দেশের কল্যাণে নিবেদিত হোক এই প্রত্যাবর্তন: মিজানুর রহমান আজহারী
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৫-১২-২০২৫ ০৩:১৭:২৯ অপরাহ্ন
আপডেট সময় :
২৫-১২-২০২৫ ০৩:১৭:২৯ অপরাহ্ন
মিজানুর রহমান আজহারী
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন দেশের কল্যাণে নিবেদিত হোক এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন জনপ্রিয় ইসলামিক স্কলার মিজানুর রহমান আজহারী।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) তারেক রহমানের দেশে ফেরাকে স্বাগত জানিয়ে ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে তিনি লেখেন, ‘সুদীর্ঘ ১৮ বছর পর জনাব তারেক রহমান স্বপরিবারে দেশে ফিরেছেন। প্রিয় জন্মভূমিতে আপনাকে সুস্বাগতম। দেশের কল্যাণে নিবেদিত হোক আপনার এই প্রত্যাবর্তন। মসৃণ হোক আপনার আগামীর পথচলা।’
এর আগে এ দিন সকাল ৯টা ৫৭ মিনিটে তারেক রহমানকে বহনকারী বিমানটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে যাত্রাবিরতির পর তারেক রহমানকে বহনকারী বিমান বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মাটি স্পর্শ করে। বিমানবন্দরে তারেক রহমানকে স্বাগত জানান দলের জ্যেষ্ঠ নেতারা। এ সময় তিনি নেতাদের সঙ্গে কোলাকুলি ও কুশলবিনিময় করেন এবং উপস্থিত সবার উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান।
এরপর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লাল-সবুজ বাসে করে ৩০০ ফিট এলাকার গণসংবর্ধনা মঞ্চের উদ্দেশ্যে রওয়ানা করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
এদিকে তারেক রহমানের আগমন উপলক্ষে বিমানবন্দর থেকে ৩০০ ফিট পর্যন্ত সড়কের দুপাশে জড়ো হয়েছেন অগণিত নেতাকর্মী। তারেক রহমানও বাসের সামনে ও পাশে দাঁড়িয়ে হাত নেড়ে দলের নেতাকর্মী ও সর্বসাধারণের উদ্দেশে শুভেচ্ছা জানাচ্ছেন।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স