​শেরপুর-২ আসন

দ্বৈত নাগরিকত্বের কারণে বিএনপি প্রার্থীর মনোনয়ন স্থগিত..

আপলোড সময় : ০৩-০১-২০২৬ ০২:৫০:৫৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০১-২০২৬ ০২:৫০:৫৮ অপরাহ্ন


শেরপুর-২ (নকলা–নালিতাবাড়ী) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরীর মনোনয়নপত্র আপাতত স্থগিত করেছে নির্বাচন কর্তৃপক্ষ। দ্বৈত নাগরিকত্ব থাকার বিষয়টি উঠে আসায় নির্বাচন আইন অনুযায়ী তার প্রার্থিতা স্থগিতের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) সকালে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র ও হলফনামা যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত জানানো হয়।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা গেছে, যাচাই-বাছাইয়ের সময় ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরীর দ্বৈত নাগরিকত্বের বিষয়টি সামনে আসে। তিনি অস্ট্রেলিয়ার নাগরিকত্ব ত্যাগের জন্য আবেদন করলেও এ সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্তের কোনো প্রমাণপত্র জমা দিতে পারেননি।

সংবিধান ও নির্বাচন আইন অনুযায়ী দ্বৈত নাগরিকত্ব বহাল রেখে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না থাকায় তার মনোনয়নপত্র স্থগিত করা হয়। এ বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করে বিকেলে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে বলে জানান জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তরফদার মাহমুদুর রহমান।

এ বিষয়ে ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী বলেন, বিএনপি থেকে চূড়ান্তভাবে মনোনয়ন পাওয়ার পরই তিনি অস্ট্রেলিয়ার নাগরিকত্ব বাতিলের জন্য আবেদন করেছেন। বড়দিন ও নতুন বছরের ছুটির কারণে আবেদন প্রক্রিয়ায় সময় লাগছে। তিনি নাগরিকত্ব বাতিলের আবেদনপত্র ও নির্ধারিত ফি জমার কাগজপত্র মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করেছেন বলেও জানান।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তরফদার মাহমুদুর রহমান বলেন, শেরপুর-২ আসনে ২৯ ডিসেম্বর মোট পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এর মধ্যে দুইজনের মনোনয়নপত্র বাতিল হয়েছে এবং ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরীর মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে। নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে বিকেলে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।


সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com