মেডিক্যাল-ডেন্টালে ভর্তির আবেদন শুরু, জেনে নিন আবেদনের নিয়ম ও ফি
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৬-১১-২০২৬ ০৪:২৩:১৯ অপরাহ্ন
আপডেট সময় :
২৬-১১-২০২৬ ০৪:২৩:১৯ অপরাহ্ন
২০২৬-২৭ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মেডিক্যাল ও ডেন্টাল কলেজে এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তির আবেদন গ্রহণ শুরু হয়েছে। বুধবার রাত থেকে অনলাইনে আবেদন করা যাচ্ছে। আবেদন জমা দেওয়ার শেষ সময় আগামী ৩ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট।
স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদন ফি পরিশোধ করা যাবে ৪ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোডের সুযোগ থাকবে ১৪ থেকে ১৭ ডিসেম্বর। আর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৮ ডিসেম্বর শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা ১৫ মিনিট পর্যন্ত।
আবেদনের ক্ষেত্রে শিক্ষার্থীদের ২০২৩, ২০২৪ অথবা ২০২৫ সালে এসএসসি/‘ও’ লেভেল/সমমান এবং ২০২৫ অথবা ২০২৬ সালে এইচএসসি/‘এ’ লেভেল/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তবে ২০২৩ সালের আগে এসএসসি বা সমমান পরীক্ষায় পাস করা শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন না।
প্রার্থীকে এসএসসি বা সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হতে হবে। এইচএসসি বা সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগের পাশাপাশি জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান ও রসায়ন বিষয় থাকা বাধ্যতামূলক। দুই পরীক্ষার মোট জিপিএ কমপক্ষে ৮.৫০ থাকতে হবে। এসএসসি বা সমমান পরীক্ষায় জীববিজ্ঞানে জিপিএ ৩.৫০-এর নিচে হলে আবেদন করা যাবে না।
ভর্তি পরীক্ষা হবে ১০০ নম্বরের বহুনির্বাচনি (এমসিকিউ) পদ্ধতিতে। বিষয়ভিত্তিক নম্বর বণ্টন হলো জীববিজ্ঞানে ৩০, রসায়নে ২৫, পদার্থবিজ্ঞানে ২০, ইংরেজিতে ১৫ এবং সাধারণ জ্ঞানে ১০। সাধারণ জ্ঞানের অংশে বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধ অন্তর্ভুক্ত থাকবে। পরীক্ষার সময় ৭৫ মিনিট। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কর্তন করা হবে।
ভর্তি পরীক্ষার নম্বরের পাশাপাশি এসএসসি ও এইচএসসি পরীক্ষার জিপিএর ভিত্তিতেও ১০০ নম্বর যোগ হবে। এসএসসির জিপিএকে ৮ দিয়ে গুণ করে সর্বোচ্চ ৪০ এবং এইচএসসির জিপিএকে ১২ দিয়ে গুণ করে সর্বোচ্চ ৬০ নম্বর নির্ধারণ করা হবে। লিখিত পরীক্ষার নম্বর ও শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে পাওয়া নম্বর মিলিয়ে চূড়ান্ত মেধাতালিকা তৈরি করা হবে।
এ বছর সরকারি মেডিক্যাল কলেজগুলোতে এমবিবিএস কোর্সে আসন রয়েছে ৫ হাজার ২৭০টি। ঢাকা মেডিক্যাল, চট্টগ্রাম মেডিক্যাল, রাজশাহী মেডিক্যাল, ময়মনসিংহ মেডিক্যাল, সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল, শের-ই-বাংলা মেডিক্যাল, রংপুর মেডিক্যাল ও স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজে ২২৫টি করে আসন রয়েছে।
অন্যদিকে, সরকারি ডেন্টাল কলেজ ও মেডিক্যাল কলেজের ডেন্টাল ইউনিটে বিডিএস কোর্সে আসন সংখ্যা ৫৪৫টি। ঢাকা ডেন্টাল কলেজে রয়েছে ১১০টি আসন।
আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার টাকা। টেলিটক প্রি-পেইড নম্বরের মাধ্যমে ফি জমা দিতে হবে। আবেদন করতে হবে স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের নির্ধারিত ওয়েবসাইটে।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স