আরও এক পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় পাচ্ছে দেশ, আগামী অধিবেশনে উঠছে বিল
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৫-১১-২০২৬ ০৪:৫৪:০৯ অপরাহ্ন
আপডেট সময় :
২৫-১১-২০২৬ ০৪:৫৪:০৯ অপরাহ্ন
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) অধিভুক্ত মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিকে (এমআইএসটি) পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের পরিকল্পনার কথা জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শীঘ্রই সংসদে ‘এমআইএসটি আইন ২০২৬’ উত্থাপন করা হবে বলেও জানিয়েছেন তিনি। আজ বুধবার (২৫ নভেম্বর) এমআইএসটির ‘১৯তম গ্র্যাজুয়েশন অনুষ্ঠান’-এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।
ড. এহছানুল হক মিলন বলেন, মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) প্রকৌশল প্রোগ্রামগুলো ওয়াশিংটন অ্যাকর্ডের মতো আন্তর্জাতিক কাঠামোর সাথে সামঞ্জস্যপূর্ণ জাতীয় অ্যাক্রিডিটেশনও (স্বীকৃতি) বজায় রেখেছে। এখন একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি প্রক্রিয়াধীন রয়েছে। এমআইএসটি-কে একটি পূর্ণাঙ্গ ডিগ্রি প্রদানকারী বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে প্রস্তাবিত ‘এমআইএসটি আইন ২০২৬’ শিগগিরই সংসদে উপস্থাপন করা হবে।
তিনি বলেন, প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ উন্নয়নের জন্য এটি হবে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এমআইএসটি আমাদের জাতীয় উন্নয়ন অগ্রাধিকারগুলোকে সরাসরি সহায়তা করে এমন গবেষণার প্রতিও অধিক গুরুত্ব দিচ্ছে। এর মধ্যে বাংলাদেশের সামনে থাকা গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত ও কৌশলগত চ্যালেঞ্জগুলোর ওপর পরিচালিত পিএইচডি গবেষণা অন্তর্ভুক্ত রয়েছে।
তিনি বলেন, আন্ডারওয়াটার রোবোটিক্স, ফুয়েল সেল রেসিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তাসহ (এআই) আন্তর্জাতিক প্রতিযোগিতায় এমআইএসটি শিক্ষার্থীদের অর্জনে আমি গর্বিত। তাদের এই সাফল্য আমাদের তরুণ প্রজন্মের মেধা ও সম্ভাবনার পরিচয় দেয়। শিক্ষার্থীরা অবকাঠামো, নবায়নযোগ্য জ্বালানি এবং সাইবার নিরাপত্তার মতো বাস্তবমুখী প্রকল্পে কাজ করছে। বাংলাদেশের বাস্তব সমস্যা সমাধানে সহায়ক এমন গবেষণা ও উদ্ভাবনে সহায়তা অব্যাহত রাখতে আমি এমআইএসটিকে উৎসাহিত করছি।
শিক্ষামন্ত্রী বলেন, এমআইএসটি বাংলাদেশের উচ্চশিক্ষা ব্যবস্থায় একটি বিশেষ স্থান দখল করে আছে। আন্তর্জাতিক শিক্ষা ও গবেষণার ক্রমবর্ধমান সুযোগ সৃষ্টির মাধ্যমে এটি প্রকৌশল ও প্রযুক্তির একটি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হিসেবে ক্রমাগত নিজের সুনাম গড়ে তুলছে। দ্বৈত ডিগ্রি প্রোগ্রাম, যৌথ গবেষণা, শিক্ষার্থী ও শিক্ষক বিনিময়, অ্যাকাডেমিক উন্নয়ন এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে সহযোগিতামূলক কার্যক্রম শুরু করতে যাচ্ছে।
এই অর্জনগুলো রাতারাতি আসেনি উল্লেখ করে তিনি বলেন, ১৯৯৮ সালে সশস্ত্র বাহিনী বিভাগের অধীনে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এমআইএসটি একটি অনন্য শিক্ষার পরিবেশ গড়ে তুলেছে, যেখানে শিক্ষার্থীরা প্রকৌশল ও প্রযুক্তিগত জ্ঞানের পাশাপাশি শৃঙ্খলা, নেতৃত্ব, সময়ানুবর্তিতা এবং দায়িত্ববোধ শেখে। শৃঙ্খলা ও অ্যাকাডেমিক উৎকর্ষের এই সমন্বয় এমআইএসটি-এর অন্যতম বড় শক্তিতে পরিণত হয়েছে।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়গুলো এই প্রতিষ্ঠানের সাথে কাজ করতে ক্রমশ আগ্রহী হওয়ার এটিও অন্যতম একটি কারণ।অ্যাকাডেমিক গবেষণাকে বাস্তব প্রয়োজনের সাথে যুক্ত করতে এমআইএসটি শিল্পপ্রতিষ্ঠানগুলোর সাথেও তার সহযোগিতা জোরদার করেছে। এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ প্রকৌশল শিক্ষা কেবল শ্রেণিকক্ষ ও গবেষণাগারে সীমাবদ্ধ থাকা উচিত নয়।
মন্ত্রী বলেন, এর মাধ্যমে সমস্যার সমাধান, শিল্পের উৎপাদনশীলতা বৃদ্ধি এবং চাকরির বাজারের পরিবর্তনশীল চাহিদার জন্য স্নাতকদের প্রস্তুত করা উচিত। প্রতিষ্ঠানটি ২০২৭ সালের টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে ভবিষ্যৎ অন্তর্ভুক্তি নিশ্চিত করেছে এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় (এসডিজি) অবদানের জন্য স্বীকৃতি অর্জন করেছে।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স