রাজউক আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত’: আবাসন খাতের গবেষণা প্রকাশে টিআইবি
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৫-১১-২০২৬ ০৪:৫৬:৫১ অপরাহ্ন
আপডেট সময় :
২৫-১১-২০২৬ ০৪:৫৬:৫১ অপরাহ্ন
‘
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে (রাজউক) ‘আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান’ হিসেবে অভিহিত করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
‘ঢাকা শহরে বেসরকারি আবাসন খাতে ভূমি উন্নয়নে সুশাসনের চ্যালেঞ্জ’ শিরোনামের একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে ইফতেখারুজ্জামান জানান, রাজউককে নিয়ে টিআইবির পূর্ববর্তী গবেষণার আলোকে প্রতিষ্ঠানটিকে ‘আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত’ বলা হয়েছিল। তিনি বলেন, উপস্থিত অতিথি থেকে শুরু করে বাইরে থাকা যে কারও—এমনকি তাঁর নিজেরও—রাজউকের সঙ্গে কোনো না কোনো পর্যায়ে যুক্ত থাকার অভিজ্ঞতা থেকেই এ বাস্তবতা বোঝা যায়।
যদিও প্রকাশিত এই গবেষণাটি সরাসরি রাজউককেন্দ্রিক নয়, তবে বেসরকারি আবাসন খাতের সেবা কার্যক্রমে রাজউকের জড়িত থাকার ক্ষেত্রে অনিয়ম ও যোগসাজশের প্রমাণ রয়েছে বলে উল্লেখ করেন টিআইবির নির্বাহী পরিচালক। তাঁর মতে, রাজউকের সক্ষমতা, সুশাসন ও জবাবদিহির ঘাটতিকে কাজে লাগিয়ে কিছু আবাসন প্রতিষ্ঠান এবং রাজউকের অসাধু কর্মকর্তারা সুবিধা নিচ্ছেন। এমনকি ড্যাপ (ডিটেইল্ড এরিয়া প্ল্যান) সংশোধনের ক্ষেত্রেও প্রভাবশালী আবাসন ব্যবসায়ীদের চাপ বা প্রভাবের কাছে রাজউকের নতি স্বীকার করার নজির রয়েছে।
রাজধানীর বেসরকারি আবাসন খাতে ভূমি উন্নয়নের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপে সুশাসনের সংকট রয়েছে বলে তুলে ধরেন তিনি। ইফতেখারুজ্জামান বলেন, এই খাতের অনিয়ম-দুর্নীতির পেছনে রাজউক, প্রশাসন, নিয়ন্ত্রক সংস্থা ও ইউটিলিটি কর্তৃপক্ষের একটি অংশের যোগসাজশ কাজ করছে। পাশাপাশি রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয়ে ভূমি দখলকারী চক্র ও প্রশাসনের একাংশ মিলে একটি ‘মাফিয়াতন্ত্র’ কায়েম করেছে।
গবেষণার প্রেক্ষাপটে সুশাসনের ছয়টি মূল সূচকের—আইনের শাসন ও যথাযথ প্রয়োগ, সক্ষমতা ও কার্যকারিতা, স্বচ্ছতা, তথ্য প্রকাশ, অংশগ্রহণ এবং জবাবদিহি—সবকটিতেই বড় ধরনের ঘাটতির কথা জানান তিনি।
টিআইবির নির্বাহী পরিচালকের অভিযোগ অনুযায়ী, আইনের দুর্বলতা ও যথাযথ প্রয়োগের অভাবে কিছু রিয়েল এস্টেট কোম্পানি জবাবদিহি ছাড়াই ব্যবসা পরিচালনা ও ক্ষমতার অপব্যবহার করছে। স্থান নির্বাচন, জমি ক্রয় বা দখল, অনুমোদন ও বাস্তবায়ন থেকে শুরু করে প্লট হস্তান্তর পর্যন্ত পুরো ধাপেই পদ্ধতিগত অনিয়ম, ক্ষমতার অপব্যবহার ও নিয়ম না মানার প্রবণতা প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, আবাসন খাত সরবরাহকারীনির্ভর (‘সাপ্লাই ড্রিভেন’) হওয়ায় জমির মালিক ও সাধারণ ক্রেতারা ব্যবসায়ীদের কাছে জিম্মি হয়ে পড়েছেন। রাজনৈতিক যোগসাজশ, মধ্যস্বত্বভোগী, ভূমি দখলকারী চক্র ও প্রশাসনের একাংশের সমন্বয়ে গড়ে ওঠা এই মাফিয়াতন্ত্রই নির্ধারণ করে দিচ্ছে নিয়মকানুন কেমন হবে এবং কীভাবে কালো টাকা সাদা করার সুযোগ তৈরি করা হবে।
সবশেষে ইফতেখারুজ্জামান সতর্ক করে বলেন, ভূমি দখল ও সংশ্লিষ্ট অপরাধে জড়িতদের পেছনে রাজনৈতিক ও আমলাতান্ত্রিক শক্তির একাংশের মদদ রয়েছে, যার ফলে বাংলাদেশ ধীরে ধীরে একটি ভূমি দখলের দেশে পরিণত হচ্ছে।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স