উপনির্বাচনে সম্ভাব্য ৮ প্রার্থী পাঁচজনই বিএনপির
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৪-১১-২০২৬ ০২:০৪:১৭ অপরাহ্ন
আপডেট সময় :
২৪-১১-২০২৬ ০২:০৪:১৭ অপরাহ্ন
ড. ওসমান ফারুকের পদত্যাগে শূন্য হওয়া কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে উপনির্বাচনের তপশিল এখনও ঘোষণা করা হয়নি। এর মধ্যে তৎপরতা শুরু করেছেন বিএনপিসহ অন্যান্য দলের সম্ভাব্য প্রার্থীরা। অন্তত আটজন মনোনয়নপ্রত্যাশী নানাভাবে নিজেদের তুলে ধরার চেষ্টা করছেন বলে জানা গেছে।
অসুস্থতার কারণ দেখিয়ে গত ১৫ নভেম্বর যুক্তরাষ্ট্র থেকে পদত্যাগপত্র পাঠান বিএনপি দলীয় সংসদ সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক। সাংবিধানিক বাধ্যবাধকতা অনুসারে পরবর্তী ৯০ দিনের মধ্যে এই আসনে উপনির্বাচন হতে হবে।
তাঁর পদত্যাগের পর থেকেই মাঠে ও সামাজিক মাধ্যমে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। তারা দলীয় রাজনৈতিক কর্মসূচির সঙ্গে মিল রেখে ব্যক্তি উদ্যোগে বড় বড় সমাবেশ ও মিছিল করে শোডাউনও করছেন। বেশি সক্রিয়দের মধ্যে রয়েছেন জেলা বিএনপির সাবেক দুই সহসভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লা ও অ্যাডভোকেট জালাল মোহাম্মদ গাউস, তাড়াইল উপজেলা বিএনপি সভাপতি মো. সারওয়ার হোসেন লিটন, করিমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম সুমন ও জেলা বিএনপির সাবেক স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. এরশাদ এহসান জুয়েল।
এর বাইরে গত সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থী কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ডা. জেহাদ খানকে আসন্ন উপনির্বাচনেও প্রার্থী করা হবে বলে জানিয়েছেন জেলা জামায়াতের আমির আজিজুল হক। ইসলামী আন্দোলন বাংলাদেশের গত নির্বাচনের প্রার্থী কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসাইনও জানিয়েছেন, দল মনোনয়ন দিলে তিনি প্রার্থী হবেন। এনসিপির জেলা কমিটির আহ্বায়ক শেখ খায়রুল কবির আহমেদ নিজেকে একজন সম্ভাব্য প্রার্থী বলে জানিয়েছেন। স্থানীয়রা ধারণা করছেন আগামী দিনগুলোতে আরও সম্ভাব্য প্রার্থী মাঠে নামতে পারেন।
এ আসনে ২০০৮ সালের নবম সংসদ নির্বাচনে মনোনয়ন পেয়েছিলেন অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লা। ত্রয়োদশ সংসদ নির্বাচনেও তিনি প্রার্থী হয়েছিলেন। পরে প্রার্থীতা প্রত্যাহার করে নেন।
ড. ওসমান ফারুকের মতো জাহাঙ্গীর আলম মোল্লা, জালাল মোহাম্মদ গাউস, সাইফুল ইসলাম সুমন, ডা. এরশাদ এহসান জুয়েল, ডা. জেহাদ খান, আলমগীর হোসাইন ও খায়রুল কবির আহমেদের বাড়ি করিমগঞ্জ উপজেলায়। তাড়াইল থেকে একমাত্র সম্ভাব্য প্রার্থী সারওয়ার হোসেন লিটন।
যোগাযোগ করা হলে জাহাঙ্গীর আলম মোল্লা বলেন, ২০০৮ সালের নির্বাচনেও দল আমার ওপর আস্থা রেখে মনোনয়ন দিয়েছিল। আমি আশাবাদী, উপনির্বাচনেও দল আমাকে মনোনয়ন দেবে। জালাল মোহাম্মদ গাউস বলেন, কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কথা বলে এসেছি। মনোনয়নের বিষয়ে আমি আশাবাদী। সাইফুল ইসলাম সুমন বলেন, মনোনয়নের বিষয়ে কেন্দ্র আমাকে বিবেচনা করবে বলে মনে করি। সারওয়ার হোসেন লিটন বলেন, সবসময় বিএনপির মনোনয়ন পায় করিমগঞ্জ থেকে। তাড়াইল বঞ্চিত হয়। এবার তাড়াইলে আমিই একমাত্র প্রার্থী। ফলে আমি এবং তাড়াইলবাসী আমার মনোনয়নের বিষয়ে আশাবাদী। করিমগঞ্জেরও বহু নেতাকর্মীসহ সাধারণ মানুষের সমর্থন আমার পক্ষে আছে।
কিশোরগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মুর্শেদ আলম বলেন, উপনির্বাচনের তপশিল সম্পর্কে এখনও নির্বাচন কমিশন থেকে কিছু জানানো হয়নি। হয়তো আগামী সপ্তাহে নির্দেশনা আসতে পারে।
এই আসনে ভোটার চার লাখ ৪৮ হাজার ৬২৫। এর মধ্যে তাড়াইলে এক লাখ ৫৭ হাজার ৫৬৮ জন এবং করিমগঞ্জে দুই লাখ ৯১ হাজার জন।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স