ঢাকা , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ , ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

৫০ লাখ টাকার ঘুষে পাঁচ দিনে বদলি বাতিল শিবচরের ইউএনও মিজানের

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৫-১১-২০২৬ ০৬:৪৮:৪৬ অপরাহ্ন
আপডেট সময় : ২৫-১১-২০২৬ ০৬:৪৮:৪৬ অপরাহ্ন
৫০ লাখ টাকার ঘুষে পাঁচ দিনে বদলি বাতিল শিবচরের ইউএনও মিজানের
নিজস্ব প্রতিবেদক, শিবচর (মাদারীপুর): মাদারীপুরের শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ. এম. ইবনে মিজানের বদলির আদেশ, তা বাতিল হওয়া এবং এর পেছনে বিপুল অঙ্কের অর্থ লেনদেনের অভিযোগ ঘিরে স্থানীয় প্রশাসন ও সচেতন মহলে নানা প্রশ্ন দেখা দিয়েছে। ১৯ নভেম্বর ২০২৬ তারিখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে তাঁকে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হলেও ২৪ নভেম্বর নতুন প্রজ্ঞাপনে সেই আদেশ বাতিল করে তাঁকে শিবচরেই বহাল রাখা হয়। মাত্র পাঁচ দিনের ব্যবধানে বদলির আদেশ জারি ও প্রত্যাহারের এই ঘটনায় স্থানীয়ভাবে ৫০ লাখ টাকা ঘুষ, উচ্চপর্যায়ের তদবির এবং একটি কথিত দালালচক্রের তৎপরতা নিয়ে আলোচনা শুরু হয়েছে। স্থানীয় বিভিন্ন সূত্রের দাবি, বদলির প্রজ্ঞাপন জারির পর থেকেই ইউএনওর ঘনিষ্ঠ মহল ও কথিত দালালচক্র সক্রিয় হয়ে ওঠে। তাঁদের কাছে ইউএনও আশ্বাস দিয়েছেন বলে অভিযোগ উঠেছে—‘আমার বদলি ক্যানসেল হয়ে যাবে, উপরে ঠিক হয়ে যাবে; তোমরা কাজ আনো, টাকা দাও, বদলি ক্যানসেল হয়ে যাবে।’ স্থানীয় সূত্রগুলোর দাবি, বদলি ঠেকাতে উচ্চপর্যায়ে যোগাযোগ, তদবির, লোকসমাগম এবং পক্ষে জনমত তৈরির প্রচারণার জন্য অর্ধকোটি টাকা বা ৫০ লাখ টাকার বাজেট নির্ধারণের আলোচনা হয়েছিল। শুধু ৫০ লাখ টাকার বাজেটের গুঞ্জনই নয়, বদলি ঠেকানোর প্রচারণায় অর্থ ব্যয়ের আরও একটি অভিযোগ সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, ইউএনওর বদলি ঠেকাতে মানববন্ধনে লোকসমাগম এবং প্রচারণার কাজে সাংবাদিকদের পেছনে তিন লাখ টাকা ব্যয়ের বিষয়ে একটি অডিও রেকর্ডিং হাতে আসে। অডিওতে অর্থ ব্যয়ের আলোচনা থাকার কথা উল্লেখ করা হয়েছে। তবে ১৯ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার সিনিয়র সহকারী সচিব মো. বরমান হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ৩৬তম বিসিএসের কর্মকর্তা এইচ. এম. ইবনে মিজানকে (পরিচিতি নম্বর: ১৮২৯৩) উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়নের লক্ষ্যে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়। প্রজ্ঞাপন নম্বর ছিল ০৫.০০.০০০০.০০০.১৩৯.১৯.০০১১.২৬-৮১০। আদেশে ২৩ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়। অন্যথায় ওইদিন অপরাহ্ণে তাঁকে তাৎক্ষণিক অবমুক্ত বা স্ট্যান্ড রিলিজ হিসেবে গণ্য করার নির্দেশনা ছিল। কিন্তু নির্ধারিত সময়সীমা পার হওয়ার এক দিন পর, ২৪ নভেম্বর ২০২৬ তারিখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে আরেকটি প্রজ্ঞাপন জারি করা হয়। সিনিয়র সহকারী সচিব মো. বরমান হোসেন স্বাক্ষরিত নতুন আদেশের নম্বর ০৫.০০.০০০০.০০০.১৩৯.১৯.০০০৪.২৬-৮২৮। এতে ১৯ নভেম্বরের পূর্ববর্তী প্রজ্ঞাপনে তাঁকে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করার আদেশ বাতিল করে শিবচরেই বহাল রাখা হয়। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হওয়ার কথাও উল্লেখ করা হয়। এখানেই স্থানীয় সচেতন মহলের একাংশের প্রশ্ন, ২৩ নভেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান না করলে তাৎক্ষণিক অবমুক্ত হওয়ার নির্দেশনা থাকার পরও কী প্রক্রিয়ায় ২৪ নভেম্বর সেই বদলি আদেশ বাতিল হলো? বদলি বাতিলের পেছনে প্রশাসনিক বিবেচনা, বিশেষ কোনো সুপারিশ, উচ্চপর্যায়ের যোগাযোগ কিংবা অন্য কোনো কারণ কাজ করেছে কি না, তা জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা চাওয়ার দাবি উঠেছে। বদলির বিষয়ে এর আগে গণমাধ্যমে দেওয়া বক্তব্যে ইউএনও এইচ. এম. ইবনে মিজান বলেছিলেন, বদলির বিষয়টি তাঁর কাছে কিছুটা অস্বাভাবিক মনে হয়েছে। শিবচরের কেউ হয়তো চান না তিনি এখানে থাকেন। তবে মন্ত্রণালয়ের আদেশ অনুযায়ী সরকারি কর্মচারী হিসেবে এ বিষয়ে তাঁর কিছু করার নেই।


নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ