ঢাকা , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ , ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর সঙ্গে পৃথক বৈঠকে রাজি নয় জামায়াত

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৫-১১-২০২৬ ০২:৫২:০৯ অপরাহ্ন
আপডেট সময় : ২৫-১১-২০২৬ ০২:৫২:০৯ অপরাহ্ন
প্রধানমন্ত্রীর সঙ্গে পৃথক বৈঠকে রাজি নয় জামায়াত



কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতা মোকাবিলায় জাতীয় ঐক্য গড়তে প্রধানমন্ত্রী তারেক রহমান যে সংলাপের আয়োজন করছেন, তার ধরন এবং দিনক্ষণ গতকাল মঙ্গলবার পর্যন্ত ঠিক হয়নি। জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট একসঙ্গে সংলাপে অংশ নিতে চায়। সরকারি দল বিএনপি সংলাপের ধরন নিয়ে এখনও স্পষ্ট কিছু বলেনি। জামায়াতের একাধিক সূত্র সমকালকে জানায়, সরকারপ্রধানের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকে খুশি নয় জামায়াত। ১১ দলের অন্য শরিকরাও এতে নাখোশ হয়েছে। তাদের সন্দেহ, এর মাধ্যমে ঐক্যের জন্য ডেকে বিরোধী জোটে ভাঙন ধরাতে চাচ্ছে বিএনপি।

গত ১৮ নভেম্বর সংসদের কার্যালয়ে প্রধানমন্ত্রী অনানুষ্ঠানিক বৈঠক করেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সঙ্গে। ১৫ মিনিটের ওই বৈঠকে প্রধানমন্ত্রী সব দলকে নাশকতার বিরুদ্ধে একমঞ্চে আসার কথা জানান। ওই বৈঠকে বিরোধীদলীয় নেতা সর্বদলীয় সংলাপের প্রস্তাব দেন। এরই ধারাবাহিকতায় এসসিপির সঙ্গে বৈঠক হয়।  



এর আগে আগামী ২৭ বা ২৮ নভেম্বর সংলাপ হওয়ার সম্ভাবনা আলোচনায় আসে। তবে গতকাল মঙ্গলবার রাত পর্যন্ত সংলাপের দিনক্ষণ নিশ্চিত হওয়া যায়নি। বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের অস্ট্রেলিয়া থেকে মালয়েশিয়া হয়ে আগামীকাল বৃহস্পতিবার দেশে ফেরার কথা ছিল। এখন এক দিন আগে আজ বুধবার তিনি ঢাকায় ফিরছেন। 

হুইপ আশরাফ উদ্দিন নিজান সমকালকে বলেন, জামায়াতের আমির দেশে আসার পর সংলাপ নিয়ে তাঁর সঙ্গে কথা বলা হবে। 


১৯ নভেম্বর ১১ দলের শীর্ষ নেতাদের বৈঠকে সিদ্ধান্ত হয়– প্রধানমন্ত্রীর ঐক্যের ডাকে সাড়া দেবেন। তারা জোটবদ্ধভাবে সংলাপে যাবেন। তবে গণভোটে অনুমোদিত জুলাই সনদ বাস্তবায়নের শর্ত দেবেন। সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি ছাড়া ঐক্য করবে না ১১ দল। ওই বৈঠকে এনসিপির প্রতিনিধিও উপস্থিত ছিলেন। 

ওই বৈঠকের সময় যুক্তরাজ্যে ছিলেন নাহিদ ইসলাম। তবে এনসিপি ১১ দলের সিদ্ধান্তে ঐকমত্য পোষণ করে। তবে আনুষ্ঠানিক সংলাপের আগেই এনসিপি এককভাবে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করে। এনসিপি জুলাই সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়নের কথা বললেও প্রধানমন্ত্রীর কাছ থেকে কোনো সুনির্দিষ্ট বার্তা পায়নি। 

জামায়াতের একাধিক জ্যেষ্ঠ নেতা সমকালকে বলেন, এনসিপির ওই বৈঠক ১১ দলের শীর্ষ বৈঠকের সিদ্ধান্তকে অবমূল্যায়ন করা হয়েছে। এই নেতাদের আশঙ্কা, ঐক্যের কথা বলে বিএনপি আসলে ১১ দলের জোট ভাঙতে চাইছে। অন্তত জামায়াত এবং এনসিপির মধ্যে দূরত্ব তৈরির সুযোগ হচ্ছে। 

তবে এনসিপির কোনো নেতা এ ভাষ্য মানতে নারাজ। জামায়াত নেতাদের বক্তব্য অনানুষ্ঠানিক নয় বলে দলটির নেতারা এ নিয়ে আনুষ্ঠানিক বক্তব্য দিতে রাজি হননি। দলটির একাধিক নেতা বলেছেন, এনসিপি যে বিএনপি ও জামায়াতের পরে তৃতীয় বৃহত্তম দল– এই বৈঠকে তা স্বীকৃত হয়েছে।  

বিরোধী দলগুলোর সঙ্গে যোগাযোগ রক্ষাকারী বিএনপির হুইপ আশরাফ উদ্দিন নিজান সমকালকে বলেন, সব দলকে নিয়ে একসঙ্গে বসার যেমন প্রস্তাব আছে, তেমনি পৃথক সংলাপের প্রস্তাবও আছে। আবার শুধু সংসদে প্রতিনিধিত্বশীল দলগুলো নিয়ে বসার প্রস্তাবও রয়েছে। এখন সংলাপ কীভাবে হবে, তা প্রধানমন্ত্রী চূড়ান্ত করবেন।

জামায়াতের নায়েবে আমির ও বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের সমকালকে বলেন, ফ্যাসিবাদবিরোধী সব দল একসঙ্গে বসলে তা হবে সংলাপ। অন্তর্বর্তী সরকারের সময় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সব দলকে নিয়ে বৈঠক করে ঐক্যের বার্তা দিতেন। এখনও তেমন হওয়া উচিত। ১১ দল এতে একসঙ্গে অংশ নেবে। বিএনপি এবং তাদের জোট সঙ্গীরাও থাকবে। জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের সব দলকে নিয়ে সংলাপ হতে হবে। 

যদিও আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে দুটি দলই রাজপথে সক্রিয়। জামায়াত আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত ৪১ দিনের কর্মসূচি ঘোষণা করেছে। এনসিপি একই সময় পর্যন্ত কর্মসূচি দিয়ে সোমবার চট্টগ্রামে সমাবেশ এবং গতকাল ঢাকার মিরপুরে মোটরসাইকেল শোভাযাত্রা করেছে। এদিন রাজধানীর মিরপুরে জামায়াতের যুব বিভাগও নেতাকর্মীরা শোডাউন করেছে। 

১১ দলের শরিক একটি দলের প্রধান সমকালকে বলেছেন, এনসিপি এককভাবে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করার মাধ্যমে নিজেদের গুরুত্ব দেখাতে চেয়েছে, যা জোটের বাকিদের ভালো লাগেনি। বিএনপিও স্পষ্ট করছে না, কীভাবে সংলাপ হবে। তিনি বলেন, যদি প্রতিটি দল এভাবে আলাদা বৈঠক করে, তবে তা আর সংলাপ থাকে না; সৌজন্য সাক্ষাৎ হয়ে যায়। কিন্তু সব দল একসঙ্গে বসলে একটি বার্তা যায়।  

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ সমকালকে বলেন, সরকারি দলের কাছ থেকে এখনও সংলাপের আনুষ্ঠানিক আমন্ত্রণ পায়নি ১১ দল। পেলে বিবেচনা করবে। 


নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ