ঢাকা , বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ , ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সয়া সস থেকে হেলমেট, মানহীন ১০৪ আমদানি চালান আটকাল বিএসটিআই

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৬-১১-২০২৬ ০৩:২৪:১৭ অপরাহ্ন
আপডেট সময় : ২৬-১১-২০২৬ ০৩:২৪:১৭ অপরাহ্ন
সয়া সস থেকে হেলমেট, মানহীন ১০৪ আমদানি চালান আটকাল বিএসটিআই



৯ মাসে ৬ হাজার ৬৯৫ চালানকে ছাড়পত্র, পরীক্ষায় সয়া সসে নাইট্রোজেন নির্ধারিত মাত্রার অর্ধেক, তালিকায় খাদ্যপণ্য ও বৈদ্যুতিক সরঞ্জামও।

আমদানি করা পণ্যের মান পরীক্ষায় বড় ধরনের ঘাটতি পেয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরীক্ষাগারে মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় ১০৪টি আমদানি চালানের ছাড়পত্র প্রত্যাখ্যান করা হয়েছে। এসব চালানের মধ্যে রয়েছে খাদ্যপণ্য, প্রসাধনী, জীবনরক্ষাকারী হেলমেট ও বৈদ্যুতিক সরঞ্জাম।

প্রত্যাখ্যাত চালানের একটি ঢাকার আমদানিকারকের সয়া সস। বাংলাদেশ স্ট্যান্ডার্ড অনুযায়ী এতে টোটাল নাইট্রোজেনের পরিমাণ থাকার কথা শূন্য দশমিক ৬৪ শতাংশ। কিন্তু পরীক্ষায় পাওয়া গেছে মাত্র শূন্য দশমিক ৩১ শতাংশ। অর্থাৎ নির্ধারিত মানের অর্ধেকেরও কম। এ কারণে চালানটির ছাড়পত্র দেয়নি বিএসটিআই।

প্রত্যাখ্যাত অন্য পণ্যের তালিকায় রয়েছে বিস্কুট, ক্যান্ডি, কফি, ভিনেগার, অলিভ অয়েল, সানফ্লাওয়ার অয়েল, ক্যানোলা অয়েল, জুস, মেয়োনিজ, টুথব্রাশ, স্কিন ক্রিম, মেহেদি, আইলাইনার, টয়লেট সোপ, হেলমেট, সোলার ইনভার্টার, ইলেকট্রিক আয়রন, সার্কিট ব্রেকার ও ফ্রিজার।

বিএসটিআইয়ের তথ্য অনুযায়ী, নয় মাসে মোট ৬ হাজার ৭৯৯টি আমদানি চালানের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৬ হাজার ৬৯৫টি চালান ছাড়পত্র পেয়েছে। প্রত্যাখ্যাত হয়েছে ১০৪টি। প্রথম পরীক্ষায় মানদণ্ড পূরণে ব্যর্থ হলে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) আর্টিকেল ৫.৩ অনুযায়ী আমদানিকারকের দ্বিতীয়বার নমুনা পরীক্ষার সুযোগ রয়েছে। তবে এ জন্য বিএসটিআই মহাপরিচালকের অনুমোদন প্রয়োজন।


এদিকে আধুনিক পরীক্ষাগার ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির ফলে চট্টগ্রাম বিএসটিআইয়ের কার্যক্রমেও এসেছে পরিবর্তন। বর্তমানে রসায়ন পরীক্ষণ উইংয়ে ১৯০টি পণ্যের মধ্যে ১৫৫টি এবং পদার্থ পরীক্ষণ উইংয়ে ৩৩টি পণ্যের নমুনা পরীক্ষার সুবিধা রয়েছে। গত ৬ সেপ্টেম্বর ভোজ্যতেলের ভিটামিন ‘এ’, রিফ্র্যাকটিভ ইনডেক্স এবং জুস ও সসের ব্রিক্স পরীক্ষায় বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের (বিএবি) স্বীকৃতি পেয়েছে প্রতিষ্ঠানটির রসায়ন পরীক্ষাগার। বিএসটিআই প্রধান কার্যালয়ের বাইরে এটি প্রথম অ্যাক্রেডিটেশনপ্রাপ্ত পরীক্ষাগার।

শুধু আমদানি পণ্য নয়, বাজারেও নজরদারি বাড়িয়েছে সংস্থাটি। গত নয় মাসে ওজন কারচুপি প্রতিরোধে ১০৭টি এবং পণ্যের মান নিয়ন্ত্রণে ৯৩টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। দুই খাতে জরিমানা আদায় হয়েছে ২২ লাখ ৯৫ হাজার টাকার বেশি। এ সময়ে ১৩১টি মামলা দায়ের ও নিষ্পত্তি এবং ২ লাখ ৩২ হাজার ৪৭২টি পরিমাপযন্ত্র যাচাই করা হয়েছে।

বিএসটিআই চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের অফিসপ্রধান ও উপপরিচালক (মেট্রোলজি) মো. মোমেন উস সাজ্জাদ বলেন, মান কোনো কাগজের সনদ নয়; এটি নাগরিকের সঙ্গে রাষ্ট্রের আস্থার চুক্তি। নিরাপদ খাবার, নির্ভরযোগ্য বৈদ্যুতিক সরঞ্জাম, দুর্ঘটনায় জীবন রক্ষাকারী হেলমেট এবং সঠিক ওজনের পণ্য নিশ্চিত করাই বিএসটিআইয়ের দায়িত্ব।


কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) কেন্দ্রীয় সহসভাপতি এস এম নাজের হোসাইন বলেন, আমদানিকারকদের উচিত পণ্য রপ্তানির আগেই বিদেশি সরবরাহকারীদের বাংলাদেশের নির্ধারিত মান সম্পর্কে জানানো। খাদ্যপণ্য ও নিরাপত্তাসংশ্লিষ্ট সরঞ্জামের মানে ঘাটতি থাকলে জনস্বাস্থ্য ও মানুষের জীবন ঝুঁকিতে পড়তে পারে। এ জন্য বিএসটিআইয়ের বাজার তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান আরও জোরদার করা প্রয়োজন।


নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ