পোশাকশ্রমিকদের উসকানির অভিযোগ, মোহনা টেলিভিশনের সাবেক সিইও তছলিম চৌধুরী গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৬-১১-২০২৬ ০২:৩৬:২৪ অপরাহ্ন
আপডেট সময় :
২৬-১১-২০২৬ ০২:৩৬:২৪ অপরাহ্ন
রাজধানীর মিরপুরে তৈরি পোশাকশ্রমিকদের উসকানি দিয়ে বিক্ষোভ, হামলা ও ভাঙচুরে জড়িত থাকার অভিযোগে মোহনা টেলিভিশনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তছলিম চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে বিশেষ অভিযান চালিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্লবী থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
এছাড়াও গ্রেপ্তার তছলিম চৌধুরী সাবেক শিল্প প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদারের ঘনিষ্ঠ সহচর এবং তার অর্থ লেনদেনকারী (ক্যাশিয়ার)। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও গোয়েন্দা সূত্র জানায়, সম্প্রতি মিরপুর ১০ ও ১১ নম্বর এলাকায় অর্থের বিনিময়ে বহিরাগত লোকজন নামিয়ে শ্রমিকদের উসকানি দিয়ে হামলা ও ভাঙচুর চালান তছলিম চৌধুরী ও তার শ্যালক। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়।
পুলিশের তথ্যমতে, যুবলীগের শীর্ষ নেতা মাইনুল হোসেন খান নিখিলের অনুসারী তছলিম দীর্ঘদিন ধরে কামাল মজুমদারের ক্যাশিয়ার হিসেবে কাজ করে আসছেন। ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের সময়ও কামাল মজুমদারের সঙ্গে মিরপুরে মাঠে সক্রিয় ছিলেন তিনি। তার বিরুদ্ধে ছাত্র হত্যার ঘটনায় কামাল মজুমদারের সহযোগী হিসেবে কাজ করার অভিযোগও রয়েছে।
ওসি জালাল উদ্দিন জানান, হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে কামাল মজুমদার ও তার ছেলে শাহেদ মজুমদার বর্তমানে কারাগারে রয়েছেন। গোয়েন্দা তথ্যে উঠে এসেছে, তছলিম নিয়মিত কারাগারে গিয়ে তাদের সঙ্গে সাক্ষাৎ করতেন এবং বাইরে নাশকতা চালানোর নির্দেশনা নিয়ে আসতেন।
সর্বশেষ গত সোমবার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে গিয়ে কামাল মজুমদারের সঙ্গে দেখা করেন তছলিম। সেখান থেকে নাশকতার নতুন নির্দেশনা নিয়ে এসে মিরপুরে আবারও বড় ধরনের হামলা ও অস্থিতিশীলতা সৃষ্টির পরিকল্পনা করছিলেন তিনি।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স