বিসিএসের প্রশ্নফাঁস কাণ্ডে আলোচিত সরকারি কর্মকমিশনের (পিএসসি) সাবেক চেয়ারম্যানের গাড়িচালক সৈয়দ আবেদ আলীর ‘সহযোগী’ জাকারিয়া রহমান জিকুর বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। আজ রবিবার (৪ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
দুর্নীতি দমন কমিশন-দুদকের পক্ষে সংস্থার সহকারী পরিচালক আল-আমিন আবেদনটি করেন। আবেদনে বলা হয়, জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগে আবেদ আলীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। তদন্তকালে আবেদ আলীর সঙ্গে বিভিন্ন ব্যক্তির অস্বাভাবিক ও সন্দেহজনক ব্যাংকিং লেনদেনের তথ্য পাওয়া যায়। তাদের মধ্যে জাকারিয়া একজন। বিশ্বস্ত সূত্রে জানা যায়, তিনি একজন সরকারি কর্মকর্তা হিসেবে সংঘবদ্ধ প্রশ্নফাঁস চক্রের সঙ্গে জড়িত। তিনি দেশ থেকে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এ অবস্থায় তার বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ একান্ত জরুরি।
২০২৪ সালের ৮ জুলাই আবেদ আলীকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন। ৫ জানুয়ারি দুদক আবেদ আলী জীবনের বিরুদ্ধে জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারা তৎসহ মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও (৩) ধারায় মামলা দায়ের করে। সেখানে পাঁচ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জন ও প্রায় ৪৫ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগ আনা হয়েছে।