ফটিকছড়ির পাহাড়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান, গ্রেপ্তার ৬
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৬-১১-২০২৬ ০৪:৩৯:৩৮ অপরাহ্ন
আপডেট সময় :
২৬-১১-২০২৬ ০৪:৩৯:৩৮ অপরাহ্ন
চট্টগ্রামের ফটিকছড়ির দুর্গম পাহাড়ে শীর্ষ সন্ত্রাসী রায়হান আলমের অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। অভিযানে অস্ত্র তৈরির বিপুল সরঞ্জাম, ইতালির তৈরি পিস্তলসহ দুটি আগ্নেয়াস্ত্র ও ৩৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তাঁর ছয় সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে রায়হান এখনো পলাতক।
বৃহস্পতিবার দুপুর আড়াইটায় নগরের ২ নম্বর গেটে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান চট্টগ্রাম জেলার পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ আলম।
পুলিশ সুপার জানান, গত ২২ নভেম্বর থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফটিকছড়ির সুয়াবিলের দুর্গম পাহাড়ে অভিযান শুরু হয়। ২৩ নভেম্বর হাজীরখিল কোদালিয়া টিলায় একটি টিনের ঘরে অভিযান চালিয়ে অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে রায়হান ও তাঁর সহযোগীরা পাহাড়ি বনাঞ্চলে পালিয়ে যান।
একই দিন সন্ধ্যায় চুরখাঁরহাট এলাকায় স্থানীয় লোকজনের বাধার মুখে রায়হান ও তাঁর সহযোগীরা শটগান দিয়ে গুলি ছোড়েন; এতে ছয়জন আহত হন। এ সময় স্থানীয় লোকজন রায়হানের সিএনজিচালক জাবেদ হোসেনকে আটক করেন। পরে পুলিশ রাতভর অভিযান ও তল্লাশি চালায়।
এসপি জানান, ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে ২৫ নভেম্বর কালাইয়ারটেক এলাকা থেকে রায়হানের দুই সহযোগী এমরান হোসেন মাসুদ (২০) ও কাজী মো. সাইদুল ইসলাম সৌরভকে (২১) গ্রেপ্তার করা হয়। তাঁদের তথ্যের ভিত্তিতে ইকতিয়ার ফরহাদকে (২০) গ্রেপ্তার করে একটি একনলা বন্দুক ও চার রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়।
পরে বেতুয়ারকুল বড় বিল এলাকায় অভিযান চালিয়ে মহররম আলীকে (২৮) গ্রেপ্তার করা হয়। তার বাড়ি থেকে রায়হানের ব্যবহৃত ইতালির তৈরি ৭.৬৫ এমএম পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ছাড়া কাজীরহাট এলাকা থেকে জনার্দন দে-কে (৬৫) গ্রেপ্তার করে পুলিশ। সব মিলিয়ে গ্রেপ্তার হয়েছেন ছয়জন।
সংবাদ সম্মেলনে এসপি বলেন, ফটিকছড়ির দুর্গম পাহাড়ি এলাকা সন্ত্রাসীদের অভয়ারণ্য হিসেবে ব্যবহৃত হচ্ছে। সেখানে অভিযান চালানো পুলিশের জন্য চ্যালেঞ্জিং হলেও অভিযান অব্যাহত থাকবে।
রায়হানের আত্মসমর্পণের আগ্রহের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, রায়হান একবার তাকে ফোন করে আত্মসমর্পণের কথা জানিয়েছিলেন। তখন তাকে আত্মসমর্পণ করে আদালতে আইনি প্রক্রিয়া মোকাবিলার পরামর্শ দেওয়া হয়, কিন্তু পরে আর যোগাযোগ করেননি।
অভিযানের তথ্য পুলিশের ভেতর থেকে ফাঁস হওয়ার অভিযোগ নাকচ করে এসপি বলেন, সন্ত্রাসীরা গ্রেপ্তার এড়াতে নানা কৌশল ও বিভ্রান্তিকর তথ্য ছড়ায়। রায়হান এখনো গ্রেপ্তার না হলেও তাঁকে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স