মোঃ লিখন ইসলাম (নীলফামারী প্রতিনিধি)নীলফামারীর
ডিমলা উপজেলায় দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় সাংবাদিক সংস্থা। সংগঠনটি এ ঘটনাকে স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি হিসেবে উল্লেখ করেছে।
সংস্থার বিবৃতিতে জানানো হয়, দৈনিক কালের কণ্ঠের ডিমলা উপজেলা প্রতিনিধি কামরুজ্জামান মুথা (জামান) এবং ও দৈনিক নয়া দিগন্ত পত্রিকার ডিমলা উপজেলা প্রতিনিধি মো. রেজোয়ান ইসলাম গতকাল ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়নের একটি এলাকায় সংবাদ সংগ্রহে গেলে পরিকল্পিত হামলার শিকার হন। এ ঘটনায় উভয় সাংবাদিক আহত হন এবং বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।
জাতীয় সাংবাদিক সংস্থা জানায়, সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর এ ধরনের বর্বর হামলা গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা ও স্বাধীন সাংবাদিকতার চরম অবমাননা। এটি অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক।
বিবৃতিতে আরও বলা হয়, হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানানো হয়েছে।
জাতীয় সাংবাদিক সংস্থার ডিমলা উপজেলা শাখার পক্ষ থেকে বলা হয়, সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অবিলম্বে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।
সংস্থার দপ্তর সম্পাদক মো. ইমরান ইসলাম এক বিবৃতিতে আহত সাংবাদিকদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং সাংবাদিক সমাজের ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান জানান।