গণঅধিকার পরিষদের সভাপতি নুরকে শোকজ

আপলোড সময় : ৩১-০১-২০২৬ ০১:৫২:৩৩ অপরাহ্ন , আপডেট সময় : ৩১-০১-২০২৬ ০১:৫২:৩৩ অপরাহ্ন


নির্বাচনপূর্ব আচরণবিধি লঙ্ঘন ও নির্বাচনি অপরাধের অভিযোগে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের বিএনপি সমর্থিত প্রার্থী ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে শোকজ (কারণ দর্শানোর নোটিশ) করা হয়েছে। 


বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বরিশালের নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির সিভিল জজ সাব্বির মো. খালিদ এ নোটিশ জারি করেন। 

নোটিশ সূত্রে জানা যায়, অ্যাডভোকেট এনামুল হক কর্তৃক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার, দশমিনা বরাবর দাখিলকৃত অভিযোগের ভিত্তিতে এ নোটিশ প্রদান করা হয়। অভিযোগটি সহকারী রিটার্নিং অফিসারের মাধ্যমে বিচারিক কমিটির কাছে পৌঁছায়।

অভিযোগে বলা হয়, গত ২৭ জানুয়ারি অ্যাডভোকেট এনামুল হক নুরুল হক নুরের বিরুদ্ধে অভিযোগ আনেন যে, তিনি নির্বাচনি প্রচারণাকালে স্বতন্ত্র প্রার্থী মো. হাসান মামুন সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিতভাবে মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করে আসছেন- যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালার স্পষ্ট লঙ্ঘন।  


এছাড়াও অভিযোগে উল্লেখ করা হয়, গত ২৬ জানুয়ারি রাত আনুমানিক ৮টার দিকে পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার পাগলা বাজার সেন্টার, চরবোরহান এলাকায় অবস্থিত স্বতন্ত্র প্রার্থী মো. হাসান মামুনের নির্বাচনি অফিসে নুরুল হক নুরের কর্মী-সমর্থকরা ভাঙচুর চালায়। এ সময় স্বতন্ত্র প্রার্থীর কয়েকজন কর্মী-সমর্থক আহত হন বলেও অভিযোগ করা হয়, যা আচরণবিধিমালার ৬ (ক) ধারার পরিপন্থি।  

নোটিশে আরও বলা হয়, উল্লিখিত অভিযোগের বিষয়ে কেন নুরুল হক নুরের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে নির্বাচন কমিশনে প্রতিবেদন পাঠানো হবে না—তা ব্যাখ্যা করার জন্য তাকে আগামী মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় পটুয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সশরীরে উপস্থিত হয়ে অথবা উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।  

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com