ঢাকা , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ , ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কাগজে কৃষি আয়, বাস্তবে প্রমাণ নেই—দুদকের মামলায় লতিফ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৫-১১-২০২৬ ০৩:০৬:৫০ অপরাহ্ন
আপডেট সময় : ২৫-১১-২০২৬ ০৩:০৬:৫০ অপরাহ্ন
কাগজে কৃষি আয়, বাস্তবে প্রমাণ নেই—দুদকের মামলায় লতিফ


কৃষি ও হর্টিকালচার খাতে ৩ কোটি ৭১ লাখ টাকার আয় দেখালেও মেলেনি প্রমাণ, বৈধ আয়ের সঙ্গে সম্পদের বড় ব্যবধান।

জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ৬ কোটি ৬৯ লাখ ৪৫ হাজার ২৭৮ টাকার সম্পদ অর্জনের অভিযোগে চট্টগ্রাম-১০ আসনের সাবেক সংসদ সদস্য এম এ আবদুল লতিফের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আয়কর নথিতে কৃষি ও হর্টিকালচার খাতে ৩ কোটি ৭১ লাখ ৭৫ হাজার টাকা আয় দেখালেও এর পক্ষে কোনো গ্রহণযোগ্য প্রমাণ পায়নি সংস্থাটি।

সোমবার (২৩ নভেম্বর) দুদকের চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-২-এ মামলাটি করেন উপপরিচালক মো. রিয়াজ উদ্দিন। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোকাররম হোসাইন।



মামলার এজাহার অনুযায়ী, ২০২৫ সালের ৮ এপ্রিল আবদুল লতিফের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান শুরু করে দুদক। অনুসন্ধানে তাঁর নামে ১৪টি নিবন্ধিত দলিলের মাধ্যমে কেনা জমিসহ মোট ১০ কোটি ৮৬ লাখ ২৭ হাজার ৫১৩ টাকার স্থাবর-অস্থাবর সম্পদের তথ্য পাওয়া যায়।

এর মধ্যে স্থাবর সম্পদের পরিমাণ ৩ কোটি ৯৬ লাখ ৩২ হাজার ২২৩ টাকা। আর ব্যবসার মূলধন, বিনিয়োগ, গাড়ি ও নগদ অর্থসহ অস্থাবর সম্পদের পরিমাণ ৬ কোটি ৮৯ লাখ ৯৫ হাজার ২৯০ টাকা।

দুদকের হিসাবে, সম্মানী, ব্যবসা, ব্যাংক সুদসহ বিভিন্ন উৎস থেকে তাঁর বৈধ আয় ৬ কোটি ৭৮ লাখ ৫৩ হাজার ৬০০ টাকা। তবে পারিবারিক ও অন্যান্য ব্যয় বাদ দেওয়ার পর সম্পদ অর্জনের বিপরীতে বৈধ অর্থের পরিমাণ দাঁড়ায় ৪ কোটি ১৬ লাখ ৮২ হাজার ২৩৫ টাকা। ফলে সম্পদ ও বৈধ আয়ের মধ্যে ৬ কোটি ৬৯ লাখ ৪৫ হাজার ২৭৮ টাকার অসংগতি পেয়েছে দুদক।

বিশেষভাবে কৃষি ও হর্টিকালচার খাতের আয় নিয়ে প্রশ্ন তুলেছে সংস্থাটি। আয়কর নথিতে এ দুই খাতে ৩ কোটি ৭১ লাখ ৭৫ হাজার টাকা আয় দেখানো হলেও অনুসন্ধানে এর পক্ষে কোনো প্রামাণ্য দলিল বা তথ্য-উপাত্ত পাওয়া যায়নি। আবদুল লতিফও এ আয়ের গ্রহণযোগ্য প্রমাণ দিতে পারেননি। ফলে ওই অর্থ বৈধ আয় হিসেবে গ্রহণ করেনি দুদক।

এজাহারে তাঁর পরিবহন ও আবাসন ব্যবসার তথ্যও উল্লেখ করা হয়েছে। রিলায়েন্স লজিস্টিকসের মাধ্যমে পরিবহন এবং রিলায়েন্স অ্যাসেটস অ্যান্ড ডেভেলপমেন্ট বিডি লিমিটেডের মাধ্যমে আবাসন ব্যবসা পরিচালনার বিষয়টি অনুসন্ধানে উঠে এসেছে।

দুদকের অভিযোগ, ২০১১ সালের ১ জুলাই থেকে ২০২৫ সালের ২৬ জুলাই পর্যন্ত সময়ে এসব সম্পদ অর্জনের মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ গড়ে তুলে তা ভোগদখলে রেখেছেন সাবেক এই সংসদ সদস্য।

এ ঘটনায় দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ