ঢাকা , রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ , ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গঙ্গাচুক্তি না হলে ভারতও পড়বে বিপুল ক্ষতির মুখে

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৯-১১-২০২৬ ১২:২৭:১৫ অপরাহ্ন
আপডেট সময় : ২৯-১১-২০২৬ ১২:২৭:১৫ অপরাহ্ন
গঙ্গাচুক্তি না হলে ভারতও পড়বে বিপুল ক্ষতির মুখে



আগামী ১২ ডিসেম্বর ভারতের সঙ্গে বাংলাদেশের ৩০ বছর মেয়াদি গঙ্গা পানি বণ্টন চুক্তির সময়সীমা শেষ হচ্ছে। কিন্তু মাত্র দুই সপ্তাহের মতো সময় হাতে থাকলেও নতুন চুক্তির বিষয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু করতে পারেনি দেশ দুটি। বাংলাদেশ এ ব্যাপারে বারবার তাদের আগ্রহের কথা জানিয়েছে। সর্বশেষ এ ব্যাপারে আলোচনার আহ্বান জানিয়ে গত ১৭ নভেম্বর ভারতের কাছে চিঠি পাঠিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। কিন্তু কৌশলগত পর্যায়ের বাইরে আলোচনায় ভারত খুবই কম আগ্রহ দেখিয়েছে। এতে দক্ষিণ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ পানি চুক্তিকে মেয়াদোত্তীর্ণ হওয়ার মতো ভুলের সুযোগ দিচ্ছে নয়াদিল্লি। দ্য ওয়্যারে প্রকাশিত এক মতামত প্রতিবেদনে গবেষক অশোক সুয়াইন এসব কথা তুলে ধরেছেন। তিনি প্রচলিত ধারণার বিপরীতে বলেন, এই চুক্তি না হলে বাংলাদেশের থেকে ভারতের বেশি ক্ষতি হবে।

অন্যদিকে ২০২২ সালে প্রকাশিত এক গবেষণায় উঠে আসে গঙ্গা-ব্রহ্মপুত্র-মেঘনা (জিবিএম) অববাহিকার দেশগুলোর মধ্যে অভিন্ন নদীর পানি ব্যবস্থাপনায় সহযোগিতার অভাবে প্রতি বছর ১৪ দশমিক দুই বিলিয়ন মার্কিন ডলারের বেশি আর্থিক ক্ষতি হচ্ছে। আন্তর্জাতিক সংস্থা অক্সফাম ইন্টারন্যাশনালে ‘গঙ্গা-ব্রহ্মপুত্র-মেঘনা অববাহিকায় সহযোগিতার অভাবে অর্থনৈতিক ক্ষয়ক্ষতি পর্যালোচনা’ শীর্ষক গবেষণা প্রতিবেদনটি প্রকাশিত হয়। সুইডেনের উপসালা বিশ্ববিদ্যালয়ের ইউনেসকো চেয়ার অন ইন্টারন্যাশনাল ওয়াটার কো-অপারেশনের অধীনে অধ্যাপক অশোক সুয়াইন ও সাজিদ করিম গবেষণাটি পরিচালনা করেন


গবেষণায় এই অঞ্চলে সহযোগিতার অভাবে বিপুল অর্থনৈতিক ক্ষতির বিষয়টি তুলে ধরার পাশাপাশি অভিন্ন নদীর পানি ও সংশ্লিষ্ট প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু এবং টেকসই ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট সব পক্ষের জরুরি উদ্যোগের প্রয়োজনীয়তাও উঠে আসে।

ওয়্যারের প্রতিবেদনে বলা হয়, ভাটির দেশ হিসেবে চুক্তিটি অবশ্যই বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। উজান থেকে ভারতের পানি প্রত্যাহারের কারণে বাংলাদেশ ঝুঁকিতে থাকে। বিশেষ করে শুষ্ক মৌসুমে এই ঝুঁকি বেশি, যখন গঙ্গার পানির ওপর কৃষি, মৎস্য, নৌ চলাচল ও ভঙ্গুর বাস্তুতন্ত্র নির্ভর করে।

চুক্তিটি নবায়ন হলেও বাংলাদেশ যে বেশি পরিমাণে পানি পাবে, তা নিশ্চিত নয়। উজানে পানি প্রত্যাহার, ক্রমবর্ধমান চাহিদা এবং জলবায়ু পরিবর্তনের কারণে নদীটির পানিপ্রবাহের স্বাভাবিক ধরন বদলে গেছে।

অন্যদিকে ভারত চুক্তি না করে কিছু অতিরিক্ত পানি নিজের কাছে রেখে যে সুবিধা পেতে পারে, তার চেয়ে মূল্যবান কিছু হারানোর ঝুঁকিতে পড়বে। সেগুলো হলো সহযোগিতার মাধ্যমে পাওয়া অর্থনৈতিক, কূটনৈতিক ও কৌশলগত সুবিধা।

ওই গবেষণায় বলা হয়, জিবিএম অববাহিকার পাঁচটি দেশ—বাংলাদেশ, ভুটান, চীন, ভারত ও নেপাল। এসব দেশ নদী ও বনভূমির মতো সমৃদ্ধ প্রাকৃতিক সম্পদের অধিকারী, যার বিস্তৃতি কোনো একটি দেশের রাজনৈতিক সীমানায় সীমাবদ্ধ নয়। অঞ্চলটি বিশ্বের অন্যতম পানিসংকটাপন্ন এলাকা। জলবায়ু পরিবর্তনের প্রভাব এ অঞ্চলের পানি, খাদ্য ও জ্বালানি নিরাপত্তার সংকট আরো বাড়িয়ে তুলছে। এসব সংকটের অধিকাংশ কারণ ও প্রভাবই আন্তঃসীমান্ত প্রকৃতির।

উপসালা বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক হিসাব অনুযায়ী, অভিন্ন নদীর পানি ব্যবস্থাপনায় সহযোগিতার অভাবে এই দেশগুলো প্রতি বছর ১৪ দশমিক দুই বিলিয়ন মার্কিন ডলারের বেশি অর্থনৈতিক ক্ষতির মুখে পড়ছে। তবে গবেষণায় সহযোগিতার অভাবে সৃষ্ট অর্থনৈতিক ক্ষতির বাইরে সামাজিক ও সাংস্কৃতিক খাতে এর যে ব্যাপক প্রভাব রয়েছে, তা উল্লেখ করা হয়নি।

অধ্যাপক অশোকের নেতৃত্বে গবেষক দলটি সহযোগিতার অভাবে সৃষ্ট কয়েক ধরনের ক্ষতি চিহ্নিত করেছেন। এর মধ্যে রয়েছে—নদীর স্বাভাবিক প্রবাহব্যবস্থা ও পানির প্রাপ্যতার ওপর বিরূপ প্রভাব; পানির গুণগত মানের অবনতি এবং সংশ্লিষ্ট স্বাস্থ্যঝুঁকি। নৌপথে যোগাযোগব্যবস্থার অভাবে পরিবহন ব্যয় বৃদ্ধি এবং কৃষির উৎপাদন কমে যাওয়া। এছাড়া মৎস্যসম্পদ কমে যাওয়া; পরিবেশের ওপর বাড়তি চাপ ও প্রতিবেশ ব্যবস্থার অবক্ষয়; জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব ও জলবিদ্যুতের সম্ভাবনাকে কাজে লাগাতে না পারা। একই সঙ্গে জ্বালানির দাম বৃদ্ধি ও জ্বালানি নিরাপত্তাহীনতা এবং প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানি ও মানুষের জীবন-জীবিকার ক্ষতির বিষয়টিও গবেষণায় ওঠে আসে।

১৯৯৬ সালের চুক্তি

দক্ষিণ এশিয়ার পানিকূটনীতিতে ১৯৯৬ সালের চুক্তি ছিল উল্লেখযোগ্য অর্জন। এই চুক্তির মাধ্যমে ভারতের ফারাক্কা বাঁধ নিয়ে বছরের পর বছর ধরে চলা বিরোধের অবসান ঘটে। কলকাতা বন্দরের নাব্যতা বজায় রাখতে হুগলি নদীর দিকে পানি সরিয়ে নেওয়ার উদ্দেশ্যে ফারাক্কা বাঁধ নির্মাণ করা হয়েছিল। বাংলাদেশ দীর্ঘদিন ধরে প্রতিবাদ করে আসছিল যে এভাবে পানি সরিয়ে নেওয়ার কারণে ভাটির অঞ্চলে পরিবেশগত ও অর্থনৈতিকভাবে মারাত্মক ক্ষতি হচ্ছে।

১৯৯৬ সালে স্বাক্ষরিত চুক্তিটিতে একটি স্বতন্ত্র উদ্ভাবনী কৌশল ছিল। সে সময়ের নদীপ্রবাহ নিয়ে মতপার্থক্যকে আলোচনা ভেস্তে দেওয়ার সুযোগ না দিয়ে দুই সরকার ১৯৪৯ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত পানিপ্রবাহের ঐতিহাসিক তথ্যের ভিত্তিতে একটি বণ্টনসূত্র মেনে নেয়।

ফারাক্কা চুক্তি প্রমাণ করেছিল, পানিপ্রবাহের সব অনিশ্চয়তা দূর না করেও সহযোগিতা সম্ভব। তবে চুক্তিতে নির্দিষ্ট সময় অন্তর পানি বণ্টনের ব্যবস্থা থাকলেও সব পরিস্থিতিতে বাংলাদেশের জন্য ন্যূনতম পানিপ্রবাহ নিশ্চিত করা হয়নি এবং পুরো অববাহিকাভিত্তিক ব্যবস্থাপনাও অন্তর্ভুক্ত ছিল না।

তিন দশক পর উজানে সেচ, শিল্প ও পানি প্রত্যাহার বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে গঙ্গার পানিপ্রবাহ আরো অনিশ্চিত হয়ে পড়েছে। ফলে নতুন চুক্তি হলেও বাংলাদেশ যে উল্লেখযোগ্য পরিমাণে বেশি পানি পাবে, তার নিশ্চয়তা নেই।

ভারতের জন্য ঝুঁকি

পর্যাপ্ত সহযোগিতার অভাবে জিবিএম দেশগুলো সম্মিলিতভাবে যে অর্থনৈতিক ক্ষতির মুখে ভারতও তার অন্তর্ভুক্ত। ফলে অভিন্ন নদীকে জাতীয় নিয়ন্ত্রণের হাতিয়ার না বানিয়ে যৌথ উন্নয়নের সম্পদ হিসেবে ব্যবহার করলে জলবিদ্যুৎ, কৃষি, বন্যা ব্যবস্থাপনা, নৌ চলাচল, পরিবেশ সংরক্ষণ ও আঞ্চলিক বাণিজ্যে বিপুল সম্ভাবনা তৈরি হতে পারে। বাংলাদেশের নৌপথ, বন্দর ও পরিবহন নেটওয়ার্ক ভারতের পূর্ব এবং উত্তর-পূর্বাঞ্চলের জন্যও গুরুত্বপূর্ণ।

সমন্বিত নদী ব্যবস্থাপনা বন্যার ক্ষতি কমানো, শুষ্ক মৌসুমে পানির প্রাপ্যতা নিশ্চিত করা এবং যৌথ বিনিয়োগের সুযোগ বাড়াতে পারে। জলবায়ু পরিবর্তনে পানিপ্রবাহের অনিশ্চয়তা বাড়ায় একতরফা নদী ব্যবস্থাপনার ব্যয়ও বাড়ছে। তাই আঞ্চলিক সহযোগিতায় নেতৃত্ব দেওয়া ভারতের অর্থনৈতিক স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ফারাক্কা চুক্তির মেয়াদ শেষ হতে দেওয়া হলে সহযোগিতার পরিবর্তে বিপরীত বার্তা যাবে।

রাজনৈতিক পরিণতি

২০২৪ সালের আগস্টে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারত-বাংলাদেশ সম্পর্কে ব্যাপক অবনতি ঘটে। ভারতে হাসিনার অবস্থান, সংখ্যালঘু ও অভিবাসন ইস্যু, বাণিজ্য বিধিনিষেধ এবং পারস্পরিক অবিশ্বাস দুই দেশের সম্পর্কে চাপ তৈরি করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বৈদেশিক সম্পর্কের পরিসর বাড়ানোর চেষ্টা করছে, যা নিয়ে ভারতের অস্বস্তি রয়েছে বলে মনে হচ্ছে।

এ পরিস্থিতিতে গঙ্গা চুক্তির নবায়ন রাজনৈতিক মতপার্থক্য সত্ত্বেও ভারত জরুরি পানি সহযোগিতা অব্যাহত রাখতে পারে কি না তা পরীক্ষা করবে। চুক্তির মেয়াদ শেষ হলে বাংলাদেশ এ ব্যাপারে আন্তর্জাতিক সমর্থন চাইতে পারে। এতে দুই দেশের কূটনৈতিক দূরত্ব আরো বাড়ার আশঙ্কা রয়েছে।

এদিকে তিব্বতের ইয়ারলুং সাংপো নদীতে চীনের বৃহৎ জলবিদ্যুৎ প্রকল্প নিয়ে ভারত ও বাংলাদেশ উভয়েরই পানিপ্রবাহ, পলি ও পরিবেশগত প্রভাবের উদ্বেগ রয়েছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশের ভাটির দিকের উদ্বেগ উপেক্ষা করে চীনের কাছে দায়িত্বশীল আচরণ দাবি করা ভারতের জন্য কূটনৈতিকভাবে কঠিন হতে পারে।

ভারতের আন্তর্জাতিক অবস্থানে আঘাত

পহেলগামে সন্ত্রাসী হামলার পর ২০২৫ সালের এপ্রিল থেকে পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানিচুক্তি স্থগিত রেখেছে ভারত। নিরাপত্তার যুক্তি থাকলেও দীর্ঘদিনের বৈরিতার মধ্যেও টিকে থাকা এ চুক্তি অকার্যকর করায় আন্তর্জাতিক পানি সহযোগিতায় ভারতের অঙ্গীকার নিয়ে প্রশ্ন উঠেছে। একইভাবে বিকল্প ব্যবস্থা ছাড়া গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হলে ভারতের আন্তর্জাতিক বিশ্বাসযোগ্যতা ও দায়িত্বশীল নেতৃত্বের ভাবমূর্তি আরো ক্ষতিগ্রস্ত হতে পারে।

অন্যদিকে, পশ্চিমবঙ্গের হুগলি নদী ও কলকাতা বন্দরের পানির চাহিদা এবং বিহারের পলি জমার উদ্বেগও বিবেচনায় নিতে হবে। তবে এসব অভ্যন্তরীণ জটিলতা বাংলাদেশ-ভারত আলোচনায় অচলাবস্থার কারণ হতে পারে না।

নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ চুক্তি সম্ভব না হলে আলোচনা চলাকালে যৌথ পর্যবেক্ষণ ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা বজায় রেখে বর্তমান চুক্তির মেয়াদ সাময়িকভাবে বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে।

গবেষকের মতে, ১৯৯৬ সালের চুক্তি রাজনৈতিক সদিচ্ছার মাধ্যমে ভৌগোলিক বৈষম্য মোকাবিলার দৃষ্টান্ত তৈরি করেছিল। ৩০ বছর পর সহযোগিতার জন্য দুই দেশের কাছেই আরো উন্নত বৈজ্ঞানিক জ্ঞান এবং বড় অর্থনৈতিক প্রণোদনা রয়েছে। যার অভাব, তা হলো রাজনৈতিক সদিচ্ছা—বিশেষত ভারতের ক্ষেত্রে।

বাংলাদেশের স্বার্থ নিঃসন্দেহে এ ক্ষেত্রে ব্যাপকভাবে জড়িত। তবে ভারতের সম্ভাব্য ক্ষতি শুধু পানির মধ্যেই সীমাবদ্ধ নয়। চুক্তি না হলে দেশটি বিপুল অর্থনৈতিক সুযোগ হারাতে পারে, বাংলাদেশের সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে, আঞ্চলিক প্রভাব দুর্বল হতে পারে এবং আন্তর্জাতিক অঙ্গনে বিশ্বাসযোগ্যতা কমতে পারে।


নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ