ডিসেম্বরের মধ্যেই চূড়ান্ত হচ্ছে কক্সবাজারের ট্যুরিজম মাস্টারপ্ল্যান: স্বরাষ্ট্রমন্ত্রী
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৯-১১-২০২৬ ০৪:৩৭:২৬ অপরাহ্ন
আপডেট সময় :
২৯-১১-২০২৬ ০৪:৩৭:২৬ অপরাহ্ন
কক্সবাজার জেলার পর্যটন খাতের টেকসই বিকাশ, পরিবেশ সংরক্ষণ এবং সমন্বিত উন্নয়ন নিশ্চিত করতে আগামী ডিসেম্বরের মধ্যেই ট্যুরিজম মাস্টারপ্ল্যান চূড়ান্ত করে জমা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। নতুন এ মহাপরিকল্পনার আওতায় কক্সবাজারের উপকূলীয় এলাকার উন্নয়ন, পরিবেশগত সংকটাপন্ন অঞ্চলের সীমানা পুনর্নির্ধারণ এবং পর্যটন অবকাঠামো নির্মাণের বিষয়গুলো সমন্বিতভাবে বিবেচনা করা হচ্ছে।
রোববার (২৯ নভেম্বর) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে অর্থ বিভাগের সম্মেলনকক্ষে ‘কক্সবাজারের পর্যটন খাতসহ কক্সবাজার জেলার ভবিষ্যৎ সমন্বিত উন্নয়ন কর্মপরিকল্পনা পর্যালোচনা’ সংক্রান্ত উচ্চপর্যায়ের তৃতীয় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) উদ্যোগে এবং বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তাদের কারিগরি সহায়তায় ট্যুরিজম মাস্টারপ্ল্যান প্রণয়নের কাজ এগিয়ে চলছে। সভায় আগের বৈঠকের সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি কক্সবাজারের সামগ্রিক উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীবর্গ, কক্সবাজারের সংসদ সদস্যরা, বিভিন্ন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও সচিব এবং সংশ্লিষ্ট সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কক্সবাজারের চকরিয়া, পেকুয়া, কুতুবদিয়া, মহেশখালী, উখিয়া, রামু ও টেকনাফসহ পুরো উপকূলীয় অঞ্চলে পরিবেশের ভারসাম্য বজায় রেখে কীভাবে টেকসই পর্যটনশিল্পের বিকাশ ঘটানো যায়, তা নিয়ে সভায় বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত হয়েছে।
পরিবেশ সংরক্ষণ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অতীতে যথাযথ জরিপ ছাড়াই কিছু এলাকাকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (Ecologically Critical Area-ECA) হিসেবে ঘোষণা করা হয়েছিল। এ বিষয়ে পরিবেশ আইনের সংশ্লিষ্ট ধারায় প্রয়োজনীয় সংশোধন এনে এবং হাইকোর্টের রায়ের নির্দেশনার সঙ্গে সামঞ্জস্য রেখে পুনর্বিবেচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি জানান, জেলা প্রশাসনের নেতৃত্বে পরিবেশ মন্ত্রণালয়ের বিদ্যমান তথ্য-উপাত্ত যাচাই-বাছাই করে আগামী কয়েক দিনের মধ্যে একটি বিস্তারিত সারসংক্ষেপ জমা দেওয়া হবে। ওই সারসংক্ষেপের ভিত্তিতে সংশ্লিষ্ট এলাকাগুলোর সীমানা পুনর্নির্ধারণ করা হবে।
মন্ত্রী বলেন, সমুদ্রতীর থেকে পৌর এলাকার মধ্যে ৩০০ মিটার এবং পৌর এলাকার বাইরে ৫০০ মিটার পর্যন্ত কোনো স্থাপনা নির্মাণ করা যাবে না- গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের এমন পূর্ববর্তী প্রজ্ঞাপন বা গেজেট বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর কারণ হিসেবে তিনি বলেন, নতুন ট্যুরিজম মাস্টারপ্ল্যানে সব বিষয় সমন্বিতভাবে অন্তর্ভুক্ত করা হচ্ছে। মাস্টারপ্ল্যান অনুমোদিত হওয়ার পর সেটি অনুসরণ করেই সব উন্নয়ন কার্যক্রম পরিচালিত হবে।
যদিও প্রবাল দ্বীপ সেন্টমার্টিন ও সোনাদিয়াকে ইসিএ হিসেবে মাস্টারপ্ল্যানে অন্তর্ভুক্ত করে সেখানে নতুন করে কোনো ধরনের স্থাপনা বা অবকাঠামো নির্মাণ সম্পূর্ণ নিষিদ্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। দ্বীপ দুটিতে পরিবেশের কোনো ক্ষতি না করে শুধু ইকো-ট্যুরিজম বা পরিবেশবান্ধব পার্ক গড়ে তোলার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। বিদ্যমান স্থাপনাগুলোর বিষয়ে মাস্টারপ্ল্যান চূড়ান্ত হওয়ার পর যৌক্তিক সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।
মহেশখালীতে চলমান মেগা প্রকল্পগুলোর বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মহেশখালী ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অথরিটির (মিডা) অধীনে সেখানে পাওয়ার হাব, টার্মিনালসহ বড় ধরনের অর্থনৈতিক অবকাঠামো গড়ে উঠছে। এসব প্রকল্প দেশের অর্থনীতি ও বিনিয়োগের অন্যতম চালিকাশক্তি হবে।
তিনি বলেন, উন্নয়ন কার্যক্রমে যেন কোনো ধরনের দ্বৈততা বা ওভারল্যাপিং তৈরি না হয়, সে জন্য মিডার সঙ্গে নিবিড় সমন্বয় রেখেই কক্সবাজারের ট্যুরিজম মাস্টারপ্ল্যান চূড়ান্ত করা হচ্ছে। এর ফলে দেশি-বিদেশি বিনিয়োগ বাড়বে এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আরও বেশি পর্যটক কক্সবাজারে আকৃষ্ট হবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। এ নিয়ে জনগণের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।
পদ্মা সেতু সংলগ্ন জাজিরার নাওডোবা এলাকার সংঘর্ষের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, স্থানীয়দের মধ্যে পদ্মা সেতুর এদিক-ওদিক থেকে গিয়ে আন্তঃকলহ বা অন্তর্দ্বন্দ্বের জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুজনের প্রাণহানি হয়েছে। বিষয়টি বর্তমানে তদন্তাধীন।
মন্ত্রী আরও জানান, বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত ধৈর্য ও কৌশলের সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি সম্পূর্ণ শান্ত রয়েছে।
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নিরাপত্তা জোরদার প্রসঙ্গে তিনি বলেন, এটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত কার্যক্রমের অংশ। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বাহিনীগুলো সব সময় সতর্ক অবস্থানে রয়েছে।
এছাড়া কথিত লকডাউনকে কেন্দ্র করে সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা সরকারের নেই বলেও স্পষ্ট করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স