জামায়াতে ইসলামীসহ ১১ দলের সঙ্গে নির্বাচনী সমঝোতায় যুক্ত হওয়াকে কেন্দ্র করে দল থেকে পদত্যাগকারী নেতাদের ফেরানোর চেষ্টা করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তখন ১১ দিনে অন্তত ১৬ জন নেতা পদত্যাগ করেছিলেন। তবে কারও পদত্যাগপত্র গ্রহণ করা হয়নি। এনসিপির শীর্ষ নেতৃত্ব আশা করছেন, পদত্যাগকারীরা দলে ফিরবেন।
জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন নির্বাচনী মোর্চায় এনসিপির যুক্ত হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা আসে গত ২৮ ডিসেম্বর। এর আগের দিন সন্ধ্যায় জামায়াতের সঙ্গে জোটবদ্ধ না হওয়ার অনুরোধ করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে স্মারকলিপি দেন ৩০ নেতা। একই দিন সন্ধ্যায় এনসিপি থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা। তিনি দলটির নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদেরও সদস্য ছিলেন।
পদত্যাগকারীদের মধ্যে শুধু তাসনিম জারা দলের বাইরে গিয়ে নির্বাচন করছেন। অবশ্য ঢাকা-৯ আসনের এই স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। এর বিরুদ্ধে তিনি আপিল করেছেন।