান্তে যেকোনো ধরনের অনুপ্রবেশ ঠেকানো বিজিবির নিয়মিত দায়িত্ব। তবে ডিসেম্বর নিয়ে একধরনের আলোচনা থাকায় এ বিষয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে।
তিনি বলেন, আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। তাঁদের কেউ দেশে প্রবেশের চেষ্টা করতে পারেন। তাদের অনেকের বিরুদ্ধে মামলা রয়েছে। কেউ দেশে প্রবেশের চেষ্টা করলে তাকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে চায় সরকার।
আওয়ামী লীগকে কেন্দ্র করে নেতাকর্মীদের দেশে ফিরে আসা নিয়ে একধরনের ধারণা তৈরির চেষ্টা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। এ কারণে কেউ কেউ দেশে প্রবেশের চেষ্টা করতে পারেন। কোনো অভিযুক্ত আসামি যেন সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করতে না পারেন, সে বিষয়ে বিজিবির বাড়তি সতর্কতা থাকতে পারে বলে জানান তিনি।
আইনজীবীকে হেনস্তা অনুচিত
সাবেক মেয়র সাঈদ খোকনকে আটকের পর তার আইনজীবীকে আদালত প্রাঙ্গণে হেনস্তার বিষয়ে প্রশ্ন করা হলে জাহেদ উর রহমান বলেন, সরকার বিষয়টিকে ব্যক্তিগতভাবে অনুচিত ও অন্যায় বলে মনে করে।
তিনি বলেন, কেউ অন্যায়ের শিকার হলে সংক্ষুব্ধ ব্যক্তি আইনের আশ্রয় নিতে পারেন। ওই ঘটনায় আইনজীবীও সংক্ষুব্ধ হলে আইনি সহায়তা নিতে পারবেন। এ ধরনের ঘটনার বিচার আদালতের মাধ্যমেই হওয়া উচিত বলে সরকার আশা করে।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স